যৌনকর্মী অধিকার দিবস পালিত
‘সমাজে আমাদের কোনো ঠাঁই নেই। ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে পারি না। চিকিৎ সা পাই না ঠিকমতো। সব ধরনের সুযোগ-সুবিধা থেকেই আমরা বঞ্চিত। রাতের বেলায় প্রয়োজনে ব্যবহার করলেও দিনের আলোতে আমরাই সবচেয়ে ঘৃণিত। আমরাও তো মানুষ, সমাজের একটি অংশ। সমাজের সব বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে চাই।’বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে যৌনকর্মী পাকিজা (ছদ্মনাম) এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রিহ্যাবিলিটেশন সেন্টার ফর প্রস্টিটিউটস অ্যান্ড রুটলেস চিলড্রেন (পার্ক) আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চালাকালে পার্কের প্রধান নির্বাহী নজরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যৌনকর্মীরাও মানুষ। সামাজিক নানা অনাচারের ফলে প্রতারিত হয়ে এ পেশায় নিয়োজিত হতে বাধ্য হন তাঁরা। সমাজের অবহেলিত প্রান্তিক এ জনগোষ্ঠী পথে-প্রান্তরে যৌন নিপীড়ন, পুলিশি নির্যাতন, দালালদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত। তাঁদের অধিকার প্রতিষ্ঠায় ও পুনর্বাসনে জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা জরুরি।