রং হারানো বিবর্ণ এক জীবন-পাঁচ
(পূর্ব প্রকাশের পর)

সময় জীবনের রংচঙে দিনগুলো কেড়ে নেয় ঠিকই। কিন্তু চলার পথ সম্পর্কে ভুলভাল বোঝায় না কখনোই। পৃথিবীর বুকে হাঁটতে থাকি কখনো রুষ্ট, আবার কখনো দাপুটে পায়ে। তবে বুঝতে অনেক বাকি থাকে। শরীটাও ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে অবিরাম পরিশ্রমে। রোগ-শোকে শরীরটা নেতিয়ে পড়ে। দুঃখকষ্ট মনটাকে জাপটে ধরে। তখন মনটা বিরাম চায়।
বোনের বিয়ে দিয়ে ফিরে আসার পর অল্পবিস্তর টাকা জমতে থাকে হাতে। অনেক হিসাব করে টাকগুলো জমাতে থাকি। প্রবাস আর ভালো লাগে না। মা-বাবারও বয়স বাড়ছে। তাদের সঙ্গে মিলেমিশে থাকতে বুকের ভেতর আকুলিবিকুলি করে।
তখন নতুন একটি স্বপ্নের বীজতলা বপনে আবার আঁটসাঁট বেঁধে নামলাম। মনে ভাবনা এলো যে করেই হোক দেশে ফিরতে হবে আমাকে। কোনো রকমে দুবেলা খাবার জোগাড় করে নিলেই তো হলো। অত সব বিলাসি জীবন প্রয়োজন নেই আমার।
দিন রাত কাজ করি। দুই বছরের মধ্যেই হাতে বেশ কিছু টাকাও জমে গেল। এই সময় বুকের ভেতর লেটপে থাকে অদ্ভুত এক চাক খুশি। হঠাত্ এক দিন মার কাছে জানলাম, আমাদের থাকার ঘরটি একেবারেই নষ্ট হয়ে গেছে। সেখানে আর বসবাসের কোন জো নেই। টিনের চালায় জং ধরেছে। ফুটোফাটার শেষ নেই। একটু বৃষ্টি হলেই মহা বিড়ম্বনায় পড়তে হয়। ঘরের মেঝেতে পানি পড়ে চাবচুব করে। কাঠের খুঁটিগুলোতে ঘুণপোকা আর উইঢিবির আস্তানা। এছাড়া মা আমার বিয়ে ঠিক করেছেন। নতুন ঘর ছাড়া বৌ এসে থাকবেই বা কোথায়। মেয়েটিকে আমার বাবারও পছন্দ হয়েছে।
নিজেও ভাবি। সময় তো আর থেমে থাকে না। মাথা ভর্তি চুল নিয়ে এই মরুর দেশে এসেছিলাম। ঝেড়েঝুড়ে এখন তার অর্ধেকও নেই তালুতে। আরও দুই বছর পার হলে গোটা মাথাই তেলতেলে হয়ে যাবে।
দুই বছরে টাকা যা জমেছিল তা নিয়েই নেমে পড়লাম পাকা বাড়ি বানানোর কাজে। চার কামরার একটি দালান তুলতে নাভিশ্বাস ধরে গেলো আমার। হাতে যা ছিল তাতে শেষ হলো না। শেষে আবার ঋণ করতে হলো। তবুও আমার মনে সুখের সীমা পরিসীমা ছিল না। ভাবি একটি বাড়ি তো বানাতে পেরেছি। বাবা এখনো জীবিত। তিনি দেখে যেতে পারলেন। বুড়ো বয়সে মাবাবার বর্ষাবাদলে আর কষ্ট হবে না। নিজেরও একটি মাথা গোঁজার ঠাঁই হলো।
বাড়ি শেষ হতে না হতেই আমার পিছে উঠেপড়ে লাগলেন মা। কিন্তু আমি তো তখন ছুটিতে যেতে পারছি না। হাতে টাকাপয়সাও কিছু নেই। শেষে ফোনে বিয়ে হলো আমাদের। বুকের ভেতর শুরু হলো নতুন চাড়।
বিয়ের প্রায় এক বছর পরই বাড়িতে গেলাম। এর মধ্যে পুরনো ঋণ শোধ হলো ঠিকই, কিন্তু আবার নতুন ঋণের জালে জড়িয়েই বাড়িতে ছুটতে হয়েছিল সেবার। কেন যেন মনে হলো, নতুন করে মস্ত এক ফাঁদে ফেঁদে গেলাম আবার। একেবারেই দেশে ফেরার যে বীজ রুয়ে ছিলাম বুকের ভেতর, তাও তখন মৃতপ্রায়। রুক্ষ সময়ের ভারে বীজতলা মিইয়ে গিয়ে জবুথবু হয়ে সদাই পড়ে থাকে নিবিড় অন্ধকারে।
দুই মাস দশ দিন পরেই আবার উড়তে হলো আমাকে। মরুর দেশে এসে তখন আর কিছুই ভালো লাগে না। চারদিক যেন রংচঙহীন আস্তর ছাড়া প্রকান্ড এক দেয়ালে ঘেরা। হতাশ হয়ে একদিন মাকে জানালাম, আমি আর এ দেশে থাকতে পারছি না। শরীরেও আর কুলায় না।
ডুকরে কেঁদে উঠে ফোনটা স্ত্রীকে ধরিয়ে দিলেন মা। স্ত্রীর মুখে সান্ত্বনা পাই, সংসারে নতুন কেউ আসছে। আগন্তুকের জন্যও তো আমাদের ভাবতে হবে। দেশের যে অবস্থা, দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। এখানে এসে প্রবাসীর তেমন কিছুই করার নেই। এছাড়া আছে টাউট বাটপারের ভয়। তারা প্রবাসী কাউকে পেলে একেবারে মুড়ো করে ছাড়ে।
এভাবেই কাটতে থাকে আমার দিন। ছুটিতে আবার বাড়িতে আসি। ক্রমশ সংসারে খরচ বাড়তে থাকে। টাকা জমা হয় না আর। এর মধ্যে আর একটি সন্তান হয়। দুই সন্তান, বাবা-মা আর স্ত্রী। এক সময় মনে হয়, নিজের জীবন তো শেষই, এবার ছেলেমেয়েদের মানুষ করতে হবে।
ধীরে ধীরে দেখতে পাই, নিজের জীবনের সব স্বপ্ন আর চাওয়াপাওয়া ফ্যাকাসে হয়ে পড়ে আছে চওড়া রাস্তাগুলোর পাশে। যে রাস্তা ধরে প্রতিদিনই আমার চলা। তবুও স্বপ্নগুলো পিছু ছাড়ে না কিছুতেই। যখন রাস্তার পাশ দিয়ে একা হাঁটি, দেখি পুরানো স্মৃতি আর স্বপ্নগুলো মুখ উঁচিয়ে ফ্যালফেলিয়ে তাকিয়ে আছে আমার দিকে।
এটা দেখে চোখে পানি আসে। তখন নিজের মনেই বলে উঠি, এখন আমার জীবন কাটে দূর আকাশের তারা দেখে, সবুজ দেখা হয় না আমার বিবর্ণ এই মরুর দেশে। (ক্রমশ)
কাজী সাইফুল ইসলাম
রিয়াদ, সৌদি আরব
আরও পড়ুন: