চিত্রশিল্পী, থিয়েটার-কর্মী, শিক্ষক একই সঙ্গে এই তিন সত্তাকে ধারণ করেছেন শায়লা শারমিন। ছবি আঁকার জন্য যেমন মগ্ন থাকতে হয়, থিয়েটারের জন্য পরিশ্রমের প্রয়োজন হয়, আবার শিক্ষক হিসেবে পড়াশোনাসহ নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা সময়। কিন্তু একা একটা মানুষ এতগুলো বিষয়ের সঙ্গে নিজেকে কীভাবে জড়ালেন? কথায়-আড্ডায় শায়লা শারমিনের জীবনের সেই কথাটুকুই উঠে এসেছে। ছোটবেলা থেকেই ছবি আঁকতেন। স্বপ্ন ছিল শিল্পী হওয়ার এবং শেষ পর্যন্ত এটাকেই পেশা হিসেবে নিলেন।শায়লা শারমিন তখন চারুকলার দ্বিতীয় বর্ষে। সে সময় নাট্যকলা বিভাগ প্রযোজিত একটি নাটকে প্রথম অভিনয়ের সুযোগ পান। নাট্যকলার শিক্ষক রহমত আলী তাঁকে উৎসাহ দিয়েছিলেন। তাঁর বাবাও ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি ঠিক পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে অভিনয়টা পছন্দ করলেন না। তাই সেবার ক্ষান্ত দিলেন। কদিন পর তির্যক নাট্যদলের এক কর্মশালায় ভর্তি হন বাসার কাউকে না জানিয়ে। আউটডোরে ছবি আঁকতে যাবেন বলে চলে যেতেন নাটকের কর্মশালায়। এভাবে লুকোছাপার ভেতর কর্মশালা শেষ হলো। কর্মশালা শেষে তির্যকের কর্মীদের প্রবল উৎসাহে তাঁদের সঙ্গে যোগ দিলেন। দু-একটা শোতে অভিনয়ও করেছেন। কিন্তু বাসা থেকে আবার বাধা এল। আবার বন্ধ হয়ে গেল থিয়েটারের কাজ। কিন্তু তত দিনে থিয়েটারকে ভালোবেসে ফেলেছেন শায়লা। থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার প্রথম দিককার কথা বলতে গিয়ে শায়লা শারমিন বললেন, ‘চারুকলার সঙ্গে এই মাধ্যমটি তেমন ওতপ্রোতভাবে জড়িত না। আমরা তখন ফিগার স্টাডি করছি। ক্যানভাসে নানাভাবে মানুষের অবয়ব আঁকছি। নাটকে এসে সেসব ফিগারের বিচিত্ররূপ আবিষ্কার করলাম। নানা ভঙ্গিতে, নানা শৈলীতে অভিনয়ের খাতিরে ফিগারগুলো উপস্থাপিত হয়। এই ব্যাপারটায় আমি খুব মজা পেলাম। অর্থাৎ চোখটা যেন তখন খুলে যাচ্ছিল। আসলে আমি তো ছবি আঁকার লোক, কিন্তু নাটকে এসে এর প্রেমে পড়ে গেলাম।’ আর এই প্রেম ছিল দলের সহকর্মীদের ইন্ধন। ‘আমার ইচ্ছাকেই শেষ পর্যন্ত পরিবারের সবাই মেনে নিল।’ বললেন শায়লা শারমিন। এর পর থেকেই চলছে দুটোর মধ্যে সমন্বয় করে চলা। তাঁর পক্ষে শুধু একটি বেছে নিয়ে এগোনো সম্ভব হলো না। তবে এই দুটোর মধ্যে কোনটাকে প্রাধান্য দেন বেশি এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘অবশ্যই শিল্পী। এটা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে।’শায়লা শারমিন এ পর্যন্ত প্রায় ১৬টি নাটকে অভিনয় করেছেন। তির্যকের রক্তকরবীর ৯৯টি প্রদর্শনীতেই তিনি নন্দিনী চরিত্রটি করেছেন। অভিনীত চরিত্রগুলোর মধ্যে ডাকঘর-এর অমল তাঁর প্রিয় চরিত্র। অভিনীত নাটকের মধ্যে তাহাদের কথা, রক্তকরবী, বিসর্জন, মধুমালা, ইডিপাস, সহজ সরল পথ, দ্বাররুদ্ধ উল্লেখযোগ্য।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শায়লা বললেন, ‘আমার ইচ্ছা চট্টগ্রামে একটা বিকল্প আর্ট স্পেস করব, এখানে শিল্পের একটা জায়গা হবে। আমাদের সবকিছুই তো ঢাকাকেন্দ্রিক। আমরা চাই এই আর্ট সেন্টারে অনেক কাজ হবে। যেখানে এলে সব শিল্পীকে পাওয়া যাবে। এখানে আমি কতটুকু নিয়ামক হব সেটা ভাবি না, তবে স্বপ্ন দেখি এ রকম একটা জায়গা হবে। ইতিমধ্যে আমাদের যোগ আর্টস্পেস যাত্রাও শুরু করেছে।’ শিক্ষক হিসেবে নিজের অনুভূতির কথা শায়লা বললেন এভাবে, ‘আমার ছাত্ররা তাদের সকল সুখ-দুঃখের কথা আমার সাথে শেয়ার করে। তাদের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও অর্জন করতে পেরেছি।’ শায়লা বলেন, ‘প্রথম বর্ষে একটা নতুন শিক্ষার্থী যখন ভর্তি হয়, তখন তার কাছে প্রায় সব কিছু অচেনা-অজানা থাকে। সেই অচেনা পথে তাকে গাইড দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, তার সম্ভাবনার পথ খুঁজে বের করা এবং তার প্রতিভা বিকশিত করার কাজ করি আমরা। শেষ পর্যন্ত যখন দেখি সেই নবীন মুখটি শেষ বর্ষে এসে একজন শিল্পী হয়ে বের হচ্ছে, তখন খুব ভালো লাগে।’শিল্পী শায়লা শারমিন এ বছর একটি একক প্রদর্শনী করবেন। পারফরম্যান্স আর্ট আর ইনস্টলেশনেরও কাজ করছেন। তিনি সব সময় নতুন নতুন মাধ্যমে কাজ করে আনন্দ পান। আর নাটক তো চলছেই। তার পরও যেন তৃপ্ত নয় তাঁর শিল্পীমন। তিনি বলেন, ‘সবকিছু মিলে শম্বুকগতিতে চলছি। আমার বয়স তো ৪০, চিন্তা করি ৮০ বছর বাঁচব। মাত্র তো অর্ধেক গেল, আরও অনেক অনেক কাজ করার আশা আছে।’