রং বিলাসে জীবনের রং বদল
খাগড়াছড়িতে রং বিলাস জাতের আখ চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা। গত বছর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের তিনজন চাষি পরীক্ষামূলকভাবে রং বিলাস জাতের আখ চাষ করে সাফল্য পেয়েছিলেন। এ সাফল্যে উৎসাহিত হয়ে এ বছর এলাকার অনেক চাষি এ জাতের আখ চাষ করে লাভবান হয়েছেন। ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় কল্পনা চাকমা তাঁর বাড়ির পাশে ৪০ শতাংশ অনাবাদী জমিতে রং বিলাস জাতের আখ চাষ করে পেয়েছেন ব্যাপক সাফল্য। সব মিলিয়ে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আখ বিক্রি করে আয় করেছেন এক লাখ ১০ হাজার টাকা। কল্পনা জানান, আখের বীজ, সার, সেচসহ সবকিছু দিয়েছে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। আখচাষিরা জানান, রং বিলাস জাতের আখগুলো দেখতে সুন্দর, লাল রঙের, কাণ্ড পুরু, রসও বেশি, বিক্রিও হয় বেশি দামে। প্রচলিত জাতের আখ ছোট, দেখতে সাদা রংয়ের, রস কম। দামও ভালো পাওয়া যায় না। সেজন্য এলাকার মানুষ রং বিলাস জাতের আখ চাষ করছে। খাগড়াছড়ি ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা দিবাকর চাকমা বলেন, ‘গত বছর ভাইবোনছড়া ইউনিয়নের দেওয়ানপাড়ায় পরীক্ষামূলকভাবে পাঁচ একর জমিতে রং বিলাস জাতের আখ চাষ করে চাষিরা সাফল্য পেয়েছেন। বীজ, সার, সেচসহ যাবতীয় কৃষি সরঞ্জাম আমরা দিয়েছি। তাঁরা ফলন ভালো পেয়েছেন এবং লাখ টাকার আখ বিক্রি করেছেন।’ পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন বলেন, পাহাড়ের জমিগুলো উর্বর আর আবহাওয়া উপযোগী। সুষম সার ব্যবহার করে একটু প্ররিশ্রম করলে ভালো ফলন পাওয়া যায়। খাগড়াছড়ি ইক্ষু গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, খাগড়াছড়িতে ৮০০ হেক্টর জমিতে ২০৮ জাতের আখ, পাঁচ একর জমিতে রং বিলাস জাতের আখ চাষ হয়েছে এবং লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে।