রক্ত ঘামের মুখ

বাংলাদেশের চাঁদপুরের সন্তান সাঈদ। গ্রাম দিয়ার মণ্ডল। বয়স আটাশের কোঠায়। আবুধাবির একটি ক্লিনিং কোম্পানিতে চাকরি করেন। মাসে আট হাজার টাকা বাড়িতে পাঠানো সম্ভব হয়।
দুই লক্ষ ষাট হাজার টাকা দালালের হাতে তুলে দিয়ে এই দেশে এসেছেন। এ জন্য তাঁর কোনো অনুযোগ নেই।
মা-বাবা বৃদ্ধ। দেশে তাদের কোনো জমি-জমা নেই বললেই চলে। সাঈদই সংসারে একমাত্র কর্মক্ষম।
বড় বোনের বিয়ে দিয়েছেন। ছোট বোন ও তাঁর এক ভাই একাদশে পড়েন। তারা ভবিষ্যতে কী করবেন এমন প্রশ্নের উত্তরে সাঈদ বলেন, গরীবের পক্ষে চাকরি নেওয়া কঠিন। এমনটি নাকি তাদেরই কথা।
সাঈদ গত ঈদে ত্রিশ হাজার টাকা পাঠিয়েছেন। আবার সামনের ঈদে টাকা পাঠাবেন।
দুই বছর পার করেছেন সাঈদ। দেশে ঘর-বাড়ি কিছুই করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে ভাবেনও না। এই দেশে কতদিন থাকবেন তাও জানেন না তিনি।
ছেড়া কাগজ, সিগারেটের পরিত্যক্ত অংশ চিমটার সাহায্যে গারবেজ ব্যাগে ভরতে ভরতে সাঈদ কথা বলেন আমার সঙ্গে। বিয়ে করেননি। তবে বিয়ের কথা চিন্তাও করেন না। সব কিছুর ব্যাপারে কেমন যেন নির্মোহ মনে হলো তাঁকে।
জঞ্জাল সরিয়ে পরিস্কার করছেন। কিন্তু নিজের জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই সাঈদের।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত