রং ছড়িয়েছি, তবে একটু অন্যভাবে
ব্যানার, ফেস্টুন, মিছিল, রং ছড়ানোর খেলা—এগুলোই তো র্যাগ ডের চিরচেনা দৃশ্য। শিক্ষাজীবনের সমাপনী হিসেবে সময়টা রাঙিয়ে রাখতে চায় সবাই। আমরা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষাজীবনের স্নাতক পর্যায়ের সর্বশেষ পরীক্ষা নিয়ে একটু দোটানায় ছিলাম। ক্লাস হয়েছে অনলাইনে, ক্লাসরুমে পরীক্ষাও দিয়েছি বাড়তি সতর্কতার সঙ্গে। র্যাগ ডে কী হবে?
বিশ্ববিদ্যালয়জীবনের চার বছর একসঙ্গে পার করেছি, পরীক্ষা শেষ হলেই কর্মজীবনে প্রবেশ করব, বন্ধুরা চারদিকে ছড়িয়ে পড়বে। শেষটা মনে রাখার মতো কিছু না করলে হয়? ভাবতে ভাবতেই গত বছর ডিসেম্বরে আমাদের মাথায় আসে দারুণ একটা ভাবনা। ঠিক করি—র্যাগ ডের জন্য তোলা টাকায় আমরা ভালো কিছু করব। আমাদের বিভাগের অনুজদের বৃত্তি দেব। সেই সঙ্গে দরিদ্রদের মধ্যে বিতরণ করব শীতবস্ত্র। কিন্তু এই উদ্যোগে সবার সমর্থন না-ও থাকতে পারে। কেউ হয়তো চাইবে ‘গালা নাইট’ হোক। সবাই মিলে ছবি তুলব, খাব—এমন আগ্রহও থাকতে পারে কারও কারও। তাই ঠিক হয়, সবার চাঁদা থেকে যে টাকা উঠবে, তার একটি অংশ দিয়ে আমরা ছোট করে ক্লাস পার্টি করব। যেন গালা নাইটের আক্ষেপ কারও না থাকে।
বন্ধু রেজাউল হক, নাহিদ ইমরান, আবু তালিব ও সবুজকে নিয়ে প্রাথমিক পরিকল্পনা করি। সহকারী অধ্যাপক মো. আশিকুজ্জামান খান এবং সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া ও শান্টু বড়ুয়ার সমর্থন ও সহায়তা পেয়ে আমরা আগ্রহী হই। আমরা আমাদের কর্মসূচির নাম দিই ‘১১তম ব্যাচ স্মারক বৃত্তি’। যেন পরের ব্যাচগুলোও এই ধারা বজায় রেখে ১২তম, ১৩তম, ১৪তম...এভাবে বৃত্তির ধারা বজায় রাখতে পারে।
১৪ ডিসেম্বর আমাদের বিভাগের চেয়ারম্যান সুমনকান্তি বড়ুয়ার সঙ্গে কথা বলে নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি লাগিয়ে দিই, অনুজেরা যেন বৃত্তির জন্য আবেদন জমা দিতে পারে। খরচ কমাতে আবেদন ফরম ও খাম নিজেই তৈরি করেছিলাম। কিন্তু কদিন পরই শুরু হলো বিপত্তি। একদিকে প্রচুর আবেদন জমা পড়ছিল, কিন্তু অন্যদিকে টাকা উঠছিল খুব ধীরগতিতে। অনেকে টাকা দিতে রাজিও হলো না। বাধ্য হয়ে আমরা সিনিয়রদের সাহায্য নিই।
যাহোক, শেষ পর্যন্ত যা টাকা উঠেছে, তা দিয়ে আমরা আমাদের উদ্যোগ সফল করেছি। ৩০ ডিসেম্বর সারা রাত ঢাকার নানা প্রান্ত ঘুরে আমরা দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করি। আর ২২ জন অনুজকে বৃত্তির জন্য নির্বাচন করি। ২২ জানুয়ারি শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হয় বৃত্তির টাকা।
র্যাগ ডে সবাই যেভাবে উদ্যাপন করে ঢাকঢোল পিটিয়ে, ক্যাম্পাসে ঘোড়ার গাড়ি আর রং ছড়িয়ে, আমরা তা করিনি। আমরা বরং রং ছড়িয়ে দিতে চেয়েছি আমাদের অনুজ শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীরা যেন বিপদে একে অন্যের পাশে দাঁড়ায়, এই বার্তাই দিতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সামাজিক দায় ও দায়িত্ব অনেক। আমরা হয়তো সব দায়িত্ব পালন করতে পারব না, কিন্তু পরিবর্তনের শুরুটা তো করতে পারি। সেটিই ছিল আমাদের প্রয়াস।