রওনা হলাম কাঠমান্ডু থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমআয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে জানা গেল, আমি যে পরিমাণ অর্থ জমা দিয়েছি, তাতে আমার জন্য সাত সিলিন্ডার (প্রায় চার লিটার করে প্রতি সিলিন্ডার) অক্সিজেন বরাদ্দ করা হয়েছে। নিরাপত্তার জন্য কেনা হয়েছে নতুন অক্সিজেন মাস্ক। আর শেরপাদের জন্য থাকছে তিনটি করে সিলিন্ডার। ক্লাইম্বার আর শেরপাদের জন্য এটাই স্ট্যান্ডার্ড কি না, এর চেয়ে বেশি প্রয়োজন হলে তখন কী হবে? জানতে চাইলাম তাঁর কাছে। ঈশ্বরি পাড়ওয়াল বললেন, ‘সাধারণত ক্যাম্প ওয়ান (প্রায় ২৩ হাজার ফুট) থেকে অক্সিজেন ব্যবহার শুরু করে পর্বতারোহীরা। আর এখান থেকে যখন সবাই ওপরের দিকে যায়, সে সময় প্রতিদিনই একটু একটু করে চূড়ার দিকে এগিয়ে যায় সবাই। ক্যাম্প ওয়ান থেকে হিসাব করলে তৃতীয় দিনের মাথায় অভিযাত্রীরা চূড়ায় গিয়ে পৌঁছায়। সে হিসাবে একজন অভিযাত্রীর জন্য সাত সিলিন্ডার অক্সিজেন যথেষ্ট। এর চেয়ে বেশি প্রয়োজন হলে চিন্তা কোরো না। আমার ভাই ভোলা রয়েছে সেখানে। সে সব ব্যবস্থা করে দেবে।’ঈশ্বরি পাড়ওয়ালের কাছে এ কথা শোনার পর নিজেকে নির্ভার লাগছিল অনেকটাই। এভারেস্ট অভিযান যত না শারীরিক দক্ষতায় এগিয়ে যাওয়ার ব্যাপার, তার চেয়েও বেশি আসলে মনস্তাত্ত্বিক প্রতিযোগিতায় টিকে থাকা। এ ধরনের বহু বিষয় তখন সামনে এসে হাজির হচ্ছে। সবকিছু তখন ভাগ করে নিতাম সঙ্গীদের সঙ্গে, বিশেষ করে সোম বাহাদুর মানসিক দৃঢ়তা বাড়াতে সহায়তা করেছেন অনেক। তাঁর বয়স প্রায় ৬০-এর কাছাকাছি। এই বয়সে তাঁর পুরো প্রজ্ঞা, মেধা ও মনন দিয়ে সহায়তা করেছেন আমার এভারেস্ট অভিযানে। সে প্রসঙ্গে আসছি।পর দিন তিব্বতের দিকে রওনা দেওয়ার জন্য আর কিছু কি বাকি থাকল? জিজ্ঞেস করলাম কোমল আর শেরপাদের। তাঁরা হেসে বললেন, এখন এভারেস্টে রওনা দেওয়া আর এভারেস্ট জয় করা-ই বাকি। আর কিছু নয়। মনকে যথাসম্ভব হালকা রাখার চেষ্টা করেছি সে সময়ে।এসব করতে গিয়ে কখন সময় পার হয়ে গেছে টেরই পাইনি। সন্ধ্যার একখণ্ড অবসরে দেশের কথা মনে পড়ছে। মনে পড়ছে রিমি আর রাইদের কথা। রাইদের হাসিমুখ আর রিমির ভারাক্রান্ত মন। আমি একা কিছু চিন্তা করছি, এটা মনে হয় চেহারায় ফুটে উঠেছিল। সেটা দেখে কোমল রিমিকে ফোনে ধরিয়ে দিল। রিমিকে অভিযানের অগ্রগতি জানালাম। বললাম, সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালে তিব্বতের দিকে রওনা দেব। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করলাম। এ সময় নেপালে এক বন্ধু জিয়াউল হক খালেদ এল কোমলের ব্যবসায়িক কার্যালয়ে দেখা করতে। তার সঙ্গে দেখা হলে সবাই হইহই করে উঠলাম। সে অন্নপূর্ণা-৪ পর্বতাভিযান শেষে তার কার্যালয়ে অভিযাত্রীদের ভূরিভোজ করিয়েছিল। নেপালে বসে দেশি খাবার খাওয়ার সুযোগ ছিল সেবারই প্রথম। কুশলাদি বিনিময়ের পর তাকে এভারেস্ট অভিযানের আদ্যোপান্ত জানালাম। খালেদের সঙ্গে কথাবার্তায় কার্টুনিস্ট মানিক-রতনের কথা উঠে এল। এনএসিবির অভিযাত্রী দল অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানে অংশ নিতে যখন কাঠমান্ডুতে ছিলাম, সে সময় তাঁরা কাঠমান্ডু গিয়েছিলেন নেপালে কার্টুন আঁকিয়েদের একটা সম্মেলনে অংশ নিতে। মানিক-রতন যমজ ভাই। নির্দিষ্টভাবে চিনিয়ে না দিলে তাঁদের আলাদা করা খুবই কঠিন। একই কার্টুন দুজন একই সঙ্গে এঁকে তাঁরা সেবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। খালেদ এ সময়ে জানাল, পর দিন সকালে সে হোটেলে চলে আসবে বিদায় জানাতে।সন্ধ্যা গড়িয়ে তখন থামেলে রাত। দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। কিন্তু রাতের থামেল উঠছে জেগে। বহু রেস্টুরেন্টে ব্যান্ডের আসর বসেছে। তাদের বাজনার তালে নাচছে থামেল। এসব দেখে হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে ফেললাম। কারণ, পর দিন সাত-সকালে রওনা দেব সবাই।রাতে ঘুম তেমন হলো না। বারবার জেগে উঠলাম ঘুম থেকে। একসময় ঘড়ির অ্যালার্ম জানিয়ে দিল তখন ভোর পাঁচটা। অর্থাৎ এখনই বিছানা থেকে না উঠলে রওনা হতে দেরি হয়ে যাবে। সুতরাং লাফ দিয়ে বিছানা ছাড়তে হলো। স্বপ্নের একটা দিন (১০ এপ্রিল, ২০১০) শুরু হতে যাচ্ছে। আমি যাব তিব্বত। সেখানে রয়েছে এভারেস্ট। এই পর্বতটাই এত দিন হাতছানি দিয়ে গেছে। আবাহন জানিয়ে গেছে দূর থেকে। এভারেস্ট রুক্ষ থাকে ভর দিনের বেলা, কিন্তু সকাল-সন্ধ্যায় সূর্যের নরম সোনালি আলোয় তার দিক থেকে চোখ ফেরানো দায়। কী এক মোহে পড়ে থাকে পর্বতারোহীরা। এত দিন এর জন্যই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে তুলেছি। মন আর শরীরকে সাজিয়েছি তার মতো করে। এবার যাব তাকে আলিঙ্গন করতে।কথা মতো কোমল অরিয়াল এসে দরজায় নক করলেন। তিনি সামান্য পরোটা আর মিষ্টি নিয়ে এসেছেন সকালের নাশতার জন্য। একটা পরোটা কোনোমতে গিলছি আর কাপড়চোপড় পরছি। পুরো প্রস্তুত হয়ে নামতেই দেখি সবাই অপেক্ষা করছে। গাড়িতে সব ব্যাগ তোলা হলো। বিদায়ের সময় ঘনিয়ে এল। জিয়াউল হক খালেদ, কোমল, সৈয়দা ফারহানা এসেছিলেন শুভকামনা জানাতে। এ সময়ের ছবি তোলা হলো। সহায়তা করলেন সৈয়দা ফারহানা।গাড়িতে করে লাল বাহাদুর, সোম, কৈলাস, লাকপা, একজন হাই-অলটিচ্যুড কুক আর আমি রওনা দিলাম নেপাল-তিব্বত সীমান্তের দিকে।এদিন সকাল সাতটায় মাইক্রোবাস চলছে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। আর হাজারও চিন্তা মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। পারব তো সফল হতে? পারব তো প্রিয় বাংলাদেশের লাল-সবুজ পতাকা সেখানে স্থাপন করতে? নিরাপদে বাড়ি ফিরতে পারব তো? এমন ভ্রমণের সময় বাস বা গাড়ির দুলুনিতে সাধারণত ঘুমিয়ে পড়ি। কিন্তু এসব চিন্তায় ঘুম এল না। বরং সকালের খাওয়ার সময় কোনো একটা অনিয়মের কারণে এখন গলা দিয়ে খাবার উঠে আসতে চাইছে।[email protected] [বাকি অংশ আগামী পর্বে]