রংতুলিতে মূর্ত হয়ে উঠেছে সবুজ প্রকৃতি। নীল টলটলে হ্রদের জলে ছায়া পড়ছে গহিন বনের। কোথাও সাদা কালো রঙে আঁকা গ্রামীণ পটভূমি, গরুর গাড়ি চলছে গাঁয়ের মেঠোপথে, দেখে মনে হয় এ যে আমারই গ্রাম! রং ও তুলির অপূর্ব মিশ্রণে তৈরি সবুজ প্রকৃতির চিত্র। এ রকম কিছু চিত্র নিয়ে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে হয়ে গেল স্কুল অব ফাইন আর্টসের পঞ্চম বার্ষিক চিত্র প্রদর্শনী। ২০-২২ জানুয়ারি বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এ প্রদর্শনী। উদ্বোধন করেন শিল্পী কে এম এ কাইয়ুম। তেলরং ও জলরঙে আঁকা বেশির ভাগ ছবিরই মূল বিষয় ছিল প্রকৃতি। এ ছাড়া শিশুশিল্পীদের আঁকা কিছু ছবির উপস্থিতি প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করেছে। তবে তেল ও জলরঙের ভিড়ে আলাদা দৃষ্টি কাড়ে জয়নাব সামিয়ার প্রকৃতির ছবি। ওই ছবিতে ব্যবহূত হয়েছে পোস্টার রং। তেলরঙে আঁকা ফাতেমা তুজ জোহরার ফিগার স্টাডি এবং রেললাইনের ওপর মানুষের দৈনন্দিন জীবিকা নিয়ে রাকেশ সাহার ফিগার কম্পোজিশন এক কথায় চমত্কার। তবে মানুষের প্রতিকৃতিগুলো তেমন সাড়া জাগাতে পারেনি। সব মিলিয়ে প্রদর্শনীতে ছিল সবুজের জয়গান।