২৩ ডিসেম্বর সন্ধ্যা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চের পর্দার ওপাশ থেকে ভেসে এল সমবেত কণ্ঠের গান, ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। আর গানের সঙ্গে সঙ্গে উঠল পর্দা। রজনীকান্তের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে সংগীত সংগঠন রক্তকরবী আয়োজিত ‘কান্ত কবির গান’ অনুষ্ঠানের শুরুটা ছিল এমনই।
আসরে রজনীকান্তের মন কেড়ে নেওয়া সুরে দর্শকদের মুগ্ধ করলেন রক্তকরবীর শিল্পীরা। সমবেত গানের পাশাপাশি ছিল একক গান। আর ফাঁকে ফাঁকে চলল কথা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। রাশেদ হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রক্তকরবীর প্রধান ও সংগীতশিল্পী শীলা মোমেন।
গানের পাশাপাশি দর্শকদের ধরিয়ে দেওয়া হচ্ছিল গানের অনুষঙ্গ ও রচনার পটভূমি। শুরুতে সমবেত গানের পর শিল্পী রুশমিলা ইসলাম গাইলেন ‘জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন’। এরপর সোমা রায় শোনান ‘আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি’। এরপর ‘খেয়াপারের পাটনী এসেছে’ পরিবেশন করেন জাহিদ কিরণ।
বেশ কয়েকটি একক গানের পর ছিল সমবেত কণ্ঠের গান। এরপর দ্বৈত সংগীত করেন সোমা বড়ুয়া ও শিল্পী তালুকদার। একক গান পরিবেশন করেন সৃষ্টি বড়ুয়া, শ্রাবন্তী ধর, অমি দেব, সত্যজিৎ ঘোষ ও পূরবী বড়ুয়া। একক গানের পর ছিল সমবেত কণ্ঠে ‘জয় নিখিলও সৃজন-লয়কারী’ গানটি। এই গানের পর দোতারার তালে তালে ‘যেখানে সে দয়াল আমার’ গানটি পরিবেশন করেন কাজী মাহতাব করিম। স্বদেশি আন্দোলন ওপর কবির লেখা একটি বিখ্যাত গান হলো ‘মায়ের দেওয়া মোটা কাপড়’। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনার মাধ্যমে শেষ হয় ‘কান্ত কবির গান’।