যৌতুকের বলি হয়েই চলেছেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক একটি সমস্যা যৌতুকের কারণে সবচেয়ে বেশি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে যৌতুকের কারণে ৩৯২ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এ সংখ্যা ২০১৪ সালের তুলনায় ২৮ শতাংশ বেশি। এর মধ্যে হত্যা করা হয়েছে ১৯২ জনকে। আর নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ১৮ জন। ২০১৪ সালে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩০৭ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নেহাল করিম বলেন, ‘সমাজে যৌতুকের লেনদেন আগেও ছিল। এখনো আছে। তবে আগের তুলনায় যৌতুক বেড়ে যাওয়ার কারণ হলো মানুষের যেমন আয় বেড়েছে, তেমনি চাহিদাও বেড়েছে। এককথায় বিনাশ্রমে মেয়ের কাছ থেকে যতটুকু উশুল করে নেওয়া যায়। আর দিন দিন আমাদের মানসিকতা নিচের দিকে যাচ্ছে, আমরা সংকীর্ণমনা হয়ে পড়ছি। যার মধ্যে আত্মসম্মানবোধ আছে, তিনি কখনো যৌতুক দাবি করবেন না বা নেবেন না।

যৌতুক আদায় করতে স্বামীরা নানা উপায় অবলম্বন করছেন। কেউ স্ত্রীকে শারীরিক নির্যাতন করছেন, কেউবা করছেন মানসিক নির্যাতন। আর না পেলেই তাঁকে মেরে ফেলা হচ্ছে। রংপুরের পীরগাছায় গৃহবধূ তহমিনা খাতুনের (৩২) গায়ে জ্বলন্ত কুপি ছুড়ে মারেন স্বামী ও শাশুড়ি। এতে তাঁর গায়ে আগুন ধরে শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। বিয়ের ১৩ বছর পর এই ঘটনা ঘটে। এর আগে তাঁকে মেরে হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল। চড়-থাপ্পড়ে একটি কানও ক্ষতিগ্রস্ত হয়। তবু দুই মেয়ের কথা ভেবে সংসার করে যাচ্ছেন তিনি। (সূত্র: ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ প্রথম আলো)

বেসরকারি সংস্থা বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত শুধু যৌতুকের কারণে ১ হাজার ২৪৩ জন নারীকে স্বামী ও তাঁর স্বজনেরা হত্যা করেছে। একই সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ১ হাজার ৩৪ জন নারী।

বিশিষ্টজনদের মতে, সরকার যৌতুক নিরোধের আইন করলেও যৌতুক দেওয়া-নেওয়া, একটা স্বাভাবিক রীতি হিসেবে এখনো পরিচিত। যৌতুক যেন একটি সামাজিক ‘স্ট্যাটাস’। বিয়েতে মেয়ের বাড়ি থেকে ছেলেকে ‘কী’ দিল, এটা একটা অন্যতম আলোচনার বিষয়। আর ধনী-গরিবনির্বিশেষেই হচ্ছে। একটি পোশাক কারখানার কর্মীর বিয়েতেও যেমন যৌতুক দিতে হয়, তেমনি একজন চিকিৎসক পাত্রীকেও দিতে হচ্ছে। আর মেয়ের অভিভাবকেরা ‘সুপাত্র’ হাতছাড়া হওয়ার ভয়ে মেনেও নিচ্ছেন। এই সুযোগে ছেলেপক্ষ যত বেশি যৌতুক আদায় করতে পারে, ততই লাভ।

তাঁরা আরেকটি বিষয় উল্লেখ করেন, এখন একটি বিয়েকে কেন্দ্র করেই ছয়-সাতটি অনুষ্ঠান হয়। আবার এর বেশির ভাগ খরচ মেয়ের পরিবারকেই বহন করতে হয়। এটাকে তাঁরা মেয়ের পরিবারের প্রতি ‘অর্থনৈতিক শোষণ’ বলছেন।

যৌতুককে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘যৌতুক বাড়ার মূল কারণ নারীদের প্রতি পরিবার বা সমাজের দৃষ্টিভঙ্গি। আমরা শিক্ষায়, প্রযুক্তিতে আধুনিক হচ্ছি, কিন্তু মন-মানসিকতায় সেই বর্বর মধ্যযুগেই বাস করছি। না হয় এখনো যৌতুকপ্রথা কেন থাকবে! এটা এখনই বন্ধ করতে হবে।’ এ জন্য যে পরিবার যৌতুক দাবি করে বা নেয়, তাদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শ দেন তিনি।

আগের তুলনায় এখন যৌতুক নেওয়ার প্রবণতা বাড়ছে জানিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, যৌতুক নেওয়ার মানসিকতা বেড়েছে, কেবল পাল্টেছে ধরন। তিনি আরও বলেন, বহু বছর থেকেই যৌতুক নেওয়ার প্রবণতা আছে। এই কারণে এখন নারীর প্রতি নির্যাতনের মাত্রা অসহনীয় মাত্রায় বেড়েছে।