রক্ত পরীক্ষায় সুচের খোঁচা আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ত পরীক্ষায় বারবার সুচের খোঁচার যন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে সুইজারল্যান্ডের ইন্টিগ্রেটেড সিস্টেমস ল্যাবরেটরির (ইপিএফএল) গবেষকেরা তৈরি করেছেন অতিক্ষুদ্র এক যন্ত্র। এটি চামড়ার নিচে থেকে রক্ত পরীক্ষা করে ফলাফল পাঠিয়ে দেবে মুঠোফোনে। মানুষ ব্যতীত অন্য প্রাণীর ওপর যন্ত্রটি ব্যবহার করে রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রাসহ চারটি প্রোটিন ও জৈব অ্যাসিড শনাক্ত করা হয়েছে। এখন যন্ত্রটি মানুষের শরীরে ব্যবহার করে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের সেবা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই যন্ত্রটি বাজারে আসতে আরও কয়েক বছর লাগবে।আধা ইঞ্চি লম্বা (১৪ মিলিমিটার) যন্ত্রটি রক্তের পাঁচ ধরনের উপাদানের অবস্থা নির্ণয় করতে পারে। এই রক্ত পরীক্ষার ফলাফল বেতার তরঙ্গ বা ব্লুটুথের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চিকিৎসক বা ব্যবহারকারীর মুঠোফোনে পৌঁছে যায়। রোগীর ক্ষুদ্রান্ত্রে, হাতে বা পায়ে ইনজেকশনের মাধ্যমে এই ক্ষুদ্র যন্ত্রটি ঢুকিয়ে দেওয়া হবে। সেখানেই এটি কয়েক মাস পর্যন্ত সংযুক্ত থাকবে এবং পাঁচটি সংবেদীর (সেন্সর) সাহায্যে ওই রোগীর রক্ত পরীক্ষা করে প্রতি ১০ মিনিটে একবার করে তথ্য জানাবে। বিবিসি ও হাফিংটন পোস্ট।