রক্ত ঘামের মুখ (পাঁচ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম পাল
গৌতম পাল

নাম তাঁর গৌতম পাল। মানিকগঞ্জের কৃষ্ণপুরে গ্রামে বাড়ি। জন্মও এই গ্রামে। মা-বাবা বাড়িতে থাকেন। আছেন জ্যাঠা-জেঠিও। একান্নবর্তী পরিবার। মৃৎশিল্প তাঁদের ঐতিহ্য। মূর্তি-খেলনা ইত্যাদি তৈরির সঙ্গে সরাসরি যুক্ত তাঁর পরিবার।
এই গৌতম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে। লাভা জেট কোম্পানিতে ক্লিনিংয়ের চাকরি করেন। এটা তাঁর জন্য মানানসই কোনো কাজ নয়। তিনি ছাপাখানার কাজ জানেন। অফসেট মেশিন চালাতে পারেন। যেহেতু অফসেট মেশিন চালাতে পারেন, তাই এই দেশে এসে গৌতম প্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন। অপারেটর তাঁদের প্রয়োজন। কিন্তু ভিসাপ্রক্রিয়া চালু না থাকার জন্য তিনি এই চাকরি নিতে পারছেন না।
মানিকগঞ্জের খাবাসপুর স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন গৌতম। তাঁর পরিকল্পনা দেশে গিয়ে একটি ছাপাখানা দেবেন। হিসাব দেখালেন, এ জন্য অন্তত ১২ লাখ টাকার প্রয়োজন। এ ব্যাপারে কথা হয়েছে তাঁর এক ভগ্নিপতির সঙ্গে। গৌতম জানালেন, তাঁরা দুজন মিলে ছাপাখানার ব্যবসা করবেন। ছয় লাখ জোগাড় হয়েছে।
জানা গেল, এই ভগ্নিপতি তাঁর জ্যাঠাতো বোনের স্বামী। গৌতমের এক বোন ও এক ভাই আছে। বোনের বিয়ে হয়ে গেছে। সহোদর বিএ অনার্সে পড়ে। জ্যাঠারও এক ছেলে আছে। জ্যাঠাতো ভাই ক্লাস এইটের ছাত্র।
সংসারের বর্ণনা দিয়ে গৌতম জানালেন, সে ওই সংসারে এই প্রজন্মের বড় ছেলে। এ জন্য তাঁর বিয়ের ব্যাপারটি নিয়ে এখন সবাই ব্যস্ত। তাঁর মা পাত্রী খুঁজছেন।

গৌতম সোয়া দুই লাখ টাকা খরচ করে আমিরাতে এসেছেন। বাড়িতে আগেরই টিনের ঘর আছে। বললেন, এ নিয়ে তাঁর কোনো উদ্দেশ্য নেই। নেই কোনো দুঃখ। থাকার জন্য টিনের ঘরই যথেষ্ট। তবে তাঁর উৎকণ্ঠা ভিসা নিয়ে। ভিসার জটিলতা খুলে গেলে গৌতমের জীবনের গিঁট খুলে যাবে। আমরা তাঁর মঙ্গল কামনা করতে পারি।

নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত