ক্যানভাসের পুরোটা জমিনজুড়ে শুধু রেখার নাচন, সেই সঙ্গে মাঝেমধ্যে পরিমিত রঙের শৈল্পিক ছড়াছড়ি। রেখার মায়াজলের মাধ্যমে শিল্পীর নিজস্ব চিন্তা-ভাবনা, সমাজের প্রতিচ্ছায়া এবং শাশ্বত প্রেমের আবেদন তুলে ধরার স্বাদ পাওয়া যাবে ‘রেখার প্রাণ খোঁজা’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে শিল্পী মোহাম্মদ আরিফের চতুর্থ একক প্রদর্শনী শুরু হয়েছে ৯ ডিসেম্বর। কাল ১৭ ডিসেম্বর বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। প্রদর্শনীতে ৭৯টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ‘লাইফ এসেসমেন্ট’, ‘ড্যান্স’, ‘পাখা’, ‘লাইফ লাইনস’, ‘পোর্ট্রেট অব লাইফ’সহ বেশ কয়েকটি ছবি দর্শকদের মনোযোগের কেন্দ্রে ছিল। ছবিতে শিল্পী মূলত সাদা-কালো এবং আবছা রঙের মাধ্যমে রেখার মায়াজাল সৃষ্টি করেছেন। প্রত্যেকটা রেখাকে আলাদাভাবে বিশ্লেষণ করা যায়। অনেক শিল্পকর্মে আছে আলো-ছায়ার মায়াজাল, তাতে লুকোচুরিতে শিল্পীর মনের লুকায়িত ভাবনা এবং সময় ও সমাজের ঘটনা প্রকাশ পেয়েছে। রেখা নিয়ে কাজ করা প্রসঙ্গে মোহাম্মদ আরিফ বলেন, ‘রেখা নিয়ে কাজ করার উপাদানগুলো খুব সহজলভ্য। শুধু কাগজ, কলম, কালি, প্যাস্টেল রং দিয়ে কাজ করা যায়। তবে এমন সহজলভ্য উপাদান দিয়েও রেখার মাধ্যমে বিষয়বস্তুর দৃঢ়তা-নমনীয়তা প্রকাশ এবং আলো-আঁধারির খেলা করা যায়।’এই বিশেষ মাধ্যমের কাজের ইতিহাস নিয়ে মোহাম্মদ আরিফ জানান, ‘রবীন্দ্রনাথও তাঁর চিত্রকর্মগুলোতে রেখার মাধ্যমে আলো-আঁধারির খেলা করেছেন।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মনসুর-উল-করিম বলেন, ‘মোহাম্মদ আরিফ সমসাময়িক শিল্পীদের থেকে অনেকটা ভিন্ন প্রকৃতির। বিষয়বস্তু নির্বাচনে এমনকি চিত্রের জমিন ব্যবহারের ক্ষেত্রে একজন সৃজনশীল শিল্পীর দক্ষতার পরিচয় বহন করে। স্পন্দিত রেখার স্বচ্ছ বর্ণচ্ছটাই তার সাম্প্রতিক ছবিসমূহ।’ চাকরিজীবী পুণম আলী জানান, ‘সাদা-কালো এবং হালকা কিছু রঙের মধ্যে সীমাবদ্ধ থেকে শিল্পী যেভাবে তাঁর শিল্পকর্মকে প্রাণবন্ত করে তুলেছেন তা দুঃসাহসিক এবং প্রশংসনীয়।’মহসিন কলেজের ছাত্র ইরফান মাহমুদ জানান, ‘শুধু রেখার মাধ্যমে শিল্পীর চিন্তা-চেতনা, লোকজ ঐতিহ্য, যেমন পুতুল, পাখা, হাতি, পাখি এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায়, তা আগে কল্পনা করিনি।’