রং দিয়ে যায় চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে হলুদ পোশাকের ছড়াছড়ি দেখা গেলে এখন বেশ বুঝে ফেলা যায় যে দিনটি হলো পয়লা ফাল্গুন—বসন্তকে বরণ করে নেওয়ার দিন। কোনো বিশেষ দিবসে যেকোনো টিভি চ্যানেলের সংবাদ দেখতে গেলে চোখে পড়ে সংবাদ উপস্থাপক, প্রতিবেদকদের পরনে বিশেষ রঙের পোশাক। সপ্তাহখানেক আগে থেকে পত্রপত্রিকায় চোখ রাখলেই দেখা যায় বিশেষ দিবস উপলক্ষে বিশেষ রঙের পোশাকের আয়োজন। বিশেষ রঙের পোশাক পরে বিশেষ দিন উদ্যাপনের রীতি ব্যাপ্তি ছড়িয়েছে জাতীয় পর্যায় পর্যন্ত। এখন পোশাক-আশাকের রং দিয়েই চেনা যায় দিনটিকে। ফ্যাশন হাউস ‘রঙ’-এর ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘আমরা বলি লজ্জায় লাল—এখানে কিন্তু মানুষের মনের একটা অনুভূতি প্রকাশ করতে একটা রঙের কথাই বলছি। সৃষ্টির আদিকাল থেকেই এভাবে প্রকৃতি, ঋতু, সময় ও মানুষের অভিব্যক্তির প্রকাশে রঙের রয়েছে বিশেষ অবদান। যেকোনো উত্সব, গুরুত্বপূর্ণ দিবস পালনকে কিন্তু রং দিয়েই আলাদা করে তোলা যায়।’ প্রশ্ন আসতে পারে, পোশাকে এই রঙের সংস্কৃতির কতটুকুই বা বুঝে ধারণ করা? কতটুকুই বা সত্যিকার দেশীয় চেতনার পরিচায়ক? ডিজাইনার চন্দ্র শেখর সাহা মনে করেন, ‘বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ফ্যাশন হাউসে পোশাক সহজলভ্য হওয়ায় এই চলটা বেশ প্রসার পেয়েছে। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো দিনগুলো সব সময়ই পালিত হতো, তবে এ দিনের লাল-সবুজ পোশাকের প্রসারটা এখন বেশি পোশাকের সহজলভ্যতার কারণে। আবার এখন পোশাক সহজলভ্য হওয়ায় ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতি বাংলা নববর্ষ পালনে একাত্ম হয়ে উঠতে পারছে লাল-সাদায়। সেভাবেই এই বিশেষ দিনগুলো বিশেষ রঙের পোশাকে উদ্যাপন করাটা সংস্কৃতির ধারায় যুক্ত হয়েছে।’ বিপ্লব সাহা ভাবেন, ‘আমাদের ঐতিহ্য ও ইতিহাস অনেক পুরোনো, তবে পোশাকের রং দিয়ে ঐতিহ্যের লালন-পালনের বয়সটা সেই তুলনায় বেশ কম, হিসাব করলে বছর ১০-১২ হবে বড়জোর। তবে আস্তে আস্তে জাতীয় চেতনামূলক এই রঙের রীতি সবার কাছে পৌঁছে যাচ্ছে।’ প্রতিটি দিবসে যে রং পরা হয়ে থাকে তা সেই দিনটির ইতিহাস বর্ণনা করে সেই রঙের অবয়বে। অনেকে মনে করেন বাংলা নববর্ষে লাল কাপড়ে মোড়ানো নতুন সাদা পৃষ্ঠার হালখাতার আদলে লাল-সাদা দিয়ে বৈশাখকে বরণ করা হয়। তাই পোশাকে এই ঐতিহ্য প্রকাশে রঙের ধারণা ও সংস্কৃতিটা কিন্তু পুরোনো আর ব্যাপক গৃহীত চর্চাটা তুলনামূলক নতুন। কবি শামীম আজাদ পোশাকে এই রঙের সংস্কৃতি নিয়ে বললেন, ‘এবার টিভিতে মহান একুশে উপলক্ষে এক আয়োজনে চোখে পড়ল লাল-সাদা শাড়ি। দিবসটিকে কেন্দ্র করে সেই অনুষ্ঠানে এ দিনটির চেতনার অনুপযুক্ত রঙের ব্যবহার দেখে কিছুটা ক্ষুব্ধই হলাম।’যে জাতীয় অনুভূতিকে কেন্দ্র করে বিশেষ রংকে অঙ্গে ধারণ, সেই চেতনার গোড়ার কথাটুকু তাই সবার জেনে নেওয়া উচিত। শামীম আজাদ জানান, ‘সাদাটা হলো কাগজের রং, ভাষার পৃষ্ঠা। কালো তাতে আমার বর্ণমালা, এই চেতনা থেকে মহান একুশেতে সাদা-কালোর প্রবর্তন। কোন দিবসে, কোন রং, কেন পরা হচ্ছে সেই ভিত্তিটুকু জেনে অন্তত ধারণ করা হোক সেই চেতনাকে, সেই রঙের ব্যত্যয় অন্তত না হোক।’চন্দ্রশেখর সাহার মতে, ‘ফ্যাশনের দোহাই দিয়ে সাংস্কৃতিক মূল্যবোধকে পাল্টানো যাবে না কখনোই। একটি দিবসে যে কারণে একটি রঙের পোশাক পরা হচ্ছে, তার আবেদন চিরকাল একই থাকবে।’বিপ্লব সাহা মনে করেন, ‘রঙের ধারণার মৌলিকত্ব বজায় রেখে অন্য রঙের কিছু ব্যবহার থাকতে পারে পোশাকে। কোন দিবস পালন করা হচ্ছে, তার অন্তর্নিহিত তাত্পর্য বোঝায় এমন কিছু চিহ্নও যদি থাকে আপনার পোশাকে, তাতেও বোঝা যাবে সে চেতনায় আপনি অনুপ্রাণিত।’ ঢাকা বিশ্ব্ববিদ্যালয়ের শিক্ষার্থী শওকত হোসেন জানালেন, ‘দেশীয় চেতনাকে কতটা বুকে ধারণ করেছি, সেটাই আসলে বড় কথা। সাদা-কালো পোশাক না থাকলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস জেনে তাকে অন্তরে ধারণ করছি। বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনারে ফুল দিচ্ছি। এ ব্যাপারগুলোই আসলে অর্থবহ। আর সাদা-কালো পরে কিছু না জেনেই একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার থেকে স্রেফ এক চক্কর দিয়ে আসা জাতীয় চেতনার পরিচায়ক নয়।’আজকের যে কচিকাঁচারা বিশেষ রঙের পোশাক পরে ও পরতে দেখে একটি দিন পালন করছে, তারা ছোট্টবেলা থেকেই বুঝে যাচ্ছে সেই রঙের একটা গুরুত্ব আছে। আর কী সেই গুরুত্ব তা সঠিকভাবে তাদের শিখিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু অগ্রজদের। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই রং দিয়ে দেশের সঠিক ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা যেতে পারে।শুধু পোশাকই নয়, বিশেষ দিবস উপলক্ষে পাওয়া যায় মগ, টুকিটাকি উপহারসামগ্রী, হাল ফ্যাশনে মাথায় বাঁধার ব্যান্ডানা ইত্যাদি, যার সবকিছুতেই দেশীয় চেতনাকে তুলে ধরা যায় রং দিয়ে। আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে রং একটি বিশাল শক্তিশালী মাধ্যম বলে মনে করেন বিপ্লব সাহা। ‘আমার পতাকা আমার পরিচয়। দেশের বাইরে বা ভেতরে যেকোনো অনুষ্ঠানে, দেশের প্রতিনিধিত্ব হয় এমন আয়োজনে শুধু লাল-সবুজ দিয়েই কিন্তু আমাদের দেশকে চিনিয়ে দেওয়া যায় বিদেশিদের’—ভাবেন তিনি। দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচারিত হয় বিশ্বের বহু দেশেই। দেশকে তুলে ধরতে জনপ্রিয় গণমাধ্যম টিভি, বিশেষ করে টিভির সংবাদ উপস্থাপনকারীদের দেশীয় কাপড় ও বিশেষ রং পরিধান করাটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শামীম আজাদ। লাল-সবুজের ব্যবহারে বিলেতে শামীম আজাদের উদ্যোগে প্রবর্তিত হয়েছে ‘বিজয়ের ফুল’। বিজয়ের মাস ডিসেম্বরের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত এই বানানো ফুলটি পরে থাকা হয় পোশাকের সঙ্গে। ‘আমাদের ছোট্ট শিশুরা নামমাত্র মূল্যে যখন পাঁচটি সবুজ পাপড়ি আর তাতে একবিন্দু লাল সূর্য দেওয়া ফুলগুলো বিক্রি করে শহীদ পরিবারের সাহায্যার্থে, বিলেতিরা তখন জিজ্ঞেস করে কেন এই রং? আমাদের শিশুরা গর্বভরে তাদের জানিয়ে দেয়, এ হলো বাংলাদেশের পতাকার রং, আমাদেরও আছে বিজয়গাথা, স্বাধীনতার কথা আর জয়ের নায়ক।’—বলছিলেন তিনি। এভাবেই দুটি রঙে হয়ে যায় বাংলাদেশের পরিচয়, ব্যক্ত হয় ইতিহাস, চেনা হয়ে যায় দেশকে। রং এভাবেই হয়ে উঠতে পারে বাংলাদেশের দূত।