রং-নকশায় সোনালি আঁশ

পাটের তৈরি কনভার্স জুতা জোড়া হাতে নিয়ে বিস্মিত হলাম। সত্যিই কি এটা পাটের তৈরি! সে বিস্ময় যেন বাড়তেই থাকল। পাটের তৈরি স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মেয়েদের ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর বিছানার চাদর, টেবিল ম্যাট, শতরঞ্জি আর বাহারি শোপিসগুলো রং-নকশায় যেন অনন্য। পাটের তৈরি পণ্য মানেই যে চটের বস্তা নয়, তারই প্রমাণ মেলে প্রদর্শনী দেখে। কারিগদের নিপুণ হাতে তৈরি পাটপণ্য নিয়েই ৫ থেকে ৭ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে হয়ে গেল প্রদর্শনী।

‘সুইচ টু জুট’ নামের এই প্রদর্শনীতে অংশ নেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের পাটজাত পণ্য উৎপাদনকারী ১৭ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সুইচ টু জুট হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের একটি প্রকল্প, যার পুস্তকি নাম ‘সুইচ এশিয়া-জুট ভ্যালু চেইন প্রজেক্ট’। প্রকল্পের দলনেতা মাহবুব উল্লাহ বলেন, ‘সুইচ টু জুট হচ্ছে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষক, কারিগর ও উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া।’
তিন দিনের এ প্রদর্শনীতে বিকেল থেকেই অনেক দর্শনার্থীদের খোঁজ নিতে দেখা গেছে পণ্য বিষয়ে।
প্রদর্শনীতে যাঁরা যেতে পারেননি, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। পণ্যগুলো খুচরা ও পাইকারি কেনা যাবে ঢাকার বাসাবো, মোহাম্মদপুর, আদাবর মিরপুর, বাড্ডা, মতিঝিল, তেজগাঁও, বনানী ছাড়াও খুলনা, রংপুরের পায়রাবন্দ, যশোর, বাগেরহাটের বিভিন্ন দোকানে।