রংবেরঙের রংমিস্ত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং-তুলির সঙ্গে সম্পর্ক তাঁদের। এখন নির্মাণ করেছেন টিভি নাটক। রংমিস্ত্রি হিসেবেই তাঁরা পরিচিত সবাই। শুনি তাঁদের কথাভর সন্ধ্যায় চারুকলার পেছনের উঠানে তাঁদের নিত্য আড্ডা। পুকুরের কাছটায় ঘাসের উদার জমিনে পা মেলে বসলে কত কী ভাবনা খেলে মাথায়! আস্তে-ধীরে রাত ঘনিয়ে আড্ডা ফুরোয়। আর হাসি-মশকরা, গুলতানির সঙ্গে সেসব ‘অতি অসাধারণ’ ভাবনাগুলোও বুঝি আলগোছে পুকুর ধারের ঝোপঝাড়ে গা ঢাকা দেয়। পরের দিন আর তাদের হদিস মেলা ভার। মাঝেমধ্যে অবশ্য উল্টো কাণ্ডও ঘটে। যেমন ঘটেছিল বছর দুয়েক আগের কোনো একদিন। বসন্ত ডিঙিয়ে বৈশাখ তখন আসি আসি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আকাশে-বাতাসে উত্সবের সুবাস।‘আমাদের সবার নাটক-ছবিগুলো নিয়ে একটা উত্সবের মতো করলে কেমন হয়?’ আনমনে ঘাসের ডগা চিবোতে চিবোতে কিংবা মোল্লার দোকানে গরম চায়ের কাপে চুমুক দিয়ে হয়তো কেউ একজন বলেছিলেন। অন্য সবের মতো এই ভাবনাটা চটজলদি মিইয়ে গেল না। খুব করে মনে ধরল সবার। ফলাফল সত্যি সত্যিই একদিন উত্সব আয়োজনের প্রস্তুতি। কিন্তু উত্সবের একটা নাম তো চাই।‘আমাদের সবার যেহেতু রঙের সঙ্গে সম্পর্ক। মানে রং নিয়েই কাজকারবার, তাই ঠিক হলো রং দিয়েই নাম হোক। আর নাট্য নির্মাতা মানেই তো আসলে কারিগর। ব্যস, দুয়ে মিলে হয়ে গেল রংমিস্ত্রি।’ রংমিস্ত্রি নামকরণের পেছনের কাহিনি বলছিলেন রংমিস্ত্রির দুই নির্বাহী প্রযোজকের একজন মেজবাউর রহমান সুমন।চারুকলা ইনস্টিটিউটের ভেতর কৃষ্ণচূড়া নাকি বকুলতলায় বসেছিল পয়লা আসর। রংতুলির সঙ্গে সম্পর্ক আছে এমন তরুণদের নির্মাণ নিয়ে আয়োজিত সেই উত্সবটা বেশ জমল। অচিরেই মোটামুটি চোখে পড়ার মতো একটা পরিচিতি পেয়ে গেল রংমিস্ত্রি নাম।এক হিসেবে এ মুহূর্তে রংমিস্ত্রির অলিখিত কেন্দ্রবিন্দু বলা যেতে পারে অনিমেষ আইচকে। যাঁরা ছবি আঁকেন, শিল্পের সঙ্গে যাঁদের ঘরসংসার, তাঁদের অডিও-ভিজ্যুয়াল মাধ্যমের কাজেও সুন্দরের ছাপ থাকবে। মানহীন সস্তা নাটকের ভিড়ে তাঁদের কাজটা আলাদা করে চেনা যাবে। খুব ভালো হয় যদি তাঁদের সবার জন্য একটা নির্দিষ্ট মঞ্চ বা প্লাটফর্ম দাঁড় করানো যায়। সে জন্যই রংমিস্ত্রির অনিমেষ বলছিলেন আলাদা করে রংমিস্ত্রির দাঁড় করানোর পেছনের ভাবনার কথা।দুই নির্বাহী প্রযোজক ছাড়াও রংমিস্ত্রির দলে আছেন মাতিয়া বানু, মাসুদ হাসান উজ্জ্বল ও শিবু কুমার শীলের মতো চেনা নাট্যনির্মাতারা। অভিনেত্রী বিপাশা হায়াত এখন নাট্যকার আর নির্মাতা হিসেবেও গুরুত্বপূর্ণ। রংমিস্ত্রির দলে আছেন তিনিও। শুরুতে পুরোভাগে থাকলেও এখন আর সেভাবে সঙ্গে নেই টোকন ঠাকুর, শাহনেওয়াজ কাকলীসহ এমন আরও কয়েকজন। ‘রংমিস্ত্রি যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিল, সেটা আর বহাল থাকেনি। আমরা সেভাবে করতে পারিনি। সে কারণেই নিজেকে সরিয়ে নিয়েছি। এখনকার আর শুরুর সময়কার রংমিস্ত্রির মধ্যে অনেক ফারাক’—বলছিলেন কবি এবং নির্মাতা টোকন ঠাকুর।তবুও থেমে নেই এখনকার রংমিস্ত্রিরা। দেশ টিভিতে প্রতি শুক্রবার ‘রংমিস্ত্রির শো’ শিরোনামে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে তাঁদের দলের নতুন-পুরোনো নির্মাতাদের নাটক। তার মধ্যে ফুটবল, সংসার, বিষ, রোদ মেখো সূর্যমুখী, তাল মিছরি, ধনেশ পাখির ঠোঁটসহ বেশ কটা নাটক দর্শকদের মনে ধরেছে। কোনো ফাঁকে ঢাকার বাইরে থেকে এসেও মহা উত্সাহে যোগ দিয়ে ফেলেছেন কয়েকজন। জাপানে আর্ট ইনস্টিটিউটের লেখাপড়ার পাট চুকিয়ে আবার এসে মিশেছেন চারুকলার পরিচিত মুখ শিপু ভাই। আর এই শীত থাকতে থাকতেই চারুকলার উঠোনে বসতে যাচ্ছে রংমিস্ত্রির পরবর্তী উত্সব। চার দিনব্যাপী চলবে সেটা। এবারের উত্সবের অংশ হবে গুণীজন সংবর্ধনা আর নতুন প্রতিভা পুরস্কৃতকরণও। আছে চলচ্চিত্র নির্মাণবিদ্যাটা আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য রীতিমতো একটা কর্মশালা আয়োজনের পরিকল্পনাও।রংমিস্ত্রির সবচেয়ে দারুণ ব্যাপার সম্ভবত এখানে তথাকথিত কাগজ-কলমের মেম্বারশিপের বালাই নেই। শুধু মনের মিল থাকলেই হলো। এমনকি সবাই মিলে ঘটা করে একসঙ্গে বসাও হয় কদাচিত্। তার পরও মাঝেমধ্যেই হুট করে একদিন সবার মুঠোফোন মারফত আসে নিমন্ত্রণ। মনে মনে ‘দূর, কে যায় হুদা গেঁজাইতে।’ করতে করতেই অনিমেষ আইচের মগবাজারের কার্যালয় রীতিমতো সরগরম! নতুন-পুরোনোদের হইহল্লায় সরব।শেষতক কত দূর কী হলো সে ভাবনাকে না হয় এ যাত্রায় দিলাম ছুটি। স্রেফ টাকা-কড়ি উপার্জনের চেয়ে সুন্দর আর শিল্প বড়—এই ভাবনায় এককাট্টা হয়েছেন একদল ঝলমলে তরুণ। সব মিলিয়ে প্রায় জনাবিশেক! ভাবতেই ভালো লাগে!!