রং হারানো বিবর্ণ এক জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসজীবন শুরুর আগে হঠাত্ করেই মনের ভেতর উটকো ঝক্কির বিশাল এক বহর ফেঁদে বসেছিলাম অকারণেই। যে করেই হোক, আমাকে বিদেশে যেতে হবে। আমার মনের এ চাওয়াটা যে একেবারেই অনর্থক, তা বুঝতে পেরেছিলাম বিদেশে আসার অনেক পরে। তখন আর ফিরে যাবার সময় ছিল না। সামনে দেখি মস্ত এক ফাঁদ। আর চোখে সমানে সবই কেমন ফ্যাকাশে। নদীর অথবা গাঢ় সবুজের দেখা মেলে না এই মরুর দেশে। চাঁদ দেখার ইচ্ছেটাও একেবারেই উবে গিয়েছিল আমার বুক থেকে।
ধীরে ধীরে বুঝতে পারি, কৈশোরে বুকের ভেতরকার পরিশীলিত অনড় ভালোবাসার অবয়বে প্রতিদিনই কে যেন বেধড়ক চাবুক পেটা করে রুষ্ট হাতে। চিত্কার করে কাঁদতে পারি না। সে রকম কারও সঙ্গে সখ্যও গড়ে ওঠে না। মানে যাকে মনের কথাগুলো সহজেই বলা যায়। ভয়ে আর রুক্ষতায় বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কত দিনই বা এভাবে বেঁচে থাকা যাবে।
অনুশোচনা আমাকে গিলতে থাকে অবিরাম। কেনই বা বিদেশে এলাম। যা কিছু শুনেছিলাম, সবই তো উল্টো। জীবনটাই যেন অর্থহীন মনে হয় ধীরে ধীরে। আমার মধ্যে ভয়ানক হা-হুতাশ শুরু হয়। স্বপ্নগুলো সব মিইয়ে যেতে থাকে।
তখন বুকের ভেতরটা ছিল একেবারেই কাঁচা। উইঢিবির মতো গাঁটছড়া বাঁধা আলগা স্বপ্নগুলো লেপ্টে থাকত বুকে। ভাবনারও কোনো কমতি ছিল না। বিদেশে গেলেই ব্যাগভর্তি টাকা। মাত্র কয়েকটা বছরই তো বিদেশ থাকব। সংসারের অনটন ঘুচবে। মার উত্কণ্ঠাও দূর হবে। ভাইবোনের জন্য কত কী করব। আর কখনোই টাকার অভাব হবে না আমাদের।
কিন্তু সে সবের কিছুই হয়নি। রং হারানো বিবর্ণ এক উত্কণ্ঠিত নিরেট ফাঁদে আটকে গেল গোটা জীবন। রোজগার যে অল্পবিস্তর হয়নি, তা কিন্তু নয়। তবে ওই যে! দেশের সবাই ভাবতে থাকে বিদেশ গেলেই ব্যাগভর্তি টাকা। এক সময় আমি নিজেও সে রকমই ভাবতাম। তখন আর চাহিদার শেষ থাকে কারও!
খাওয়া-পরার কষ্ট কখনো সহ্য করতে হয়নি আমাদের। বাবার রোজগারে খাওয়া-পরা ভালোই চলে যেত। শুধু বাড়তি চাহিদা বা শখটা পূরণ হতো টেনেটুনে। আবার কখনো হতোও না। একবার এক জুতো কেনা নিয়ে বিশাল এক কাণ্ড ঘটে গিয়েছিল আমাদের বাড়িতে।
যা-ই হোক, সে বহু বছর আগেকার কথা। এখন আর জুতো কোনার শখ হয় না আমার। প্রয়োজন হয় আদি আলগা শরীরটার যত্ন আর খাবার। তাই বা জোটে কোথা থেকে।
স্কুলে যাওয়ার জন্য নতুন একটা শার্ট, এক জোড়া জুতো না হলেই যেন থেঁতলে যেত রংচঙে দিনগুলি। দিনে দিনে বড় হই, আর চাহিদাও বাড়ে। ধনী পরিবারের ছেলেদের আশপাশেও ঘেঁষতে পারিনি কখনো। বন্ধু ছাড়া আবার চলাও তো যেত না। তখন আমি স্কুল ছেড়ে কলেজে যেতে শুরু করেছি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হলে বসতে পেরেছিলাম কোনো রকমে। তার পরই অপেক্ষার অবয়ব জুড়ে প্রকাণ্ড এক বাসা ফেঁদে বসেছিল বিদেশ নামক এক ঘুণপোকা। দিন-রাত ঘুরেফিরে একটি ভিসার জোগাড় হলো। কিন্তু বাবার ছাপ নিষেধ, বিদেশে যাওয়া চলবে না। তা ছাড়া অত টাকাই বা জোগাড় হবে কী করে? মা-ও ভীষণ চটে গিয়ে বললেন, দেশের ছেলে দেশে থাকবে, তা না, ওর বেশি টাকা লাগবে।
শেষ পর্যন্ত আমার জেদাজেদিতে রাজি হলেন বাবা। এবার ভিসার টাকা নিয়ে শুরু হলো বিশাল কাণ্ড কারখানা। প্রথমে আত্মীয়স্বজনের কাছে ছোটাছুটি। যা কিছু জোগাড় হলো তাতে খরচ কুলায় না। শেষে যেতে হয়েছিল বন্ধকি ব্যবসায়ীর বাড়িতে। চড়া সুদে মায়ের গহনা বন্ধক রাখা হলো। বড় চাচা, মেজ ফুপু আর বোনের শ্বশুরবাড়ি থেকেও বেশ কিছু টাকা পাওয়া গেল বিনা সুদে।
টাকা জোগাড় হওয়ার পর আরও প্রায় এক মাস বিরামহীন দৌড়ঝাঁপ করতে হলো আমার। তার পরই ঠিক হলো ফ্লাইট ডেট। অক্টোবরের ৫ তারিখ সকালেই উড়তে হবে আমাকে।
যাওয়ার তারিখ পাওয়ার পর কই খুশিতে খলবলিয়ে উঠব, তা না, একেবারেই মিইয়ে গিয়েছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিলেন মা। আঁচলে খুঁটে চোখ মোছেন, কিন্তু চোখের পানি ফুরায় না। তার আগে কোনো দিনই মাকে ওভাবে কাঁদতে দেখিনি আমি।
আসার আগের দিন রাতে দুই চোখের পাতা আর এক হয় না আমার। মা আর বোনেরাও বিছানায় গা লাগায় না। মা আমার বোনদের সঙ্গে নিয়ে আমার নতুন-পুরোনো কাপড়চোপড় আর তাঁর নিজ হাতে তৈরি পিঠা, আমের আচার গুছিয়ে ব্যাগে ভরতে থাকেন। ক্রমশ রাত বাড়তে থাকে। মায়ের নিবিড় কান্নার সুর আরও গাঢ় হয়ে ভেসে আসে কানে। আমার বুকের ভেতরের আকুলিবিকুলি চলতে থাকে অবিরাম।
সকালে চোখ বন্ধ রেখে শুধু একবারই মাকে জড়িয়ে ধরতে পেরেছিলাম। তখন চিত্কার করে কেঁদে উঠেছিলেন মা। আমি দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। একবারের জন্যও পিছু তাকাতে পারিনি সেদিন।
৫ অক্টোবর সকালে বিমান ছেড়েছিল ঠিকঠাক মতোই। যাত্রী হয়ে আকাশে ভেসেছিলাম আমি। (ক্রমশ)
রিয়াদ, সৌদি আরব