‘একবার কবি চললেন চলনবিলের মাঝখান দিয়ে। আশ্বিন মাস। টলোমলো বোট, মেঘবৃষ্টি। ১৩০৪, ৯ ও ১০ আশ্বিন লিখেছেন চারটি গান। আজ আমরা রবীন্দ্রনাথের শিলাইদহে থাকাকালে রচিত গান শোনাব।’তখনই সুরের আবাহন ‘তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা’, ‘যদি বারণ কর তবে গাহিব না’, ‘সখী প্রতিদিন হায়, এসে ফিরে যায়’ ও ‘আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা’। এরপর ভরাট কণ্ঠে রাশেদ হাসান আবৃত্তি করেন ‘সোনারতরী’। মগ্ন শ্রোতা আরও মজে যান কথা আর সুরের মায়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২২ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দারুণ এ আয়োজন ছিল রক্তকরবীর। সংগীত ও রবীন্দ্রসাধনায় নিবেদিত এ সংগঠনের অনুষ্ঠানজুড়ে ছিল রবিঠাকুরের কর্মের জয়গান। ‘রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ও পাঠভবনের অভিজ্ঞতা’ বিষয়ে আলোচনা করেন শান্তিনিকেতনের পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর। খ্যাতিমান বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সুপ্রিয় ঠাকুর শুরুতে চট্টগ্রামে এসে ভালো লাগার কথা বলেন। তিনি বলেন, ‘আনন্দের মধ্যে দুদিন কেটে গেছে। আপনাদের বন্ধুত্ব-আতিথ্য আমি কোনো দিন ভুলব না।’ তিনি পাঠভবনের অভিজ্ঞতাকে দুভাগে ভাগ করেন—ছাত্রজীবন ও কর্মজীবন। এর আগে তিনি রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে আলোচনা করেন।’সুপ্রিয় ঠাকুর বলেন, ‘একসময় জমিদারি পরিদর্শনে শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ। সেখানে তাঁর সন্তানদের প্রথম পড়ালেখা শুরু হয়। সেই অভিজ্ঞতা থেকে পরে তিনি শান্তিনিকেতনে বিদ্যালয় স্থাপন করেন। আমার মনে হয়, কবিতা না লিখে যেমন তাঁর উপায় ছিল না, তেমনই বিদ্যালয় স্থাপন না করেও। ওই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল পাঁচজন ছাত্র দিয়ে। আসলে রবীন্দ্রনাথ তপোবনের আদর্শ থেকেই প্রকৃতির সান্নিধ্য, মনের সঙ্গে মনের যোগ ইত্যাদির ওপর গুরুত্ব দিতে চেয়েছেন। প্রকৃতির সান্নিধ্য ছাড়া মনুষ্যত্ব লাভ করা সম্ভব নয়। তবে রবীন্দ্রনাথ কাঠুরিয়ার মতো প্রকৃতির সান্নিধ্য চাননি, চেয়েছিলেন সচেতন সান্নিধ্য। সে জন্য তিনি নানা ব্যবস্থা রেখেছিলেন পাঠভবনে। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষকে কর্মী, জ্ঞানী ও প্রেমিক হতে হয়। তিনি চেয়েছিলেন তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে, মুখস্থ করা নয়। প্রকাশই হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার মূল জিনিস। এই প্রকাশ হবে সুর, রংতুলি, নাটক, নাচ, গণিত, বিজ্ঞান, সাহিত্যের মধ্য দিয়ে। পাঠভবন ছিল শিশুদের আনন্দের জায়গা, প্রকৃতির মধ্যে জ্ঞানচর্চার সুযোগ। শিক্ষার্থীরা সেখানে রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত, গাছে গাছে চড়ে বেড়াত। পরীক্ষাকে রবীন্দ্রনাথ বলতেন রক্তপিপাসু দানব। রবীন্দ্রনাথ এ বিদ্যালয়ের খরচ মেটানোর জন্য স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন।’সুপ্রিয় ঠাকুর যখন বলছিলেন তখন মিলনায়তনে পিনপতন নীরবতা। সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন তাঁর কথা। এরপর তিনি বললেন, ‘১৯৪৬ সালে আমার তখন আট বছর বয়স। কলকাতার পিতৃগৃহে বাস করতাম। সাম্প্রদায়িক দাঙ্গার সময় বাড়ি ছেড়ে চলে যেতে হয়। রথীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরিবারকে আশ্রয় দিয়েছিলেন শান্তিনিকেতনে। ৪৭ সালে আমি পাঠভবনে ভর্তি হলাম, সপ্তম বর্গ মানে ক্লাস ফোরে। গাছতলায় বসে ক্লাস করতে প্রথম দিকে আমার রীতিমতো অসুবিধা হতো। তখন তো পাঠভবনের ইতিহাস আমার জানা ছিল না! তখন আমরা বেশ স্বাধীনতা উপভোগ করতাম, কিছুটা নিয়মকানুনের আড়ষ্টতাও ছিল। তখনো পরীক্ষা নামের বিষয়টা ভালোভাবে চেপে বসেনি। মাস্টার মশায়রা ছিলেন বড় বড় পণ্ডিত, রবীন্দ্রনাথের হাতে গড়া।’তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন, বলেন, ‘আমরা প্রকৃতির সঙ্গে বই পড়ে পরিচিত হইনি, গাছপালা দেখে শিখেছি। এমনকি মৌচাক পর্যন্তও ছিল। আর ছিল বিশাল খেলার মাঠ। রবীন্দ্রনাথের মৃত্যুর পরও স্বাধীনতা ছিল পাঠভবনে। কত মাস্টারমশাইয়ের কত যে স্নেহ-ভালোবাসা পেয়েছি তার ইয়ত্তা নেই।’তিনি বলেন, ‘আমরা কোনো দিন রচনা মুখস্থ করিনি। আম পাড়ার কথা, নদীতে বেড়াতে যাওয়ার রচনা তো আর বইতে ছিল না। সেখানে একটা দুরবিন ছিল। সেটা দিয়ে আমাদের তারা দেখানো হতো।’ তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ বলেছিলেন—বিদ্যালয় হবে একটি বড় পরিবার। বিদ্যালয় ছোট থাকলে মানুষকে মানুষ হিসেবে চেনা যায়। শিক্ষকেরা আমাদের চিনতেন-জানতেন।’এরপর সুপ্রিয় ঠাকুর ১৯৭৩ সালে অধ্যক্ষ হিসেবে আসেন পাঠভবনে। তখনকার মজার ও বেদনার কিছু অধ্যায় শোনান তিনি শ্রোতাদের। মজা করে বলেন, একবার পাঠভবনের জন্য উদ্ভিদবিদ্যার মাস্টার মশায় নেওয়া হচ্ছে। অনেক বড় বড় বিশেষজ্ঞ এসেছেন পরীক্ষা নিতে। বড় বড় ডিগ্রিধারীরা এসেছেন প্রার্থী হিসেবে। অধ্যক্ষ হিসেবে আমিও ছিলাম, সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমপাতা, জামপাতা, কাঁঠালপাতা ইত্যাদি। প্রার্থীদের উদ্দেশে বললাম, এটা কোন গাছের পাতা? তারা পারলেন না! আসলে তারা তো বইতে পড়েছে উদ্ভিদ সম্পর্কে, প্রকৃতির সান্নিধ্য লাভ করেনি।’ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় রক্তকরবীর শিল্পীদের ‘তুমি যত...এ বোঝা নামাও বন্ধু’ রবীন্দ্রসংগীত দিয়ে। এরপর ছিল ‘বঁধু মিছে রাগ করো না’। দুটি গানের পর কথা বললেন রক্তকরবীর দলপ্রধান বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শীলা মোমেন। তিনি বললেন, ‘রবীন্দ্রনাথের জীবনকে আট ভাগ করলে চতুর্থ দশকটি হবে সোনালি অধ্যায়। এর কোনো তুলনা হয় না। সোনারতরী, চিত্রা, ক্ষণিকার মতো কাব্যগুলো শিলাইদহে থাকাকালীন রচিত। এ সময়ের রচনায় মূর্ত হয়েছে বাংলাদেশের অখ্যাত-অজ্ঞাত পল্লিগুলোর প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার নদ-নদী, খাল-বিল প্রভৃতি। এরপর চলনবিলে চলার সেই গল্প, তার পরের সৃষ্টি। শেষ পরিবেশনা ছিল ‘নীল নবগনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে’। যাবার বেলায়ও যেন শ্রোতাদের মনে বেজে চলেছে রবির গানের সুর।