
প্রতিবারই বর্ষবরণের মূল দায়িত্বটা থাকে ক্যাম্পাসের শেষ বর্ষের শিক্ষার্থীদের ওপর। সেই ধারাবাহিকতায় এবারের বর্ষবরণের আয়োজন করেছে ৪১তম ব্যাচ। তবে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা আলপনা কিংবা মঙ্গল শোভাযাত্রার রংবেরঙের সব ফেস্টুন-সজ্জায় অংশ নিয়েছিলেন সব ব্যাচের শিক্ষার্থীরা।
সকাল থেকেই কলেজে চিরাচরিত পোশাক অ্যাপ্রোনের বদলে শিক্ষার্থীদের দেখা গেল বৈশাখী সাজে। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মেলায় প্রতিটা ব্যাচ দিয়েছিল আলাদা আলাদা স্টল। মঙ্গল শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি দেশীয় খাবারের পসরা সাজিয়ে বসে ছিলেন। কলেজের সিনিয়র ভাইবোন শিক্ষকেরাই এখানে ক্রেতা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিনা তাবাসসুম বলছিলেন, ‘আমার সবচেয়ে প্রিয় মঙ্গল শোভাযাত্রা। এবার আমি ঘোড়ার গাড়িতে উঠে শোভাযাত্রায় অংশ নিয়েছি। স্টলগুলোতেও মজা কম হয়নি। আমরা মিষ্টির দোকান দিয়েছিলাম। মাত্র দুই হাজার টাকা খরচ করে আমরা সাত হাজার টাকা আয় করেছি।’ বলতে বলতে তাবাসসুমের হাসি একান-ওকান হয়।
ছিল স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ও মেডিসিন ক্লাবের স্টলও। এসব স্টলে তাঁদের বিভিন্ন কার্যক্রমের বিবরণ দেওয়া হয়। এ ছাড়া সন্ধানীর স্টলে হেপাটাইটিস ও জরায়ু ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিনেশন নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। সন্ধানী বরাবরের মতো এবারও বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের লেখা গল্প-কবিতা-ছবিতে বিশেষ দেয়ালিকা ঐতিহ্য প্রকাশ করেছে।
বৈশাখী আয়োজনে মূল আকর্ষণ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল গান, নাচ, নাটক, ফ্যাশন শোসহ মজার গেম শো। ‘বস্তাদৌড়’ ও ‘হাঁড়িভাঙা’ প্রতিযোগিতা দেখতে এসে দর্শকদের মধ্যেও হয়ে গেছে ‘হাসির প্রতিযোগিতা’! কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ফখরুল হাসান বলেন, ‘নতুন বছরের মতো ক্যাম্পাসের নতুন মুখ প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাঁদের কাছে এটাই কলেজের প্রথম নববর্ষ, তাই তাঁদের উৎসাহই সবচেয়ে বেশি।’
ফখরুল হাসানের কথার রেশ ধরে প্রথম বর্ষের শিক্ষার্থী হিমেলের মুখোমুখি হই। হিমেল বললেন, ‘বাসার বাইরে এটাই আমার প্রথম নববর্ষ উদ্যাপন। মেডিকেলের রসকষহীন জীবনে এত বর্ণিলভাবে যে নববর্ষ উদ্যাপন হয়, ভাবতেই পারিনি!’