রকমারি
পেখমের আকর্ষণময়ূরের লেজ বা পেখম দেখে আমরা মুগ্ধ হই। এ পেখমের সৌন্দর্য ময়ূরীর দৃষ্টি আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক বিশেষ ক্যামেরা ব্যবহার করে দেখেছেন, ময়ূর কীভাবে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে নানা কলাকৌশল অবলম্বন করে নিজ পেখমের প্রদর্শনী করে। এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি সাময়িকী। এতে বলা হয়, ময়ূরীর মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। এ কাজে ময়ূরের বৈচিত্র্যময় ও বর্ণিল পেখম ব্যবহূত হয়। ময়ূরী সাধারণত সঙ্গীর মাথার দিকে না তাকিয়ে পেখমের দিকেই আগে তাকায়। সংশ্লিষ্ট গবেষক জেসিকা ইয়োরজিনস্কি বলেন, ময়ূরের লম্বা পেখম অনেক সময় শিকারির চোখ ফাঁকি দেওয়ার কাজেও সফল হয়ে থাকে। বিবিসি।দীর্ঘকায় নারীর জন্য ঝুঁকিলম্বা গড়নের নারীদের মধ্যবয়সে ত্বক, স্তন, অন্ত্র, জরায়ু, কিডনি, থাইরয়েড ও ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন চিকিৎসাবিজ্ঞানীরা এমনটি দাবি করেছেন। এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ক্যানসার, এপিডেমিওলজি, বায়োমার্কার্স অ্যান্ড প্রিভেনশন সাময়িকী। এতে বলা হয়, একজন নারীর উচ্চতা প্রতি ১০ সেন্টিমিটার বেশি হওয়ার কারণে মেনোপজ-পরবর্তী যেকোনো ক্যানসারের আশঙ্কা ১৩ শতাংশ বেড়ে যায়। আর এ ক্ষেত্রে কিডনি, মলাশয়, থাইরয়েড ও রক্তের ক্যানসারের আশঙ্কা বাড়ে ২৩ থেকে ২৯ শতাংশ। সংশ্লিষ্ট প্রধান গবেষক ও নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের অধ্যাপক জিওফ্রি ক্যাবাট বলেন, তাঁরা নারীর উচ্চতার সঙ্গে প্রায় সব ক্যানসারের এ রকম সম্পর্ক দেখে বিস্মিত হয়েছেন। টেলিগ্রাফ