রকমারি ইফতারের সঙ্গে তাজা ফলের রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম্রপালির জুস, হালিম, কাবাব ও জিলাপির পাশাপাশি নানা রকমের মুখরোচক খাবারে সাজানো হয়েছে নগরের ​মেরিডিয়ান রেস্তোরাঁর ইফতার আয়োজন l প্রথম আলো
আম্রপালির জুস, হালিম, কাবাব ও জিলাপির পাশাপাশি নানা রকমের মুখরোচক খাবারে সাজানো হয়েছে নগরের ​মেরিডিয়ান রেস্তোরাঁর ইফতার আয়োজন l প্রথম আলো

ইফতারে তৃষ্ণা মেটাতে শরবত বা তাজা ফলের রসের জুড়ি নেই। আর আমের এই ভরা মৌসুমে এক গ্লাস ঠান্ডা আমের জুসের চেয়ে ভালো পানীয় আর কী হতে পারে! সেই সঙ্গে ইফতারে যদি পাওয়া যায় মুখরোচক নানা পদের খাবার, তাহলে তো কথাই নেই। নগরের মেরিডিয়ান রেস্তোরাঁয় ইফতার আয়োজনের প্রধান আকর্ষণ তাজা আম আম্রপালির জুস। আর প্যাভেলিয়নের ইফতার আয়োজন বুফের জন্য প্রসিদ্ধ। এ দুটি রেস্তোরাঁর ইফতার নিয়ে আজকের আয়োজন।
মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ: মেরিডিয়ানের নিজস্ব বাগানে উৎপাদিত আম থেকে তৈরি হয় আম্রপালির জুস। প্রতি লিটার আমের জুসের দাম পড়বে ২০০ টাকা। পাশাপাশি রয়েছে লাচ্ছিও। প্রতি লিটার লাচ্ছির জন্য গুনতে হবে ২৫০ টাকা। আমের জুস আর লাচ্ছির পাশাপাশি ৫০ পদেরও বেশি খাবার নিয়ে এবার ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে জিইসি মোড় এলাকার অভিজাত এই রেস্তোরাঁ।

রোজাদারদের জন্য হরেক রকম মজাদার পদের বুফে ইফতারের সুবিধা আছে দ্য ​প্যাভেলিয়ন রেস্তোরাঁয়
রোজাদারদের জন্য হরেক রকম মজাদার পদের বুফে ইফতারের সুবিধা আছে দ্য ​প্যাভেলিয়ন রেস্তোরাঁয়

ক্রেতাদের সুবিধার কথা ভেবে এ রেস্তোরাঁর ইফতার আয়োজনে রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। ভেজিটেবল টেম্পুরা, জিলাপি, অনথন, ফিশ কাবাবসহ ১৩ পদের ইফতার প্যাকেজ বাড়িতে নিয়ে যাওয়া যাবে। দাম পড়বে ২২০ টাকা। আর রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য আছে দুটি সেট মেনু। চিকেন ফ্রাই, জিলাপি, অনথন, হালিমসহ ১৭ পদের খাবার পাওয়া যাচ্ছে ৫৫০ টাকায়। রেস্তোরাঁয় বসে ইফতার করার জন্য আরেকটি সেট মেনুতে রয়েছে গরুর মাংস ভুনা, চিকেন ফ্রাই, হালিম, ফিরনি, চাসহ ১৯ পদের খাবার। দাম পড়বে ৬৫০ টাকা।
রেস্তোরাঁর বিক্রয় বুথে রয়েছে ৪২ পদের ইফতারের সমাহার। এর মধ্যে ভালো চাহিদা রয়েছে চিকেন মমো ও দই চম্পাকলি পদের। প্রতি বক্স চিকেন মমো ১০০ টাকা ও দই চম্পাকলি মিলছে ১২০ টাকায়। এ ছাড়া মুরগির রোস্ট, ইরানি কাবাব, চিকেন কাবাব, চিকেন তন্দুরি, চিকেন সাসলিক, ফ্রাইড প্রন, রেশমি চিকেন, মেজবানি গরুর মাংস, নানা রকমের হালিমও এখানকার আকর্ষণ। মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিজনেস অপারেশনের সমন্বয়ক নোয়েল শিকদার বলেন, ‘রোজাদারদের কথা মাথায় রেখে আমাদের রেস্তোরাঁ এ বছরও ইফতার থেকে সাহরি পর্যন্ত খোলা থাকছে। প্রতিদিন সাহরিতে রোজাদারদের জন্য বিশেষ প্যাকেজের আয়োজন রয়েছে।’
দ্য প্যাভেলিয়ন: নগরের জিইসি এলাকার দ্য প্যাভেলিয়ন রেস্তোরাঁয় রয়েছে বুফে ইফতার আয়োজনে। এখান থেকে খুচরা ইফতারি কেনার সুযোগ নেই। তবে ইফতার উপলক্ষে চালু করা হয়েছে তিনটি বিশেষ প্যাকেজ। যে কেউ চাইলে বিশেষ প্যাকেজের একটি কিনে নিয়ে সারতে পারেন ইফতার। ফিশ কোফতা, তাভা চিকেন ও মাটন হালিমসহ ১২ পদের ইফতারির প্যাকেটের দাম পড়বে ৩৬০ টাকা। মাটন হালিম, বিফ কালা ভুনা ও ফিশ কোফতাসহ ১৪ পদের ইফতারি ৩৮০ টাকা এবং বিফ কালিয়া, মাটন হালিম ও ফিশ কোফতাসহ ১৫ পদের ইফতারির প্যাকেটের দাম পড়বে ৪০০ টাকা। প্রতিটি প্যাকেজের সঙ্গে যুক্ত হবে ভ্যাট। এখানে জনপ্রতি ৮২০ টাকা খরচ করে অংশ নেওয়া যাবে বুফে ইফতার ও রাতের খাবারের আয়োজনে। এতে রয়েছে প্রায় ৪০ পদের খাবার।