রং লেগেছে বসন্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকে তখন ঘোষণা হচ্ছে, এবার হবে মোরগ লড়াই। তা শুনে বিবিএর রানা ছুটে যান মাইকের দিকে, নিজের নামটা দেওয়ার জন্য। কিন্তু ওখানে গিয়ে মোরগ লড়াই আর খেলা হলো না রানার। কারণ, এটা ‘মানুষের’ মোরগ লড়াই না, সত্যিকারের মোরগের লড়াই! নিজের খেলা না হোক, বসন্তের প্রথম দিনে বাংলাদেশের গ্রামগঞ্জের মোরগ লড়াই ঢাকায় নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে দেখা—তাও তো কম আনন্দের নয়। বসন্তের প্রথম দিনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বসন্ত উৎসব’-এ এমন আনন্দের উপলক্ষের কমতি ছিল না মোটেও। বেলা ১১টায় ‘বসন্ত শোভাযাত্রা’ দিয়ে শুরু। তাতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিলেন উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীসহ অনেক শিক্ষকও। ঢাকের তালে তালে শোভাযাত্রা ক্যাম্পাস ছাড়িয়ে আশপাশের সড়ক ঘুরে থামে বিশ্ববিদ্যালয়ের উৎসব মঞ্চে। দিনব্যাপী চলেছে বসন্ত মেলা। ‘আহা আজি এ বসন্তে...’ গানের তালে তালে শুরু হয় নাচ। এরপর লালনের বাউলগানের সঙ্গে গলা মেলায় সবাই। আর সেই ফাঁকে চলে মেলা ঘুরে দেখা। নকশি পিঠা, কাচের চুড়ি, মাটির গয়না, হাওয়াই মিঠাই, বরফের রঙিন গোলা, মাটির খেলনা, পুতুলনাচ—কী নেই? ওদিকে উৎসব মঞ্চের গান কিন্তু থেমে নেই। এনএসইউর নিজস্ব শিল্পীরা অবিরাম গেয়ে যাচ্ছেন একে একে। অবশেষে গান থামে সন্ধ্যাবেলায়। না থামিয়ে বুঝি বা আর উপায় ছিল না, নাচতে নাচতে দর্শকদের অবস্থা যে বেহাল! তার পরই শুরু হয় ‘যাত্রা’। দর্শকসারি থেকে বিপুল করতালিই বলে দিচ্ছিল ‘যাত্রা ছাড়িয়ে গেছে সকল মাত্রা’।সারা দিনের এত সব আয়োজন করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন।