রং-তুলির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দড়িতে ক্লিপ দিয়ে টানানো হয়েছে ছবি। কোনোটা ল্যান্ডস্ক্যাপ, কোনোটা বা পোর্ট্রেট। একটা একতলা ভবনের বারান্দায় ও পাশের রাস্তাজুড়ে সারি সারি ছবি। বেশির ভাগই জলরঙে আঁকা।সংস্কৃতিকর্মী ও লেখক-সাহিত্যিকদের আড্ডাস্থল চেরাগি পাহাড়ে তিন দিন ধরে চলছে ব্যতিক্রমী এই প্রদর্শনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী অনিমেষ মজুমদারকে সুস্থ করে তুলতে এ উদ্যোগ নিয়েছেন। গতকাল এ প্রদর্শনী দেখতে গেলে চারুকলার দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় চক্রবর্তী জানান, কয়েক মাস আগে হঠাৎ জটিল ধরনের আর্থ্রাইটিসে আক্রান্ত হন অনিমেষ। এ রোগের নাম এসএসএ। আক্রান্ত হওয়ার পর তাঁর বাঁ পা অবশ হয়ে গেছে। বর্তমানে ঢাকার ধানমন্ডির ডিফাম হাসপাতালে চিকিৎসাধীন অনিমেষের সুস্থ হয়ে উঠতে অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন। তাঁর পরিবারের সামর্থ্য নেই এই ব্যয় বহন করার। সহপাঠী বন্ধুরা তাই নিজেদের আঁকা ছবি বিক্রি করে অনিমেষের চিকিৎসার খরচ তোলার উদ্যোগ নিয়েছেন। চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে পড়েন অনিমেষ। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। অনিমেষের বোন পম্পী মজুমদার এবার বিকম ফাইনাল দিচ্ছেন এইইএস কলেজ থেকে। চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে ভাইকে সুস্থ করে তোলার লড়াইয়ে যোগ দিয়েছেন তিনিও । পম্পী জানান, ‘অনিমেষ বর্তমানে ডা. মনিরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। বর্তমান অবস্থার একটু উন্নতি হলে দেশের বাইরে স্নায়ুর অপারেশন করাতে হবে।’ কেবল অনিমেষের বন্ধুরা নন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো চারুকলা ইনস্টিটিউটই যেন তাঁর পেছনে এসে দাঁড়িয়েছে। ইনস্টিটিউটের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন। অনিমেষ সম্পর্কে অনেক কথাই জানা গেল তাঁদের কাছ থেকে। চুপচাপ স্বভাবের এই তরুণ নিজেকে সবসময় সৃষ্টিশীল কাজে নিয়োজিত রাখতেন। গাইতেন জীবনমুখী গান। মানুষকে জাগাতে গিটার হাতে নগরের পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছেন। সেই অনিমেষ নিজের পায়ে সাড়া পাচ্ছেন না। পারছেন না দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে—এটা কোনোভাবেই মানতে পারছেন না তাঁর বন্ধুুরা।চারুকলার ভাস্কর্য বিভাগের শিক্ষক কাজল দেবনাথ জানান, ‘আমরা সবাই অনিমেষের সঙ্গে আছি। শিক্ষার্থীরা খুব উজ্জীবিত। চারুকলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ছবি জমা দিয়েছেন প্রদর্শনীর জন্য। দর্শকদের কাছ থেকে আমরা নির্দিষ্ট কোনো টাকা চাইছি না। ছবি নিয়ে যে যা পারছেন দিচ্ছেন।’ব্যতিক্রমী এই প্রদর্শনীতে দর্শক সমাগমও কম হয়নি। প্রথম দিনেই প্রায় ৩০ হাজার টাকার ছবি বিক্রি হয়েছে বলে জানান অনিমেষের বন্ধু মং মং সো। প্রদর্শনী দেখতে আসা এক দর্শক বেশ উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘ছবি বাঁধাই না করে, গ্যালারি ভাড়া না নিয়ে উন্মুক্ত স্থানে এ রকম প্রদর্শনী হওয়ায় সাধারণ মানুষ ছবি কিনতে পারছে।’ প্রদর্শনী দেখতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষার্থী তুলি চৌধুরী। তিনি বলেন, ‘বন্ধুকে সুস্থ করে তুলতে চারুকলার শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এখান থেকে দুটো ছবি কিনলাম। খোলা জায়গায় এ ধরনের প্রদর্শনী নিয়মিত হলে আমরা সবসময় ছবি কিনতে পারব। আর চিত্রকলাও থাকবে সাধারণ মানুষের কাছাকাছি।’অনিমেষ মজুমদার সুস্থ হয়ে আবার ফিরে আসুন ক্লাসরুমে, আড্ডায়। আবার বেজে উঠুক তাঁর গিটার। বন্ধুদের এটাই কাম্য। অনিমেষকে সাহায্য করতে ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের (১২৯-১০১-২৪০৫১০) অ্যাকাউন্টে অনিমেষের চিকিৎসার জন্য টাকা পাঠানো যাবে। বিস্তারিত মুঠোফোনে (০১৯২১ ৯০৭৯৯৭, ০১১৯১ ৪০২৭৪৯, ০১৬৭০ ৪৯৩৩৪২ জানা যাবে।)