সকালে কুয়াশা। দুধের পাতলা সরের মতো সেই কুয়াশার আড়াল থেকে সূর্যটাকে ঠাওর করা ছিল বড্ড কঠিন। তীব্র শীত আর কুয়াশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা-ওয়ালাদের ব্যবসাটা চাঙা হয়ে ওঠে। শিক্ষার্থীদের আদা-চায়ের চাহিদা মেটাতে মেটাতে গলদঘর্ম হয়ে ওঠেন বিক্রেতারা। বেলা বাড়তেই একসময় মিলিয়ে গেল ফিনফিনে কুয়াশা। মেঘের শরীর চিরে ধীরে ধীরে বের হয়ে এল সূর্যটা। তবে চায়ের চাহিদা কমল না। আলো বাড়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের পুরো ক্যাম্পাস। জমজমাট চারদিক। গত ১৯ জানুয়ারি থেকে এ অনুষদে শুরু হয়েছে মার্কেটিং কার্নিভাল।আনন্দময় এক পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভাবনা ও চেতনা জাগ্রত করা এবং সৃজনশীল নানা কাজের মাধ্যমে তাঁদের স্বপ্নগুলোর কথা তুলে ধরার এ এক দারুণ সুযোগ। সফল উদ্যোক্তা এবং করপোরেট ব্যক্তিত্বরা কার্নিভালের বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা এবং চলার পথে বাধা-বিপত্তির কথা তুলে ধরে সমৃদ্ধ ও অনেকটা পরিণত করে দিচ্ছেন তরুণ শিক্ষার্থীদের চিন্তা-চেতনার জায়গাগুলো। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। টানা সাত দিনের এ অনুষ্ঠান শেষ হয় গত ২৫ জানুয়ারি। বিজ্ঞাপন নির্মাণ, কেস কম্পিটিশন, বিতর্ক, রচনালিখন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ভরপুর ছিল অনুষ্ঠানটি।‘এ অনুষ্ঠান শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বদলাক। ভাবতে শেখাক নতুন করে। নিজ নিজ জায়গায় সফল হওয়ার সাহসটুকু দেওয়ার জন্যই এমন আয়োজন।’ বলছিলেন বিভাগীয় চেয়ারম্যান রাজিয়া বেগম। পুরো অনুষ্ঠানের দায়িত্বে আছেন বিভাগের শিক্ষক ইমরানা ইয়াসমীন।শিক্ষক আবুরেজা মোহাম্মদ মুজারেবা বলেন, ‘নতুন কিছু করার ভাবনা থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা এক হয়েছি আমরা আজ। কাজের মধ্য দিয়ে তৈরি হোক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভালো কিছু করুক তরুণেরা—এটাই আমাদের চাওয়া।’মার্কেটিং বিভাগের স্বেচ্ছাসেবীরা ব্যস্ত বড়। ছুটছেন এদিক-সেদিক। অনেককেই কাজ করতে হয়েছে রাত জেগে। দারুণ করে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। ‘কাজ করেও ক্লান্তি নেই আমাদের। সব বন্ধু মিলে কাজ করছি একসঙ্গে। ক্লান্ত হওয়ার কথা মনেই পড়ছে না।’ বলছিলেন মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সিবাত মাসুদ। আরেক শিক্ষার্থী শাহজাদা ইয়াসির বলেন, ‘এমন সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষকদের কাছে আমরা কৃতজ্ঞ। পড়াশোনার কঠিন চাপের মধ্যে এই আয়োজন সত্যিই মনের সজীবতা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ।’ শিক্ষার্থী রাশেদুল এবং রিশাদ ও ইয়াসিরের কণ্ঠেও একই সুর।সন্দেহ নেই, এ আয়োজন নতুন কিছু করার ব্যাপারে তরুণ শিক্ষার্থীদের সাহসী করে তুলছে। তরুণেরা পেছনে পড়ে থাকতে চান না আর। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সমানতালে এগোনোর জন্য কাজ করার সময় এখনই। হোক নতুন এক বাংলাদেশ, যেখানে উন্নত দেশের তরুণদের মতো সমান সাহস ও শক্তি নিয়ে লড়াই করবেন দেশের মেধাবী শিক্ষার্থীরা। বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন সবাই। চোখেমুখে তাঁদের দৃঢ়প্রতিজ্ঞার ছাপ। আকাশ-সমান বড় স্বপ্নের কথা শুনতে শুনতে মনে হলো, এক দিন ঠিক ঠিক পারবেন তাঁরা। নতুন এক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের বুকের ভেতর বোনা স্বপ্ন আর আশার প্রতি সম্মান জানাতেই যেন শেষ বিকেলে সূর্যটা মুচকি হেসে শীতের ভেতরও ছড়িয়ে দিয়ে গেল একচিলতে রোদে উষ্ণতার পরশ।