রংতুলিতে স্বপ্নের ওড়াওড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাননে ফুটেছে কুসুমকলি, তার পাশে ফুল, ফল ও লতাগুল্মের জড়াজড়ি। সেখানেই স্বপ্নের ওড়াওড়ি। পাখির কলতান, পাতাঝরার শব্দ আর স্বপ্নচারীদের গানে মুখর চারদিক। সবুজের বুকে একখণ্ড ইট-সুরকির ভবন—আর্ট গ্যালারি। পাশে গাছের ছায়ায় চলছে আঁকাআঁকি। এক কোণে বসে আপন মনে গাইছেন কয়েকজন। কাছেই শোনা যাচ্ছে মন পাগল করা বাঁশির সুর। বকুলতলায় জমেছে স্বপ্নবাজ শিল্পীদের আড্ডা। ক্যাম্পাসটাই যেন ছবি আঁকার বিশাল এক ক্যানভাস।এ ক্যানভাস চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ ক্যাম্পাসের, যেন শিল্পীর তুলির আঁচড়ে সৃষ্টি। আর চারুকলার আড্ডা মানেই প্রেম, বিরহ, ভালোলাগা-মন্দলাগা, সমকালীন চিন্তাভাবনা ইত্যাদি...। তারুণ্যের আড্ডায় প্রেম থাকবে না সেটা হয় নাকি! তো প্রেমে পড়েছেন কে কে? হাসির রোল চারদিকে, কিছুটা লজ্জাও। একজন অপরজনকে দেখিয়ে দিল। সংকোচের আবরণ ঢেকে সাহস করে প্রথম বর্ষের পিয়াল পিউ আঙুল উঁচিয়ে ইঙ্গিত করলেন ‘ইশরাত প্রেমে পড়েছে।’ এই সেরেছে। খেপে গেলেন নায়িকা। সলজ্জ প্রতি উত্তর, ‘এবার তাহলে আমি মৌচাকে ঢিল ছুড়ে দিই। খুলে দিই সবার গোপন প্রেমের ঝাঁপি?’ দাও দাও রব উঠল, তবে এই রব যতটা না সাহসিকতার তার চেয়েও ঢের ঘরের কথা পরকে জানানোর প্রয়োজন কি-ধরনের। এ যাত্রায় মনের কথাটি চেপে গেলেন সবাই। পিউ বললেন, ‘আমরা সবে প্রথম বর্ষে ভর্তি হয়েছি। এখানে অনেকে প্রেমের পথে রয়েছে। চেষ্টাও চলছে। মনের মানুষের পেছনে ঘুর ঘুর করছে কেউ কেউ। আর কেউ এখনই জুটি বেঁধেছে। ওই দেখেন গাছের নিচে...।’ হাত উঁচিয়ে দেখালেন সবাই। তবে যুগলের নাম প্রকাশে অনিচ্ছুক। একটু থেমে একজন বললেন ‘আমাদের ক্যাম্পাসে অনেক প্রেমিক জুটি রয়েছে। আমরাও অনেকে সেই পথে হাঁটছি।’ ‘সজল মনে হয় প্রেমে পড়েছে, কী বলেন আপনারা?’ সঞ্জয়ের জবাব—‘হ্যাঁ, ও তো প্রেম থেকে পড়ে হাত ভেঙেছে।’ হাসির রোল আড্ডাজুড়ে। ‘আরে না ও তো ঘটক। ও জোড়া লাগিয়ে দেয় কেবল।’ সহপাঠীদের এমন উচ্চারণে সজলের লজ্জার হাসি। সিলেটে একটি চারুকলার স্কুল খুলেছেন চারুকলা কলেজের প্রথম বর্ষের ছাত্র সজল। প্রতি সপ্তাহে সিলেট-চট্টগ্রাম যাওয়া-আসা করেন।চারুকলা বিষয়টা নিয়ে তাঁদের নানা সময়ে পড়তে হয় ঘরে-বাইরে বিড়ম্বনায়। ছবি আঁকার জন্য চার বছর পড়তে হবে কেন? এ ধরনের প্রশ্নের সামনে প্রায়ই পড়তে হয় দেশের একমাত্র সরকারি চারুকলা কলেজের শিক্ষার্থীদের। আড্ডার এই মুখগুলো পরিবারের বাধা সত্ত্বেও চারুকলায় ভর্তি হয়েছেন। জান্নাতুল ফেরদৌস, অর্পিতা দে, ইসরাত জাহান, আফরোজা আকতার, পিয়াল ভট্টাচার্য, ইফফাত জাহান, খায়রুন্নেসা, মো. মোবারকুল ইসলাম ও কৃষ্ণা দাশ। কিন্তু কেন?এককথায় সৃজনশীলতার জন্যই তাঁরা আজ এই ছায়াঘেরা ক্যাম্পাসে। আফরোজা আর জান্নাতুলের ভাবনাটা ঠিক যেন এরকম—‘সবাই তো ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি একধরনের আকর্ষণ ছিল। আর এটা ভিন্ন একটা বিষয়। অন্য সবার কাছ থেকে নিজেকে একটু আলাদা মনে হয়।’ পিয়াল একটু এগিয়েই বললেন, ‘সাধারণ বিষয় নিয়ে পড়লে সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। কিন্তু দুঃখ লাগে যখন দেখি চারুকলা সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই।’ শুধু কি বাইরের লোক? চারুকলার কলাটি বুঝতে চান না খোদ আপনজনেরাও। তাই এ বিষয়টা নিয়ে পড়তে তাঁদের কত না কাঠখড় পোড়াতে হচ্ছে। খায়রুন্নেসা তো বলেই ফেললেন—এখানে আমাদের পড়তে আসাটা বাবা-মায়ের কাছে পাগলামি।আফরোজারও তিক্ত অভিজ্ঞতা কম নয়, ‘সহজে অনুমতি দেননি। অনেক বোঝানোর পর পরিবার রাজি হয়েছে।’ ইসরাতের তো এখনো সেই বিড়ম্বনার সঙ্গে ঘরবসতি “এখনো ক্লাস শেষে বাসায় গেলে ‘কী কর সারাদিন?’ এ জাতীয় প্রশ্নের মুখে পড়ি।”চারুকলা কলেজে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স ও ভাস্কর্য—চারটি বিষয়ে স্নাতক করা যায়। এখানে ছবি আঁকার পাশাপাশি মানুষের ইতিহাস, বর্ণমালার পরিবর্তন, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কেও পড়ানো হয়।কিন্তু এসব কজনই বা জানেন! তাই শিক্ষার্থীদের শুনতে হয় নানা কটূক্তি। হাতে বড় বড় বোর্ড, রং তুলি দেখে অনেকে ভবিষ্যৎ শিল্পীদের নিয়ে বাঁকা মন্তব্য করেন। অর্পিতার অভিজ্ঞতা এ রকম ‘কখনো কখনো আউটডোরে ছবি আঁকার সময় ভিড় জমে মানুষের। তাঁরা উঁকি মেরে দেখেন আমরা কী করছি।’এতসব বিড়ম্বনা পেছনে ঠেলে ওরা শান্তি খুঁজে পায় চারুকলার সবুজ শান্ত পরিবেশে। কোনো ঝামেলা নেই। যে যার মতো করে রংতুলি ব্যবহার করছেন। চলছে ক্লাস, চলছে আড্ডা, চলছে গান, চলছে ছবি আঁকা। শাতিল বললেন, ‘এখানে আমরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি।’ তাই তো আফরোজা, কৃষ্ণারা আজ শিল্পী হবার স্বপ্নে বিভোর। কারণ এখানে শিক্ষকেরা বন্ধু, জ্যেষ্ঠ সহপাঠীরা সহকর্মী ‘একসঙ্গে কাজ করার সময় বোঝা যায় না কে জ্যেষ্ঠ আর কে কনিষ্ঠ। এখানে কোনো নেতা নেই। নেতাগিরি নেই। কোথাও বসে গল্প করার সময় জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এসে উঠিয়ে দেয় না।’ বললেন আফরোজা ও ইশরাত। ‘এমনকি ছাত্রাবাসেও মেয়েরা যেতে পারে। আমাদের ছবি আঁকার বোর্ড ওখানে রাখি। পানি খেতে যাই ওখানে।’ যোগ করলেন তাঁরা। রিয়াদ, শাকিল, রুবেল, অমিতরা তাই তো মেয়েদের পাশে বসে একসঙ্গে গল্প জুড়েছেন। সঙ্গে চারুকলার শিক্ষার্থীদের পোষা কুকুরছানা শাকিরা, ম্যাডোনা, লালুরা। চলছে আড্ডা, পাশাপাশি কাগজে স্কেচও।এমন একটি ক্যাম্পাস কারও কি ছেড়ে যেতে ইচ্ছা হয়! তারপরও যেতে হয়। বেলাল, মাহতাব, মামুররা বেরিয়ে যাবে কদিন পরই। তাঁরা সম্মান তৃতীয় ব্যাচের শিক্ষার্থী। ধুমধাম করে তাঁদের বিদায় অনুষ্ঠানও হয়ে গেছে। মামুর বললেন, ‘সাত বছর কাটিয়ে দিলাম এ ক্যাম্পাসে। একটা মায়া জমে গেছে। কত স্মৃতি...।’ গলা ধরে এলো তাঁর ‘কাল র‌্যাগ ডেতে অনেক লাফালাফি হয়েছে। কিন্তু আজ আর বাসায় থাকতে পারলাম না। আবার ছুটে এলাম প্রিয় ক্যাম্পাসে। কনিষ্ঠদের ডেকে গানে ডুবে গেলাম।’মামুর, বেলালরা ফেলে আসা পথের জন্য কাতর হয়ে পড়লেন। ছোটন তার গিটারের তারে হাত রাখলেন। বেলা বয়ে যায়, তাঁরা থেকে যান, আর থাকে গান—‘এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো...?’