
এবারের বইমেলায় ঢুকতেই চোখ যায় নজরুল মঞ্চে। সেলফি তোলার মহোৎসবে অন্য সব তরুণ-তরুণীর ভিড়ে যে ওরা দুজনও যুগলবন্দী হয়ে ক্লিক ক্লিক করে সেলফি তুলে বইমেলা উদ্যাপন করবে, তা ভাবনার বাইরেই ছিল! আমার ভেতরে এক বিরাট ধাক্কা লাগল। হঠাৎ করে থান কাপড়ে কাঁচি চালালে যেমন ‘চ্যাঁত’ করে শব্দ হয়, আমার ভেতরেও তেমনই শব্দ হলো।
আমি তন্দ্রাচ্ছন্নতার মোহময় ঘোরে থমকে গেলাম। আমার সামনে দিয়েই অল্প একটু দূরত্ব বজায় রেখে চলে গেল অর্পিতা এবং ওর বর। অর্পিতার কোমল একটা হাত ওর বরের হাতে পরম নির্ভরতায় সেঁটে আছে দেখে আমি আরও নস্টালজিক হয়ে গেলাম। চৈত্রসংক্রান্তি কি পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন কি রোজ ডে—কোন উৎসব-পার্বণে অর্পিতার এ হাত আমার হাতে যুক্ত ছিল!
লিটল ম্যাগ চত্বরটায় ঢুঁ মেরেছিলাম অতি সন্তর্পণে। ধাতস্থ হওয়ার চেষ্টা করতেই উদ্দেশ্যহীনভাবে পাতা উল্টাচ্ছিলাম এটা-ওটার। মন লাগাতে পারিনি। তাই একাডেমি ভবনের দিকে ত্রস্ত পায়ে হাঁটতে থাকি। পলকহীন চোখজোড়া অকস্মাৎ জিজ্ঞাসু হয়ে শব্দমুখর হয়, আরে শিমুল...! ভূত দেখার মতো চমকে গিয়ে অর্পিতা ফের জিজ্ঞেস করে, ক্যামন আছো তুমি? আমার ভালো থাকা না-থাকার ইতিবৃত্ত তলিয়ে যায় ওর বরের সঙ্গে পরিচয় পর্ব শেষে সৌজন্যমূলক হালকা চালের কিছু বাক্য বিনিময়ের তলানিতে। অর্পিতার বরের উদাত্ত আহ্বান আমাকে ‘বিবাহিত অর্পিতা’র আঙিনায় যেতে প্রলুব্ধ না করে বরং একধরনের নির্মম রসিকতাই করে। শুভেচ্ছা বিনিময় শেষে আমি সোহরাওয়ার্দী উদ্যানের অংশটুকুতে ঢুকব বলে পা বাড়াই।
ক্লান্ত শরীরে ঘুম তার সমস্ত ওজন চাপিয়ে দিয়েছে। ভারগ্রস্ত পা হঠাৎ অসাড় হলে বিছানার কোলে ঢলে পড়ি। সঙ্গে সঙ্গে ঘুম তার সমস্ত শক্তি দিয়ে আমাকে ঢেকে দেয়। দুচোখে বেনীআসহকলার সপ্তবর্ণা দ্যুতি এসে বিভ্রম ঘটায়। বিভ্রমে-বিভ্রান্তিতে আমার বোধশক্তি অসাড় হলে আমি প্রখর আলোকবেষ্টিত কক্ষে প্রবেশ করি। স্বপ্নময়তার আবেশ আমাকে বিহ্বল করে।
দীর্ঘদিনের বিরতি ভেঙে এক পরিচিত হাত এসে আমার হাতের ওপর পড়ে। বাসন্তী রঙের শাড়ির প্রভা ম্লান হয়ে যায় ওর মুখশ্রীতে। লাল চুড়ির রিনিঝিনি আওয়াজ ঢাকা পড়ে ওর খিলখিল করা হাসিতে। চারদিকে শুধু আলো আর আলো, রং আর রং। প্রসন্ন দৃষ্টি আর মুখর কথামালায় অনেক কথা বলে উঠি,
: অর্পিতা, সেবারের কদমের কথা মনে আছে তোমার?
: হুম্, মনে থাকবে না কেন! তবে ঘ্রাণ ছিল না কিন্তু...
আমি উল্লসিত গলায় গান ধরি, ‘... যেন বসন্ত এসে গেছে...’
‘শিমুল, শিমুল! অ্যাই শিমুল...অ্যাই দ্যাখ কেমন পাগলের মতো বকছে...!’ শুনে ঘুম ভাঙে। মায়ের কোমল একটা হাত কেমন যেন শান্ত ও শীতল অনুভূতি ছড়িয়ে যাচ্ছে আমার কপালজুড়ে।