যৌতুকের ভয়াবহতা কমাতেই নতুন আইনের খসড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমা বেগম ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালে বেলাল মিয়াকে। গত বছরের ১৫ ডিসেম্বর সোমার জিহ্বা ও বাঁ পায়ের রগ কেটে দিয়েছেন তাঁর স্বামী বেলাল মিয়া। সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে ঘটে এ ঘটনা। বিয়ের তিন বছর পর বেলাল গোপনে আরেকটি বিয়ে করেন। অন্যদিকে, সোমার কাছে চাইতে থাকেন বিভিন্ন অঙ্কের টাকা। নির্যাতনের মাত্রা বাড়লে বছর খানেক আগে সোমা বড় ভাইয়ের বাড়ি চলে যান। কিন্তু কয়েকজন সহযোগী নিয়ে সেখানেও হানা দেন স্বামী। টাকা না পেয়ে একপর্যায়ে সহযোগীদের সহায়তায় বেলাল ওড়না দিয়ে সোমার মুখ বেঁধে চাকু দিয়ে জিবের অগ্রভাগ এবং পরে বাঁ পায়ের রগ কেটে দেন।
এই ঘটনার পর সোমার স্বামী আদালতে আত্মসমপর্ণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলাল মিয়াকে প্রধান আসামি করে সোমার পরিবারের পক্ষ থেকে ছয়জনের নামে জালালাবাদ থানায় মামলা করা হয়। ১৭ ডিসেম্বর বেলালের মা, মামাতো ভাই ও ভাগনেকে গ্রেপ্তার করে পুলিশ।
২৬ বছর বয়সী সোমার বড় ভাই হাফিজুর রহমান গতকাল ৬ ফেব্রুয়ারি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বোনের জিব কাটছে আধা ইঞ্চির মতন। এখন পর্যন্ত ওর কথা স্পষ্ট বোঝা যায় না। তাকে প্রতি সপ্তাহে নিতে হয় হাসপাতালে। বিভিন্ন ব্যাংকের কাছ থেকে বোনের নেওয়া ঋণের কিস্তির টাকার জন্য বাড়িতে মানুষ আসতাছে সমানে। কিন্তু এই কিস্তি শোধ করার কোনো পথ দেখতাছি না। বোনের শারীরিক যে অবস্থা, তাতে আবার কোনো কাজকাম করতে পারব বইল্যাও মনে হইতেছে না।’
পেশায় সিএনজি অটোরিকশাচালক হাফিজুর বলেন, মামলায় আপস করবেন না। তাঁর ভাষায় কার সঙ্গে আপস?
গত ৩০ জানুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৭’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। নতুন খসড়া অনুমোদনের আগ পর্যন্ত ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন বা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধন ২০০৩) যৌতুক ধারায় মামলা করত বেশির ভাগ ভুক্তভোগী ব্যক্তি ও তাঁর পরিবার।
নতুন আইনের খসড়া অনুযায়ী, যৌতুকের জন্য কোনো নারীকে মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা অন্যূন ১২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। মারাত্মক জখম করার শাস্তি হিসেবে আসামির কারাদণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্তের ক্ষতি বিবেচনায় অর্থদণ্ডসহ আমৃত্যু ভরণপোষণের বিধান রাখা হয়েছে। আর সাধারণ জখমের জন্য আসামির অনধিক তিন বছর কিন্তু কমপক্ষে এক বছর সশ্রম কারাদণ্ড এবং দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। যৌতুকের জন্য কোনো নারীকে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। এ আইনে মিথ্যা মামলা করলে তাতেও শাস্তির বিধান রাখা হয়েছে।
২০০৩ সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের কারণে মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ড বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয় ক্ষেত্রে ওই দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হওয়ার কথা উল্লেখ ছিল। তবে বর্তমানের আইনের খসড়া থেকে মৃত্যুদণ্ডের বিধান বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, শুধু নতুন একটি আইন করে ফেললেই হবে না, আইনটি বাস্তবায়নের পরিবেশও তৈরি করতে হবে। আদালতের পরিবেশ হতে হবে নারীবান্ধব। মামলা নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। মামলা পরিচালনার পেছনে যে অলিখিত খরচ, তা দূর করা উচিত। আইনটি বাস্তবায়নে আইন-সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অভিযোগ অন্য কিছুর, কিন্তু তাকে যৌতুক বলে মামলা করার যে প্রবণতা, তা থেকে বের হয়ে আসতে হবে।
২০১৫ সালে যৌতুক দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহানের ওপর নির্যাতন করার অভিযোগে মামলা হয়। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন নুসরাতের বাবা মো. নূরুল ইসলাম ভূঁইয়া।
মামলায় নুসরাতের স্বামী নাজির উদ্দিন, শ্বশুর ইদ্রিস আলী ও শাশুড়িকে আসামি করা হয়।
যৌতুকের টাকা আদায় করতে না পেরে স্ত্রীর যৌনাঙ্গে কাঠ ঢুকিয়ে দেওয়া, ব্লেড দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করা, স্ত্রীর মাথা ন্যাড়া করে দেওয়া, সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ বিভিন্ন নির্যাতনের কথা প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় প্রতিদিনই প্রকাশ পাচ্ছে। এসব প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন মাস ও বছর শেষে প্রতিবেদন তৈরি করছে।
১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, জানুয়ারি মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৩১ জন নারীর মধ্যে ১২ জনকেই হত্যা করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, আগের আইন ও অধ্যাদেশগুলো সমন্বয় করে নতুন আইনটি করা হচ্ছে। ১৯৮০ সালের আইনটি ইংরেজি ভাষায় প্রণয়ন করা হয়, এবার বাংলায় করা হচ্ছে।
নাছিমা বেগমের মতে, সরকার যৌতুকের ভয়াবহতা কমানোসহ বিভিন্ন দিক বিবেচনা করেই আইনটি যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। নতুন আইনটি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে যৌতুক নেওয়ার প্রবণতা ও ভয়াবহতা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।