রক্ত দিয়ে জীবন বাঁচান তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া ব্লাড ব্যাংকের সদস্যরা l প্রথম আলো
লোহাগাড়া ব্লাড ব্যাংকের সদস্যরা l প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকার কৃষক মো. জকরিয়ার দুই মেয়ে ও এক ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে তাঁর তিন ব্যাগ রক্তের প্রয়োজন। একদিন স্থানীয় হাসপাতালে গিয়ে তিনি খবর পান, লোহাগাড়া ব্লাড ব্যাংক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যারা স্বেচ্ছায় মানুষের প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত। এরপর থেকে দুই বছর ধরে জাকারিয়ার তিন সন্তানকে রক্ত দিচ্ছেন লোহাগাড়া ব্লাড ব্যাংকের সদস্যরা। একইভাবে লোহাগাড়ার উত্তর পদুয়ার তাহেরা বেগমের দুই সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাদেরও প্রতি মাসে দুই ব্যাগ রক্ত দিচ্ছে এ সংগঠন।
এ ব্যাপারে কথা হয় লোহাগাড়া ব্লাড ব্যাংকের মূল উদ্যোক্তা জানে আলমের সঙ্গে। আলাপকালে তিনি জানান, এক বন্ধুর মাকে রক্ত দিয়ে সুস্থ করতে পারায় তাঁদের এ সংগঠন গড়ে তোলায় উৎসাহ সৃষ্টি হয়। ২০১৪ সালের অক্টোবর মাসে ১৪-১৫ জন তরুণের অংশগ্রহণে এই সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাঁদের মধ্যে কায়ছার হামিদ, মো. ইউছুফ, ওয়াসিম হায়দার, মামুনর রশিদ, জয়নাল আবেদীন, আরিফুল ইসলাম, মোর্শেদুল আলম, শাহদাত হোসেন, খানে আলম, তাপস দাস, মো. খোরশেদ, জাবেদ সোহেল, মো. পারভেজ ও মুজিবুল হক অন্যতম। তাঁরা বলেন, বর্তমানে এলাকার অনেকেই মাদকসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তরুণদের এসব কর্মকাণ্ডে জড়িত করতে পারলে তাঁরা বিপথে যাবেন না। শুরুতে তাঁরা বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগীর প্রয়োজনে রক্ত দেওয়া শুরু করেন। বর্তমানে এ সংগঠনে আট শ নিবন্ধিত সদস্য রয়েছেন। এ পর্যন্ত তিন শতাধিক রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এ ছাড়া রয়েছে লোহাগাড়া ব্লাড ব্যাংক নামে ফেসবুক গ্রুপ। টেলিফোনে অথবা ফেসবুকে সংবাদ পেলে সঙ্গে সঙ্গে ওই রোগীর কাছে ছুটে যান গ্রুপের সদস্যরা।
এ সংগঠনের অপর সদস্য ওয়াসিম হায়দার বলেন, মূলত নিজের মাকে বাঁচাতে গিয়ে রক্ত দেওয়া শুরু তাঁর। এ পর্যন্ত তিনি নয় বার রক্ত দিয়েছেন।
চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী তাপস দাশ বলেন, ‘আমরা মানুষের প্রয়োজনে রক্ত দিতে পারলে খুব ভালো লাগে। আমাদের গ্রুপের সদস্যরা কক্সবাজার, বান্দরবানসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।’
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, এলাকার কিছু তরুণ মিলে এ সংগঠনটি শুরু করেন। বর্তমানে এলাকার বাইরে অন্যান্য জায়গায় অসুস্থ ও দরিদ্র মানুষ লোহাগাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রয়োজনে রক্ত পাচ্ছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ বলেন, এটা একটি ভালো উদ্যোগ। সময়মতো রক্তের অভাবে অনেক রোগী মারা যান। প্রত্যেক সুস্থ মানুষ বছরে অন্তত তিনবার রক্ত দিতে পারে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, প্রত্যেক এলাকায় লোহাগাড়া ব্লাড ব্যাংকের মতো স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠলে অসুস্থ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাড়বে তরুণদের মাঝে।