রং করানো হচ্ছে বাড়ি, তরুণেরা বেচবেন বাঁশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখন যে মন মজেছে ক্রিকেটে, তা বলতে পারব না। হারজিত নয়, বাংলাদেশের প্রতিটি খেলা দেখাতেই আমার যত আনন্দ। বাড়ির পাশের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা, আমি দেখব না তা কী করে হয়? এই বয়সে দুই দিন দুই রাত কাটালাম ব্যাংকের সামনের ফুটপাতে। টিকিট মিলল না।’ স্টেডিয়ামসংলগ্ন জেলেপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব বাদল কারণ টিকিট না পেয়ে হতাশ হলেও ঘরের আঙিনায় বিশ্বকাপের মেলা নিয়ে দারুণ গর্বিত। গত শুক্রবার বাড়িতে বসে সেই গর্বের কথা বললেন তিনি। বিশ্বকাপ নিয়ে এমনই উচ্ছ্বাস এলাকার ঘরে ঘরে। জেলেপাড়া ও ধোপাপাড়াসহ সাগরিকা স্টেডিয়ামের পাশের কয়েকটি এলাকার মানুষের মুখে মুখে এখন বিশ্বকাপ। অনেকে মৌসুমি ব্যবসার জন্যও তৈরি। কেউ বাঁশি, কেউ জাতীয় পতাকা বিক্রি করবেন। কেউ বানাচ্ছেন সুন্দরবনের বাঘ। কারণ, মাঠে খেলবেন সাকিব-তামিমেরা আর গ্যালারিতে বাঘ থাকবে না তা কী করে হয়! বউ-ঝিরা বাড়ি রং করাচ্ছেন। বলা তো যায় না টেলিভিশনের ক্যামেরা এদিকে আসবে না! আবার এলাকার উন্নয়ন হচ্ছে, এতে দারুণ খুশি স্থানীয় অনেকে। ‘ছদু চৌধুরী সড়কের ব্যবসায়ী পলাশ ধর ও তপন চৌধুরী বলেন, বিশ্বকাপ ঘিরে তরুণদের উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। তাঁরা নানা উদ্যোগও নিচ্ছেন। তবে সবচেয়ে বেশি খুশি স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা আশা করছেন, বিশ্বকাপে ভালো পয়সা কামানো যাবে। কামিনী রায়ের বাড়ির সাজু কারণ, ধোপাপাড়ার লিটন চৌধুরী ও জেলেপাড়ার দীনেশ রায় বলেন, ‘তিন বন্ধু মিলে বিশ্বকাপে বাঁশি বিক্রি করব। আমরা ৬০ হাজার টাকা জোগাড় করেছি।’ শুধাংশু দাশ বললেন, ‘সাগরিকা সড়কে আমার একটা দোকান আছে, ভাবছি সড়কের উন্নয়নকাজ করতে গিয়ে দোকানটা উচ্ছেদ হয়ে যেতে পারে। তাতে আমার দুঃখ নেই, আমি ঠিক করেছি জাতীয় পতাকা বিক্রি করব। কারণ খেলার দিন জাতীয় পতাকার কদর বাড়বে।’হাজি মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী জেলেপাড়ার বরুণ রায় ও দিলীপ মালাকার বলেন, ‘আমরা বড় একটি কাগজের বাঘ (রয়েল বেঙ্গল টাইগার) বানাব। ভাবছি কায়দা করে সুবিধাজনক জায়গায় বসিয়ে দেব, যাতে সবাই দেখতে পারেন।’ ফেরার সময় দেখা হলো রায় সাহেবের বাড়ির মিন্টু চৌধুরীর সঙ্গে। স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। টিকিট না পেয়ে কিছুটা ক্ষুব্ধ মিন্টু, তিনি বলেন—‘স্টেডিয়ামের জন্য আমরা পৈতৃক জমিজমা হারিয়েছি। অথচ খেলা দেখার জন্য সারা দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পেলাম না।’সাগরিকা ছদু চৌধুরী সড়কের বাসিন্দা শর্মিলা আচার্য্য বলেন, ‘আমরা দোতলা ঘরটিতে রং লাগাব। টিভিতে বিশ্ববাসী খেলা দেখবে। টেলিভিশনের ক্যামেরার আলো যে আমাদের ঘরে পড়বে না তা কী করে বলি।’ ছন্দা চৌধুরী আফসোস করে বলেন, ‘আমার বাড়ি যদি বহুতল হতো তাহলে ছাদে উঠে খেলা দেখতাম।’