রংতুলিতে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সী মেয়েটার আর কোনো কাজ নেই; কেবল রাত-দিন কাগজ-কলম নিয়ে আঁকাআঁকি খেলা। ‘অ’ লিখতে বললে অজগর এঁকে ফেলে, ‘আ’ লিখতে বললে আম!মেয়ের এমন অঙ্কনপ্রতিভায় স্বজনেরা যখন মুগ্ধ-বিস্মিত, তখন বাবার ভ্রুতে দুশ্চিন্তার গিঁট। সরকারি চাকুরে, বিষয়ী বাবা বেশ ভালোই বোঝেন, যে মানুষ চেনা পথে হাঁটে, তার পথ একটাই; আর যে অচেনা পথে হাঁটে, তার পথ অনেক। তাই তিনি চান না মেয়ে তাঁর অচেনা পথে হেঁটে দিগ্ভ্রান্ত হোক; বরং বড় দুই মেয়ের মতো চিরাচরিত পথেই গন্তব্য খুঁজে নিক। কিন্তু মেয়ে শেষ পর্যন্ত উল্টো পথেই পা বাড়ালেন। বাবার ইচ্ছায় যদিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ চুকালেন বিজ্ঞান বিভাগ থেকে; আখেরে কিন্তু নোঙর ফেললেন শিল্পকলার ঘাটেই। সমাজের দোহাই, পরিবারের দোহাই—সব উপেক্ষা করে ময়মনসিংহের সেই জেদি মেয়ে, বাবার আদরের শারমিন জামান একাকী এসে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে।আত্মার সঙ্গে আপস না করা শারমিন খুব কি ভুল করেছিলেন সেদিন? এ প্রশ্নের উত্তর জানতে আমাদের আরও কিছুক্ষণ থাকতে হবে শারমিনের সঙ্গে। ‘একেক সময় মনে হতো, ভুল করলাম হয়তো। তবে সে ভাবনা মনে ঠাঁই দিতাম না একটুও। বারবার মনকে বলতাম, শারমিন, তুমি যে ভুল করোনি, সেটা প্রমাণ করো... প্রমাণ করো...।’ মনের এই একাগ্রতা শারমিনকে এনে দিয়েছে স্নাতক ও স্নাতকোত্তর দুটি পর্যায়েই সর্বোচ্চ সাফল্য। তিনি হয়েছেন প্রথম শ্রেণীতে প্রথম।শারমিনের এমন অর্জনে গর্বিত হবে চারুকলার ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ—এমনটাই স্বাভাবিক। স্বাভাবিক স্বজনপরিজন, বন্ধু ও শিক্ষকদের মুখ থেকে প্রশংসার ফুলঝুরি ঝরে পড়া। এবং আরও স্বাভাবিক এত এত স্তুতির তোড়ে শিক্ষার্থী শারমিনের হারিয়ে ফেলা শিল্পী শারমিনকে। কিন্তু তিনি সেটা হতে দেননি। শুরু থেকেই যত্নশীল ছিলেন শিল্পী শারমিনের প্রতি। তাই তাঁর চিত্রকর্মও নজর কেড়েছে বিদ্বজ্জনের। ছিনিয়ে এনেছেন পুরস্কার বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রদর্শনী থেকে।শারমিন কখনো কোনো পড়া মুখস্থ করেননি। যেটা পড়েছেন, সেটার প্রেক্ষাপটসহ পড়েছেন। পড়েছেন জানার আগ্রহ নিয়ে, আর প্রতিটি পড়ার মধ্যে খুঁজেছেন আনন্দ। ‘তবে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ধৈর্য। কি পড়ালেখা, কি আঁকাআঁকি—দুটোর জন্যই চাই অসীম ধৈর্য।’ বলছিলেন শারমিন।মাস্টার্স শেষ করেছেন বটে, তবে এখনই আর সব বন্ধুর মতো জীবিকার সন্ধানে বের হতে চান না এই মেধাবী। ‘শিক্ষার্থী’ পরিচয়কে টেনে নিয়ে যেতে চান আরও কিছু দূর। ইচ্ছে আছে ‘চিত্রকলায় সাহিত্য’ বিষয়ে পিএইচডি করার। ইতিমধ্যে বাংলা সাহিত্যের বেশ কিছু কালজয়ী চরিত্র নিয়ে কাজ করেছেন। রবীন্দ্রনাথের ‘কৃষ্ণকলি’ নিয়ে এঁকেছেন অনেক ছবি। ইউরোপীয় চিত্রকলার চেয়ে ভারতীয় চিত্রকলাই বেশি টানে তাঁকে। তাই উচ্চতর শিক্ষার জন্য ভারতই প্রথম পছন্দ তাঁর। তবে ইউরোপকে যে একেবারেই বাদ দিচ্ছেন তা নয়। ‘সত্যিকারের শিল্পী হওয়ার জন্য ইউরোপ দর্শনের বিকল্প নেই। তাই জীবনে একবার হলেও ইউরোপ যাব আমি।’ বলেন চারুকলার এই ধীমতী।অবসরে গান শোনেন, সিনেমা দেখেন, জীবনানন্দের কবিতা পড়েন এই শিক্ষার্থী-শিল্পী। ক্রিকেট, টেনিস, ফুটবলও দেখেন।তবে আপাতত কোনো অবসর নেই বলে জানালেন তিনি। ‘একটি একক প্রদর্শনী করার প্রস্তুতি নিচ্ছি। তাই সারা দিন রংতুলি নিয়েই ব্যস্ততা আমার।’ শারমিনের সরল স্বীকারোক্তি।[email protected]