
কফিশপে দুজন মানুষ মুখোমুখি। টেবিলের ওপর একজন হাতে কফিমগ নিয়ে বসে আছেন, আরেকজন খাতার ওপর এক হাত রেখে ডান খাতায় কিছু লিখছেন। নিচে মেঝেতে হেঁটে যাচ্ছে একটি কচ্ছপ। পাশে টবে দুটি ক্যাকটাসগাছ। গাছে ফুলের মতো ফুটে আছে একটি হৃদয়। কমলা, ধূসর, সবুজ ও নীল রঙের ব্যবহারে ছবিটি এঁকেছেন স্প্যানিশ চিত্রশিল্পী ডুলসে কুসেডা ম্যাগরো।
গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে কালার অব বাংলাদেশ শিরোনামে শুরু হয় দুই স্প্যানিশ চিত্রশিল্পী ডুলসে কুসেডা ম্যাগরো ও ইউয়ান লোরেন্সের ৩০টি পেইন্টিং ও ৫০টি প্রিন্ট গ্রাফিটি নিয়ে যৌথ চিত্র প্রদর্শনী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পসমালোচক আবুল মনসুর। অতিথি ছিলেন কবি আবুল মোমেন, রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওয়েগ পি বয়কো, চারুকলা ইনস্টিটিটউটের পরিচালক নাসিমা আখতার, শিল্পী আহমেদ নেওয়াজ ও সুব্রত বড়ুয়া। এটি ডুলসের তৃতীয় ও লোরেন্সের প্রথম প্রদর্শনী বাংলাদেশে।
গ্যালারিতে ঢোকার পর চোখে পড়ে ইউয়ান লোরেন্সের আঁকা পেইন্টিং শিরোনামের চিত্রটি। এখানে তিনি এঁকেছেন লাল পটভূমিতে সবুজ রঙের একটি সাপের অবয়ব। ওপরে নীল রঙের অংশে ২০১৫ লেখা। তার নিচে সবুজ সাপের ওপর হলুদ অক্ষরে বাংলাদেশ লেখা চিত্রের নিচের অংশে লালচে খয়েরির ওপর সাদা রঙে লেখা ঢাকা-চট্টগ্রাম।
এ ছাড়া তাঁর শিল্পকর্মে ঘুরেফিরে স্প্যানিশ বুল (ষাঁড়)। রং ও রেখার সংবেদনশীলতা প্রয়োগ চিত্রপটে এনেছে পরিবর্তন, সূক্ষ্ম রেখার সরল বিভাজন। মোটা ব্রাশে রং চুবিয়ে নানা নিরীক্ষায় ছাপচিত্রের মতো তাঁর আঁকার ধরন ছিল লক্ষণীয়।
শিল্পকলার দ্বিতীয় কক্ষের দক্ষিণ দেয়ালে চিত্রশিল্পী ডুলসে কুসেডা ম্যাগরো একটি ইনস্ট্রোলেশন দর্শককে তাঁর শৈশবের কথা মনে করিয়ে দেবে। একটি কিশোরী তার ছেলেবেলার ব্যাগ, খাতা, বই, শৈশবের আঁকা ছবির উপস্থাপন করেছে সাদামাটাভাবে। ইমেজের চেয়ে অনুভূতিই এতে প্রধান ভূমিকা পালন করেছে।
এ ছাড়া চিরায়িত গ্রাম-বাংলার লোকজ সংস্কৃতির অংশ হিসেবে বর-কনে, কলাগাছ, হাতি ইত্যাদি লোকজ ফর্ম ও আধুনিক পপ আর্টের রঙের প্রয়োগ করেছেন তাঁর প্রায় চিত্রপটে।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘আমি জীবন, ভালোবাসা, কবিতা, সৌন্দর্য, প্রতিটি মুহূর্ত, বন্তুর ছায়া ও মানুষের আনন্দ ফুটিয়ে তুলেছি সর্বোচ্চ উজ্জ্বল রঙে। বাংলাদেশের মানুষকে আমার খুব ভালো লাগে। ছবির মাধ্যমে মানুষকে খুশি দেখতে চাই।’
এই প্রদর্শনীতে লোকজ ফর্ম, উপমহাদেশের রাগসংগীতের সুর, ফটোগ্রাফি, গ্রাফিটি, টাইপোগ্রাফি ও উজ্জ্বল রঙের উপস্থাপনে বাংলাদেশ প্রীতির বহিঃপ্রকাশ এই রঙিন বাংলাদেশ। গত ২৮ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় ৩১ জানুয়ারি।