রকমারি ইফতারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালসালু দিয়ে ঢাকা হালিমের পাতিল ঘিরে ভিড়ের সেই পরিচিত দৃশ্য আবার দেখা যাচ্ছে নগরের এখানে সেখানে। বাহারি নামের মজাদার নানা পদের ইফতারির জন্য লোকজন রীতিমতো লাইন ধরছেন। প্রায় সব দোকানে ‘একদামে’ বিক্রি হচ্ছে রকমারি ইফতারি।ইফতারির বাজারে কয়েকটি সামগ্রী খুব বিখ্যাত। এর মধ্যে রয়েল বাংলা সুইট হাউসের লাল জিলাপি (কেজি ১৬০ টাকা), সিলভার স্পুনে সুকুমার গোমেজের তৈরি আরবি শেখদের প্রিয় বিফ ওয়ালটন (কেজি ৬০০ টাকা) এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হালিম-বিরিয়ানি উল্লেখযোগ্য।দেখা গেছে, অভিজাত রেস্তোরাঁর মধ্যে বিশেষ ইফতারসামগ্রীর পসরা সাজিয়েছে পেনিনসুলা, মেরিডিয়ান, লর্ডস ইন, বোনানজা, ওয়েল ফুড, পিৎজাহাট, চট্টগ্রাম ক্লাব, সিনিয়র ক্লাব, কেএফসি, সিলভার স্পুন, দ্য প্যাভেলিয়ন, পিটস্টপ, অ্যাম্ব্রোসিয়া, ব্লুসোম গার্ডেন, অ্যারিস্ট্রোক্রেট, ধাবা, হান্ডি, ব্লুবেল, হান্ডি ইন্ডিয়ান ব্রিস্টো, মিস ফালাহ ইত্যাদি। মধ্যম মানের মধ্যে দারুল কাবাব, হোটেল জামান, ফখরুদ্দিন বিরিয়ানি হাউস, নিউ মদিনা, হাইওয়ে সুইটস, দাওয়াত, কাশবন, মধুবন, বনফুল, স্বাদ, ফুলকলি, সিজল, ঢাকা সুইটস ইত্যাদিতে ইফতারসামগ্রী ভালো বিক্রি হচ্ছে। অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁয় (প্রতিটি) মরিচা দুই টাকা, পেঁয়াজু, বেগুনি ও সবজি পাকুড়া সাত টাকা, পনির পাকুড়া ২৫ টাকা, সবজির সমুচা ১২ টাকা, মাংসের সমুচা ১৭ টাকা, সিঙাড়া ১২ টাকা, আলু চপ ১৫ টাকা, ফিশ ফিংগার ২৫ টাকা, স্প্রিং রোল ২০ টাকা, ওন্টন ২০ টাকা, চিকেন উইংস কাটলেট ২৫ টাকা, নার্গিস কাবাব ৪০ টাকা, সামি কাবাব ৩০ টাকা, চিকেন বোরা কাবাব ৬০ টাকা, গন্ডারি কাবাব ৫০ টাকা, তান্দুরি চিকেন ৯০ টাকা, আরবি কোপ্তা ৪০ টাকা। প্রতিদিন ৪৪৪ টাকায় স্পেশাল ইফতার ব্যুফে ছাড়াও টেক অ্যাওয়ে সেট মেনুতে (প্রতিজন) ২৯৯, ৩৪৪ ও ৩৯৯ টাকায় এবং স্পেশাল পার্টি মেনুতে ৩৫৫, ৩৯৯ ও ৪৯৯ টাকায় ইফতারের ব্যবস্থা আছে। ওয়েল ফুডে এবার যোগ হয়েছে তিনটি নতুন পদ—শর্মা, চিকেন কেক ও কাবাব রোল। এ ছাড়া আট টাকা থেকে ৩০০ টাকার মধ্যে ৩৫ রকমের ইফতারসামগ্রী বিক্রি হচ্ছে। ইফতারি বাক্স থাকছে চারটি। ২০০ টাকা দামের হ্যাপি ইফতার মিল বাক্স ছাড়াও সাত পদের বাক্সের দাম পড়বে ১১০ টাকা, আট পদের ১৫০ টাকা ও নয় পদের ২৩০ টাকা। সাধারণ খাবারের দোকানে প্রতি কেজি ছোলা ভাজা ৮০-৯০ টাকা, জিলাপি ৮০-১০০ টাকা, হালিম ২৪০-২৬০ টাকা বিক্রি হচ্ছে। অন্য পদের মধ্যে মরিচা এক টাকা, পেঁয়াজু-বেগুনি প্রতিটি দুই টাকা, আলুর চপ ২-১২ টাকা, সবজি রোল ৮-১২ টাকা, মগজ রোল ১০ টাকা, শাহি কাবাব ১০-১৫ টাকা, ডিম কাবাব ১০ টাকা, ফিশ কাবাব ১০ টাকা, চিকেন রোল ১২-১৫ টাকা, জালি কাবাব পাঁচ-আট টাকা ইত্যাদি। জিইসির মোড়ে ইফতার কিনতে এসেছেন মেহেদিবাগের আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমার বাসায় ছোলা ভাজা, লেবুর শরবত, দই-চিঁড়া, হালিম তৈরি হয়। এখানে মুখরোচক কিছু পদ যেমন—পেঁয়াজু, বেগুনি, চপ, কাটলেট, রোল আর জিলাপি কিনতে এসেছি।’ চেরাগি পাহাড়ের হাইওয়ে সুইটসে হালিম কিনতে এসেছেন হেমসেন লেনের মোহাম্মদ আরিফ। তিনি বলেন, ‘কোনো কোনো দোকানের হালিমে অতিরিক্ত তেল, চর্বি ভাসে। কোথাও আবার আগের দিনের বাসি হালিম মিশিয়ে দেওয়া হয়।’ প্রথম রোজার দিন বিকেলে ষাটোর্ধ্ব আবু হেনা পছন্দের ইফতার খুঁজছিলেন কোতোয়ালির মোড়ের বিভিন্ন মিষ্টির দোকানে। তিনি বলেন, ‘ইফতারির সব পদেই হয় তেল-ঘি, নয়তো চিনি। একদিকে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ভাজা-পোড়া-ঝাল খেতে পারছি না অন্যদিকে ডায়াবেটিসের জন্য মিষ্টিও মুখে রোচে না।’