রং হারানো বিবর্ণ এক জীবন (চার)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(পূর্ব প্রকাশের পর)

সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন কয়েকজন বাংলাদেশি
সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন কয়েকজন বাংলাদেশি

বুকের ভেতর গভীর কোনো কষ্ট হলেও প্রবাসে হাউমাউ কান্না জুড়ে দেওয়ার উপায় থাকে না। ধীরে ধীরে শুধু বিহ্বল হয়ে আসে চারপাশ। থিতু হতে থাকে বুকের ভেতরটাও। সংবেদনশীলতা হারিয়ে নিজেকে মনে হয় বোধহীন ও অপরিশীলিত।
ফোনে কথা হলে প্রায় সময়ই মা বলতেন, ‘বাবারে, কম দিন তো হলো না। একবার দেশে আয়। আমার বয়স বাড়ছে। তোর বাপের অবস্থাও তো ভালো না। শেষে কখন যে কী হয়!’
কিন্তু মাকে বোঝাতে পারি না। সংসার খরচের টাকা পাঠিয়ে আমার হাতে তো আর তেমন কিছু জমা থাকে না। মাকেই বা কী বলব, নিজের মনকেই বা কী করে বোঝাব। এভাবে এক এক করে সাত বছর হুসহাস করে জীবন থেকে উড়ে গেল। মাকে দেখার জন্য নিজের মনটাও খুব অস্থির হয়। সাত বছর পর তাই ঠিক করেছিলাম, যে করেই হোক সামনের ঈদে বাড়িতে যাব।
এ জন্য দিন-রাত কাজ করতে থাকি। নির্দিষ্ট সময়ের পরও আবার ওভারটাইম করি। এ সময় মনের মধ্যে এক অদ্ভুত এক অবস্থা সৃষ্টি হয়। কোনো রকম ক্লেশ বোধ হয় না। বুকের ভেতর নিবিড় সুখের বীজ বপন হতে থাকে। বার বার মনে হতে থাকে, দেশটাকে দেখব। বাবা-মা, ভাইবোন সবার সঙ্গে দেখা হবে।
এ ছাড়া আর একজনের কথা খুবই মনে হতে থাকে তখন। তার নাম নীলা। তাকে কোনো দিনই মুখে বলা হয়নি, তোমাকে ভালোবাসি। তার পরও কি তার সঙ্গে কম ভালোবাসা ছিল। কত রকম উটকো ছুতোনাতা ধরে আমার সঙ্গে ঝগড়া ফেঁদে বসত নীলা। আমি চটে যেতাম। খুনসুটি আর ঝগড়ার মধ্যেও ছিল অদ্ভুত রকমের এক ভালো লাগা। একটি দিনও কেউ কাউকে না দেখে থাকতে পারতাম না। নীলা ভালোবাসতো নদী, ফুল আর চাঁদ। আমিও তা-ই। এর সঙ্গে কবিতা আর গানও প্রিয় ছিল আমার। নীলাকে আমি গল্প-উপন্যাস-কবিতার বই কিনে দিতাম। আর নীলা আমাকে দিত ফুল আর পাঞ্জাবি।
ভরা পূর্ণিমার রাতে আড়িয়াল খাঁ নদের ধারে বসে গল্প করতাম আমরা। আমি ওর হাত ধরেছিলাম একদিন। বড় মায়া লেগে আছে আজও। আমি বিদেশে আসার কয়েক দিন আগে এক সন্ধ্যায় নীলা আমার হাত ধরে জানতে চেয়েছিল, ‘আবার কবে ফিরবে?’ তারপর কান্নাজড়ানো কণ্ঠে বলেছিল, ‘আমি অপেক্ষায় থাকব।’
নীলা ঠিকই আমার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু সময়টা যে এতটা কর্কশ আর রুক্ষ হবে, ভাবতেই পারিনি কখনো। ভেবেছিলাম বিদেশ আসা মানেই নীলাকে নিজের করে পাওয়া। তখন তো কাঁড়ি কাঁড়ি টাকা আসবে আমার হাতে। নীলা তো আমারই হবে।
সেসব কিছুই হয়নি। পরে বুকের ভেতর পুষে রাখা স্বপ্নগুলোকে বুকের হাড়গোড়ে মুখ গুঁজে কাঁদতে দেখি অবিরাম। তখন ভাবি, আজ আর ভালোবাসার দোহাই পেরে লাভ কী। ভাগ্য বলেও তো কথা আছে।
নীলার বিয়ে হয়ে যাওয়ার পর ভেবেছিলাম, আর কোনো দিনই দেশে ফিরে যাব না। কী হবে দেশে না গেলে। কিন্তু এত কাল পর এসে বুঝলাম, সত্য প্রেম বলে যদি কিছু থেকেই থাকে, তা তো গর্ভধারিণী মা আর দেশের সঙ্গে। নারীর প্রেম সব সময় নিগূঢ় হয় না। তাই নীলাকেও ভুলতে পারব এই জীবনে।
দেশে ফেরা নিয়ে বুকের ভেতর নানা রকম স্বপ্ন এঁকে যেতাম। মায়ের সুখী মুখ। সেই শেওলা ধরা পুকুর। আড়িয়াল খাঁ নদ । তার ওপারে নিবিড় সবুজের মাঠ। তার ওপাশে গ্রাম। ছোট বোন ঋতুটাও অনেক বড় হয়েছে এত দিনে। সেই আগের মতো এখনো কি আমার কাঁধে চড়ে বসতে চাইবে ঋতু।
যথাসময়ে বিমানের টিকিট পেলাম। ঈদের তিন দিন আগে আমার যাত্রার তারিখ। এত দিন পরে দেশে ফিরব। সবার জন্যই অল্পবিস্তর কিনতে মন চায়। সাধ্যমতো কেনাকাটা করলাম বিপণিবিতান আর হাইপার মার্কেট থেকে। হাত খরচের টাকাও জোগাড় হলো। যাওয়ার আগের দিন মার মোবাইল থেকে কল আসে। আমি কলব্যাক করি। মা তো মহাখুশি, আমি দেশে ফিরছি। অনেক কথা হলো সেদিন। শেষ কথাগুলো শুনে নতুন এক শঙ্কার মধ্যে পড়ে গেলাম। মা বলল, ‘ছেলেটা খুব ভালো। এমন ছেলে হাতছাড়া করা চলে না। ঋতুরও তো বিয়ের বয়স হইছে। তোর বাবারও মত আছে।’
অনেক দৌড়ঝাঁপ করে এক রাতের মধ্যেই প্রায় দুই লাখ টাকা ঋণ করলাম বন্ধুদের কাছ থেকে। ঋতুর বিয়ে তো আর একেবারে খালি হাতে দেওয়া যাবে না!
দেশে ফিরলাম। ঈদ হলো। ঋতুর বিয়েও হলো। কিন্তু দেখি, আমার স্বপ্নগুলো সব মৃত জোঁকের মতো লেপ্টে আছে পথের পাশে, অবারিত সবুজের মাঠে, শস্য খেতে আল ধরে। মায়ের মুখময় সেই সুখ জড়িয়ে থাকে না এখন আর। ঋতু এসে লাফঝাঁপ মেরে আমার কাঁধে চড়তে চায় না। আড়িয়াল খাঁ নদটি সেই আগের মতো নেই। স্থির হয়ে গেছে। নদীর ওপাশের সবুজ হাত বাড়িয়ে ডাকে না। নীলাও নেই। সে বহু দূরের দেশ ইতালিতে। স্বামীর সঙ্গে সংসার করছে। সে এখন কেমন আছে তা-ও জানা হয় না।
তবুও দেশটাকে যেন স্বর্গ মনে হয়। কিন্তু উপায় থাকে না। শেষে একদিন চোখের জলে আবার সবার কাছ থেকে বিদায় নিয়ে উড়তে হলো আকাশে। আরব সাগর পার হয়ে এই মরুর দেশে। (ক্রমশ)
কাজী সাইফুল ইসলাম
রিয়াদ, সৌদি আরব