রক্ত ঘামের মুখ (চার)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মক্ষেত্রে জসিম উদ্দীন ও মোহাম্মদ শাহজাহান
কর্মক্ষেত্রে জসিম উদ্দীন ও মোহাম্মদ শাহজাহান

জসিম উদ্দীন ও মোহাম্মদ শাহজাহান দুই সহোদর| ১৮ বছর আগে তাঁরা একই ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন হেলপার হয়ে৷ এখন তাঁরা ইলেকট্রিশিয়ান৷
অ্যালো ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করেন৷ তাঁদের জন্ম চট্টগ্রামের মধ্যম মাদার্শায়৷ তাঁরা ছয় ভাই৷ এই কোম্পানিতে আছেন তিনজন৷ অন্য কোম্পানিতে আরও দুই ভাই৷ কেবল বড় ভাই দেশে৷ তিনিও আগে এ দেশে ছিলেন৷ দেশে একই ছাদের নিচে তাঁদের থাকার ঘর৷ লম্বা দালানে ছয়টি ভাগ৷ শুধু এক ভাগের বর্ধিতাংশে রয়েছে বাড়তি আরও দুই ঘর৷ বড় ভাইয়ের ভাগেরটা কেবল দোতলা করা হয়েছে৷ সবার সংসার আলাদা, তবে সম্পর্ক সুহূদের, বললেন জসিম৷
জসিমরা ছয় ভাই বিয়ে করেছেন। সবারই সন্তান আছে। বোন পাঁচজন৷ তাঁদেরও বিয়ে হয়ে গেছে৷ নিজেদের স্ত্রী, ছেলেমেয়ে, সেই সঙ্গে বোন, ভগ্নিপতি, তাঁদের সন্তান, সব মিলে হুলুস্থুল এক কাণ্ড৷ বলছিলেন শাহজাহান৷ বোন, ভগ্নিপতি, তাঁদের সন্তানসন্ততি, সবাই ঈদের মতো পার্বণে বাড়িতে বেড়াতে আসেন, আনন্দ করেন৷ বাইরে থাকি বলেই পয়সার জোগান দেওয়া সম্ভব হচ্ছে৷ মাসে মাসে তাঁরা টাকা পাঠান বাড়িতে। এসব তথ্য দিয়ে তাঁরা আনন্দ পাচ্ছেন৷ গায়ে ঘাম ঝরছে, অথচ চোখে মুখে চিকচিক করছে অঢেল তৃপ্তি।
এই কোম্পানিতে জসিম-শাহজাহানদের দুই ভাগনে, দুই ভাতিজা, দুই বোনের জামাইকে এনেছেন৷ অন্যত্র আরও একজনের কর্মসংস্থান করেছেন৷ বলছিলেন দুই ভাই প্রায় একই কণ্ঠে৷ গরিবের ছেলে, মা আছে, কিন্তু বাবা নেই, ভাই নেই তাঁর৷ কাউকে আসার সময় পয়সা খরচ করতে হয়নি৷ বোঝা যায় কোম্পানির সঙ্গে তাঁদের ভালো সম্পর্ক৷ আর এই সুযোগ হয়েছে মূলত তাঁদের কর্মগুণ ও দক্ষতায়৷
জসিম ও শাহজাহানের লেখাপড়া কম৷ প্রথমজনের অষ্টম, দ্বিতীয়জনের নবম শ্রেণি পর্যন্ত৷ তবে উত্তরসূরি নিয়ে আছে তাঁদের উচ্চাশা৷ শাহজাহান স্বপ্ন দেখেন, তাঁর সন্তানেরা উচ্চশিক্ষিত হয়ে ব্যাংক কিংবা অফিসে চাকরি করবেন৷
এখানকার বিদ্যুত্ বিতরণ কোম্পানি একটি স্থাপনায় বিদ্যুত্ অবমুক্ত করল আজ৷ স্থাপনা কর্তৃপক্ষকে আলো জ্বালিয়ে এ পর্যায়ে বিদ্যুত্প্রাপ্তি নিশ্চিত করতে হবে৷ এ দায়িত্ব তাঁদের কোম্পানির৷ আরও এগিয়ে বললে, এই কাজটি তৃণমূল পর্যায়ে এই দুই সহোদরের৷
কাজের ফাঁকে তাঁরা আমার সঙ্গে কথা বলছিলেন৷ এরপর তাঁরা একটি ডিস্ট্রিবিউশন বোর্ড পরীক্ষা শুরু করলেন৷ পরীক্ষা শেষে সার্কিট ব্রেকার অন করতেই আলো এল৷ হেসে উঠল পরিবেশ৷ প্রার্থনা করলাম এমন আলো যেন সব সময়ই রক্ত-ঘামের এই মানুষগুলোর গায়ে লেগে থাকে৷
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।