যৌন সক্রিয় প্রতিটি নারীই জরায়ু ক্যানসারের ঝুঁকিতে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জরায়ুমুখ ক্যানসারের প্রধান মাধ্যম যৌন সংস্পর্শ। যৌন সক্রিয় প্রতিটি নারীই এই ঝুঁকির আওতাভুক্ত। একজন নারীর সহজাত শারীরিক প্রতিরোধক্ষমতা বা কনডমের ব্যবহার, কখনো সংক্রমণের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে না। তাই এ সংক্রমণ দুই থেকে ২০ বছর সময়ের মধ্যে ক্যানসারে রূপ নেওয়ার আশঙ্কা থেকে যায় এবং ১৫-৪৫ বছর বয়সের নারীদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। তবে আশার কথা হলো টিকার মাধ্যমে তা প্রাথমিকভাবে প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে গ্লাক্সো স্মিথক্লাইন কোম্পানি এ টিকা বাজারজাত করছে। এটা ১০ বছরের বেশি যেকোনো নারীর জন্য সমান তিন ডোজ হিসেবে প্রযোজ্য।’ ‘জরায়ুমুখ ক্যানসারের ভয়াবহতা এবং এর প্রতিরোধ’ শীর্ষক সভায় মূল প্রবন্ধে বিশিষ্ট চিকিৎক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ রওনক জাহান এ কথা বলেন। ১১ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে দামপাড়া পুলিশ ট্রেনিং স্কুলে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী দিলরুবা হাসান। বিশেষ অতিথি ছিলেন গ্লাক্সো স্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মো. শাহজালাল মিয়া। এতে তথ্য প্রকাশ করে বলা হয়—‘নারীর জরায়ুমুখে একটি মারাত্মক ক্ষতিকর টিউমারই হলো জরায়ুমুখ ক্যানসার। ঘাতক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এ রোগের প্রধান কারণ। রোগের লক্ষণগুলো হলো—অস্বাভাবিক রক্তপাত, পোস্ট মনোপজাল রক্তপাত, সহবাসের পর রক্তপাত, অস্বাভাবিক ভারী এবং কখনো কখনো দুর্গন্ধময় সাদা শ্রাব ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১২ হাজার ৯৩১ জন নারী নতুন করে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। প্রতিবছর প্রায় ছয় হাজার ৬০০ জন ক্যানসারে মৃত্যুবরণ করেন।এতে আরও উপস্থিত ছিলেন পুনাকের সহসভানেত্রী খাদিজা ইসলাম, কোষাধ্যক্ষ মারিয়া সুলতানা, চট্টগ্রাম পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দীন, মো. আমিনুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।