ভাষারও নাকি সীমাবদ্ধতা আছে। তাই সব কথা ভাষায় প্রকাশ করা যায় না—কিছু কথা প্রকাশ করতে হয় লিখে, কিছু ইশারায় আবার কিছু রং-তুলিতে। সাদিয়া মনসুরের প্রিয় মাধ্যম শেষেরটি। ‘মুখের ভাষার চেয়ে রঙের ভাষা অনেক বেশি সহজ। অবশ্য সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। সেই “কিছু কিছু ক্ষেত্রে” আমি হাতে তুলে নিই রং-তুলি। রঙে-রেখায় তুলে ধরি আমার সব না-বলা কথা।’ এটুকু বলে ক্যানভাস থেকে মুখ ফেরান আমাদের দিকে। বাকি কথাগুলো রং-তুলিতে নয়, মুখে মুখেই বলবেন বলে হাতের রং-তুলিকেও সরিয়ে রাখলেন যথাস্থানে।‘আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন স্কুলের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হই। এই একটি ঘটনাই রং-তুলির সঙ্গে আমার মিতালি গড়ে দেয়।’ মিতালি তাঁর পড়ালেখার সঙ্গেও। সেই প্রমাণ রেখেছেন ধাপে ধাপে। চট্টগ্রামের বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন। বৃত্তি পেয়েছেন অষ্টম শ্রেণীতেও। সৃজনশীল রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। নবম শ্রেণীতে পড়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে এবং কলেজে পড়ার সময় রচনা প্রতিযোগিতায় লাভ করেছেন বিভিন্ন পুরস্কার। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫। কিন্তু এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৪.১০।কিন্তু এইচএসসিতে হঠাৎ ফলাফল পতন? মনে খটকা লাগে। লাজুক হেসে সাদিয়া ব্যাখ্যা দেন এভাবে, ‘বিজ্ঞানের খটমট বিষয়ের মাঝে একটুও মজা পেতাম না। যা পড়তাম জোর করে পড়তাম। কিন্তু জোর করে কী আর বিজ্ঞানকে আত্মস্থ করা যায়? তাই কিছুটা ছন্দপতন।’ এরপর অবশ্য ঘুরে দাঁড়ানোর পালা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং সাফল্য। মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ইতিমধ্যেই মুখোমুখি হয়েছেন মৌখিক পরীক্ষায় এবং লাভ করেছেন পছন্দের বিষয় ইংরেজি সাহিত্যে ভর্তির সুযোগ। আর কয়েক দিন পর থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাঁর নতুন শিক্ষাজীবন।এ নিয়ে ভীষণ উচ্ছ্বাস সাদিয়ার কণ্ঠে, ‘সাহিত্যের প্রতি আমার আগ্রহ সেই ছোটবেলা থেকে। একটু অবসর পেলেই গল্পের বই নিয়ে বসতাম। এখন আমার একাডেমিক পড়ার বিষয় সাহিত্য। ভাবতেই কী যে ভালো লাগছে...!’এবার বুঝি রং-তুলির বিদায় ঘটল সাদিয়ার জীবন থেকে! ‘মোটেও না। ছবি আঁকা আমার শখের কাজ। জীবনে যা কিছুই করি না কেন, রং-তুলি আমার সঙ্গেই থাকবে।’ আমাদের সংশয়কে যেন তৎক্ষণাৎ তুড়ি মেরে উড়িয়ে দিলেন সাদিয়া।আমরা সাদিয়ার কথায় আশ্বস্ত হয়ে জানতে চাই তাঁর স্বপ্নের কথা। মুহূর্তেই চিকচিক করে ওঠে সাদিয়ার চোখ। সেই চোখের পলক না ফেলেই বলেন, ‘পথেঘাটে দুস্থ নারী ও শিশুদের দেখে আমার ভীষণ কষ্ট হয়। তাদের জন্য ভবিষ্যতে আমি একটা পুনর্বাসন কেন্দ্র গড়তে চাই।’