আঁকাবাঁকা গ্রামীণ মেঠোপথ। দুই পাশে সবুজ গাছগাছালি। দূরে গৃহস্থের বাড়ি। কাঁধে ভার চাপিয়ে পথ ধরে হেঁটে যাচ্ছে ফেরিওয়ালা। কিংবা রঙিন পাখা মেলে উড়ছে প্রজাপতি। তার পাশে বাংলাদেশের পতাকা হাতে স্লোগানে মুখর ছাত্র-জনতা। আবার কখনো পেখম মেলেছে ময়ূর।
এসবই আসলে নানা ছবির বিবরণ। শিল্পকলা একডেমীর গ্যালারিতে আলো ছড়ানো এমন সব দৃশ্যচিত্র রং-তুলিতে জীবন্ত করে তুলে ধরেছে কিশোর নয়ন সাহা।
বছর পনেরোর নয়ন। বুদ্ধি ও শ্রবণপ্রতিবন্ধী। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েই ইতি টানতে হয়েছে লেখাপড়ার। কিন্তু এই প্রতিবন্ধিতা জয় করে নয়ন ক্যানভাসে এঁকেছে স্বপ্ন। রং-তুলিতে জীবন্ত করেছে জীবনের টুকরো গল্প। তার আঁকা ৪১টি ছবি নিয়ে শিল্পকলা একাডেমীর গ্যালারিতে হয়ে গেল তিন দিনের প্রদর্শনী।
২০ মার্চ প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার মনোরঞ্জন দাশ। তিনি বলেন, প্রতিটি চিত্রকর্ম এমন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, শিল্পী যে একজন প্রতিবন্ধী তা বোঝার উপায় নেই। এমন চিত্রকর্মের মধ্য দিয়ে নয়ন সাহা তার মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়েছে। অন্য দশজন শিল্পীর থেকে সে পিছিয়ে নেই।
প্রদর্শনীতে নজর কাড়ে স্বাধীনতার সংগ্রাম, শহীদের সমাধি, মৎস্যকন্যা, স্থির জীবন, কষ্টের সুফল, স্টিল লাইফ, জুতাকাহিনি, শেষ পরিণতি, পুতুলের নাচন প্রভৃতি শিরোনামের চিত্রকর্মগুলো। শিল্পকলার গ্যালারিতে কথা হয় নয়নের সঙ্গে। সারাক্ষণ হাসি হাসিমুখ। জড়ানো কণ্ঠে জানাল, ছবি আঁকতে তার খুব ভালো লাগে। সে আরও ভালো করতে চায়।
প্রদর্শনীতে প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হোসেন বলেন, কোনো কিছুই মানুষের সাধ্যের বাইরে নয়। ইচ্ছা থাকলে একটা না একটা পথ বের হবেই। নয়ন শুধু একজন ভালো শিল্পীই নয়, অন্যদের জন্য অনুকরণীয়। প্রতিবন্ধিতা তার কাছে বাধা হতে পারেনি।