রং হারানো বিবর্ণ এক জীবন (দুই)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সাইফুল ইসলাম
কাজী সাইফুল ইসলাম

অনেক দৌড়াদৌড়ির পর প্রবাসে এসেও পড়লাম নতুন এক সংকটে। রেসিডেন্ট পারমিট (ইকামা) না থাকায় প্রায় দুই মাস আমাকে একটি ঘরে লুকিয়ে থাকতে হয়। দিন-রাত ওই ঘরে থেকে একেবারে হাঁপিয়ে উঠলাম। এক ঘরেই অষ্টপ্রহর প্রায় বন্দী থেকে সময় ফুরায় না। রাতে দুই চোখের পাতা এক করতে পারি না। হিজিবিজি নানা কথা মনে হতে থাকে সব সময়।
ছোট একটি মাত্র ঘর। সেখানে গাদাগদি করে ছয়জনের বাস। আমি নতুন, তাই সিট মেলেনি। আমার শোয়ার ব্যবস্থা মেঝেতে। রংচটা পুরোনো একটি কম্বল জোটে গায়ে দেওয়ার জন্য। কার্পেটের ওপর বিছিয়ে দিই ছোট একটা চাদর। আর মাথার নিচে দেওয়ার জন্য পুরোনো একটি বালিশও পেয়েছিলাম। কিন্তু বালিশটিতে ছিল উত্কট গন্ধ আর ভেতরের তুলো সব জট পাকানো।

প্রথম দিন বেশ অবাক হয়েছিলাম কম্বল দেখে। কি ভীষণ গরম আর গায়ের চামড়া একেবারে জ্বলে যাচ্ছে। এই গরমে কম্বলের কাজটা কী? তখন জানলাম, এই মরুর দেশে ১২ মাসই কম্বলের দরকার হয়। বাইরে পঞ্চাশ ষাট ডিগ্রি তাপ থাকলেও এসির বাতাসে রাতে বরফঠান্ডা হয়ে থাকে ঘরের ভেতর। তাই কম্বল মুড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
আমার দিন কাটতে থাকে মহা উত্কণ্ঠা আর রংচংহারা তিক্ত সময়ের রুক্ষ হাত ধরে। গোটা রাত এপাশ-ওপাশ করি। মনে হতো আর কোনো দিনই বুঝি ঘুম আসবে না চোখজুড়ে।

নিয়ম করে কাজে যেত পুরোনো সবাই। কেউ ফজরের আজানের আগে, আবার কেউ কেউ ফজরের আজান হলেই উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কাজে। তার পরই একটু ঘুম আসে আমার।
বেশি সময় ধরে ঘুমাতেও পারি না। বুকের ভেতর নিগূঢ় আকুলিবিকুলি শুরু হয় ঘুমের ঘোরেই। নিজের গোঙানির শব্দেই ঘুম ভাঙে আমার! তখন বুকের ভেতর গুবগুব করে ওঠে। দেশের কথা খুবই মনে পড়ে। মার কথা মনে হতেই দুই চোখ থেকে ঝরে অশ্রু। কিছুতেই আর ধরে রাখতে পারি না নিজেকে। মাকে ছেড়ে থাকতে হবে শুনলেই ছোটবেলায় আমি যেভাবে হাউমাউ করে কেঁদে উঠতাম, এখানে এসেও তা-ই করি।

দিনের অর্ধেকটা থ মেরে পড়ে থাকতাম মেঝেতেই। রান্নাবান্নার বিন্দুবিসর্গও তো জানা ছিল না তখন। দুপুর হলেই ক্ষুধায় পাগলের মতো লাগত। তখন গত দিনের বাসি ভাত আর তরকারি কোনো রকমে নাকেমুখে গুঁজে দেওয়া অনিবার্য হয়ে পড়ত।

ধীরে ধীরে অল্পবিস্তর কষ্ট সয়ে নিতে থাকি। দু-একজন চেনা পরিচিত লোক এসে কিছু কিছু করে টাকা গুঁজে দিয়ে যায় হাতের মুঠোয়। সে টাকা দিয়েই দেশে ফোনে কথা বলি মা ও বাবার সঙ্গে। আর মাঝে মাঝে দোকান থেকে জুসটুস কিনে খাই খুবই হিসাব করে।
কোনো কিছুতেই স্বস্তি পাই না। মনটা পড়ে থাকে দেশেই। তা ছাড়া পুরো দিন একা একা ঘরের মধ্যে থেকে নিঃসঙ্গতা গিলতে থাকে আমাকে। আর কর্কশ ভাবনাগুলোয় প্রকাণ্ড বটগাছের মতো শাখাপ্রশাখা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নতুন ভাবনা গজিয়ে ওঠে।

ইচ্ছে থাকলেও বাইরে যাওয়ার কোনো জো নেই। কারণ, রেসিডেন্ট পারমিট তখনো হাতে পাইনি। তখনই বুঝেছিলাম স্বাধীনতা কাকে বলে। গর্বে ভরে উঠেছিল আমার বুক। আমাদের পূর্বপুরুষদের জন্য। তাদের রক্ত, ঘাম আর মরণে পেয়েছিলাম বাংলাদেশ।

এখানকার অফিসে একরকম প্রতিদিনই যোগাযোগ হয়। নানা রকম উল্টাপাল্টা কথা শুনতে হয়। ডেট দিতে থাকে। আজ না কাল করে করে মাস পেরিয়ে যায়। কিন্তু ইকামা জোটে না। আর ইকামা ছাড়া কাজ তো দূরে থাক, ঘরের বাইরে যাওয়া বিরাট ঝক্কির কাজ। পুলিশের হাতে ধরা খেলে সোজা দেশে।
ধীরে ধীরে কাজ সম্পর্কে জানলাম। অবাকও হয়েছিলাম খুব। বেশির ভাগ ছেলেই কাজ করে কনস্ট্রাকশন সাইডে। মোট কথা, একটি ভবন বা দালান তৈরি করতে যা কিছু দরকার হয়, তার সব শাখাতেই কাজ করতে হয়। মরুভূমির মধ্যে নতুন নতুন সব আধুনিক শহর গড়ছে এ দেশের সরকার। কাজের কোনো সীমা-পরিসীমা নেই।

কিন্তু আমি পড়ে গেলাম বিশাল শঙ্কার মধ্যে। আমার তো আবার কোনো রকম অভিজ্ঞতাই নেই। কিন্তু পুরোনো লোকদের কথা শুনে কিছুটা স্বস্তি পাই। বাংলাদেশ থেকে কেউ তো আর কাজ শিখে আসে না এ দেশে। তারা প্রথমে লেবার। কয় মাস গেলেই টেকনিশিয়ান। প্রাণপণ চেষ্টা করে সবকিছুই মানিয়ে নিচ্ছি ধীরে ধীরে। একসময় একটু ভালো লাগতে শুরু করে। কিন্তু ঘরের মধ্যে বন্দী থাকা বিশাল ঝক্কির কাজ। কষ্টের কোনো সীমা থাকে না।
এদিকে থাকা ও খাবার জন্যও তো টাকা লাগে। অবশ্য সে টাকাগুলো আশপাশের পরিচিত লোকেরাই দিয়েছিল। কিন্তু হিসাব রাখা হতো সব। ইকামা হাতে পেলেই কোনো না কাজ জুটবে। তার পরই শোধ করে দিতে হবে।
দিন যত যাচ্ছে, ততই উত্কণ্ঠা বাড়তে থাকে। কারণ, দুই মাস হতে চলেছে। বাড়িতেও টাকা পাঠাতে হবে। শেষ পর্যন্ত অনেক দৌড়ঝাঁপ করে ইকামা পাওয়া গেল। ব্যাপারটা জীবন হাতে পাওয়ার মতোই। মাত্র দুই দিনের মধ্যেই একটি কাজ জোগাড় হলো। ইলেকট্রিক লেবার। (ক্রমশঃ)


কাজী সাইফুল ইসলাম
রিয়াদ, সৌদি আরব