রংতুলিতে অজানা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃক গ্যালারি চলছে অটিস্টিক শিশুদের আঁকা ছবির প্রদর্শনী। ছবি: সংগৃহীত
দৃক গ্যালারি চলছে অটিস্টিক শিশুদের আঁকা ছবির প্রদর্শনী। ছবি: সংগৃহীত

অটিজম নিয়ে সবার মাঝে সচেতনতা গড়ে তুলতে রাজধানীর দৃক গ্যালারিতে ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ৮ দিনের চিত্র প্রদর্শনী। ‘রং তুলিতে অজানা কথা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অটিজম–বিষয়ক সচেতনতা গড়ে তুলতে সার্ফ এক্সেলের সহযোগিতায় এই আয়োজন করেছে ছাত্রসংগঠন হ্যানস।
‘ইমারজড ফ্রম আননোন সিক্স’–এর ব্যানারে ঢাকার আটটি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা ১২০টি চিত্র প্রদর্শিত হচ্ছে দৃক গ্যালারিতে। প্রদর্শনীটি ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে।
৭ নভেম্বর এই প্রদর্শনী উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যানসের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন আবুল বারক আলভী এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি অ্যাকটিভেশন ব্যবস্থাপক আবদুল্লাহ রাশেদ মাহমুদ।
মীর সোহরাবুল হোসেন বলেন, অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে হ্যানস। ‘ইমারজড ফ্রম আননোন’ ছাড়াও হ্যানসের কার্যক্রমের মধ্যে রয়েছে ‘শেয়ার উইথ ইনোসেন্স’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠান।’

‘ইমারজড ফ্রম আননোন সিক্স’–এর ব্যানারে ঢাকার আটটি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা ১২০টি ছবি প্রদর্শনীর উদ্বোধন। ছবি: সংগৃহীত
‘ইমারজড ফ্রম আননোন সিক্স’–এর ব্যানারে ঢাকার আটটি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা ১২০টি ছবি প্রদর্শনীর উদ্বোধন। ছবি: সংগৃহীত

আবুল বারক আলভী বলেন, ‘হ্যান্সের তরুণ কর্মীদের নিয়ে আমি মুগ্ধ। আমার ওপর দায়িত্ব ছিল অটিস্টিক শিশুদের চিত্রগুলো বাছাই করার। তারা উৎসাহ আর আনন্দ নিয়ে এই ছবিগুলো এঁকেছে। আমাদের উচিত এদের দূরে না ঠেলে এদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।’
আবদুল্লাহ রাশেদ মাহমুদ বলেন, ‘এই শিশুদের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। পাঁচ বছর ধরে সার্ফ এক্সেল ও হ্যান্স একসঙ্গে কাজ করেছে, ভবিষ্যতে অটিজম নিয়ে সচেতনতা বাড়াতে কাজ চালিয়ে যাবে।’
চিত্র প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন, অটিস্টিক শিশুদের অনুভূতি প্রতিফলিত হয়েছে তাঁদের আঁকা ছবিতে। প্রদর্শনীটির প্রতিটি ছবি বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে এবং বিক্রীত ছবির অর্থ শিশুদের হাতে তুলে দেয়া হবে।