রংতুলির রঙিন মানুষ
রংতুলিতে আলো ছড়ানোর নির্মল প্রাণের মানুষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা। তাঁরই হাতে গড়ে ওঠা রাঙামাটি চারু ও কারুকলা একাডেমি। প্রতি শুক্রবার এখানে শিশুদের রং ছড়ানোর হাট বসে। এইসব শিশুই এ পর্যন্ত ৬৫টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে এনেছে। গত শুক্রবার রাঙামাটি চারু ও কারুকলা একাডেমিতে দেখা যায়, রতিকান্ত তঞ্চঙ্গ্যা তাঁর সহকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের ছবি আঁকা শিখাচ্ছেন। রতিকান্ত তঞ্চঙ্গ্যা বলেন, ‘শিশুদের মনে বড় কৌতুহল, তাঁদের কল্পনার ব্যাপ্তি অনেক বড়। সেই কল্পনালোক আর মনের ভাব ফুটে ওঠে তাঁর তুলির আঁচরে। সেই সময়ে যদি একটু পরিচর্যা পায়, তবে শিশুর সুকুমারবৃত্তি জেগে ওঠে। রুচিশীল মানুষ হিসেবে বেড়ে ওঠে।’ সেরকম মানুষ গড়ার কাজেই লেগে আছেন রতিকান্ত তঞ্চঙ্গ্যা শত বাধা বিপত্তি সত্ত্বেও। রাঙামাটি চারুকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে কম কষ্ট করতে হয়নি তাঁকে। ১৯৭৯ সালে রাঙামাটি চারুকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে কয়েক হাজার শিশু চিত্রাঙ্কন শিখেছে রাঙামাটি চারুকলা একাডেমিতে। বর্তমানে দুই শতাধিক ছাত্র-ছাত্রী প্রতি শুক্রবার চিত্রাঙ্কন শেখে। রতিকান্ত তঞ্চঙ্গ্যা নিজে অনেক শিল্পীর সাহচর্যে আসতে পেরেছেন। একাডেমিতে তাঁর কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে তা বোঝা যায়। ওখানে দেয়ালে টাঙানো রয়েছে এস এম সুলতান, কামরুল হাসান, হাশেম খান, কাইয়ুম চৌধুরীসহ অনেকের সঙ্গে তোলা ছবি। ছোটদের আঁকা ছবিও দেয়ালে টাঙানো। রংতুলি দিয়ে যে ব্যক্তি শিশুদের মন রাঙিয়ে তোলেন, সারা জীবন রঙের মাঝে নিজেকে সমর্পণ করেছেন, সেই রতিকান্ত তঞ্চঙ্গ্যার কিন্তু ছবি আঁকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। পাঁচ ভাই-বোনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই ছবি আঁকতে শিখেছেন আর উৎসাহ পেয়েছেন স্থানীয় একটি বিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে। চিত্রশিল্পী রতিকান্ত তঞ্চঙ্গ্যার জন্ম ১৯৪২ সালে রাঙামাটির বিলাইছড়ির উপজেলার বড়াদম গ্রামে। সেখানে ইউপি স্কুল ও এমই স্কুলে পড়ালেখার সময়ই আঁকা-জোঁকা শুরু। ১৯৫৯ সালে বাবার মৃত্যুর পরপরই কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে তাঁরা উদ্বাস্তু হয়ে পড়েন। এ কারণে চলে যেতে হয় বান্দরবান জেলার বালাঘাটা এলাকায়। তার পরও থেমে থাকেনি আঁকা-জোঁকার কাজ। বিভিন্ন অনুষ্ঠান ও মেলায় রতিকান্ত ছাড়া সাজসজ্জা হয় না। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি হয়ে ওঠেন অপরিহার্য মানুষ। এভাবে প্রাণের তাগিদে এসব কাজে লেগে থাকতে থাকতে চিত্রকর্মে তিনি দক্ষ হয়ে ওঠেন। । ১৯৬১ সালে আর্ট হাউস নামের চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন কাজ শিখেছিলেন। সেখানে ভালো লাগেনি। তাই আবার ফিরে যান বান্দরবানের প্রকৃতির মাঝে। মগ্ন হন নিজের সৃষ্টিতে। ১৯৬৩ সালে বান্দরবান থানা মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি মেলায় প্রথম স্বীকৃতি মেলে রতিকান্ত তঞ্চঙ্গ্যার শিল্পী প্রতিভার। তার পর থেকে জেলা পর্যায় থেকে সর্বোচ্চ রাষ্ট্রপতির সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন। রতিকান্ত তঞ্চঙ্গ্যা জানান, সরকারি চাকরির সুবাদে রাঙামাটিতে আসার পর ১৯৭৯ সালে সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলেন ‘রাঙামাটি চারু ও কারুকলা একাডেমি’। শিশুদের চিত্রাঙ্কন শিক্ষা শুরু হয় মৈত্রী বিহার ও কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা আর বিভিন্ন গাছতলায়।বনরূপার কাঁঠালতলীতে অবস্থিত এ প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের চিত্রশিল্পী ও শিক্ষার্থীরা প্রায়ই পরিদর্শনে আসেন। প্রতিষ্ঠানের কিছু স্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে দিলেও একাডেমিক কার্যক্রম রতিকান্ত তঞ্চঙ্গ্যা পরিচালনা করছেন একক প্রচেষ্টায়।