রক্তকরবীর শততম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলিত মানুষেরা গুহার ভেতরে চলাচল করে। বন্দী আত্মার আর্তনাদে সময় যেন থমকে দাঁড়ায়। অতঃপর রক্ত ঝরে পড়া, দেহের কালশিটে দাগে মর্মের বেড়িগুলো গারদের সীমানা ভেঙে চূর্ণ হয়ে যায়। মুক্তির মন্ত্রণা শোনায় নন্দিনী...। এভাবেই ঘটনা ক্রমশ এগিয়ে যায় নাটকের। ১৩ জুলাই ছিল তির্যক নাট্যদলের রক্তকরবী নাটকের শততম প্রদর্শনী।এ উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন ‘রবীন্দ্রনাথের রক্তকরবী’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে আলোচনার মূল বিয়যবস্তু উপস্থাপন করেন নাট্যজন আতাউর রহমান। মুখ্য আলোচক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘বিশ্বায়নের অকালগ্রহণে দুর্বলের ওপর শক্তিমত্ত দুর্জনের আধিপত্যে লুণ্ঠিত মানবিকতা পুনরুদ্ধারে রক্তকরবী একটি শাণিত হাতিয়ার। আজকের পুঁজিবাদী যন্ত্রসভ্যতা মানুষের প্রাণকে নির্যাসশূন্য করে এবং তাকে নামগোত্রহীন সংখ্যায় পরিণত করে। শতবর্ষ আগে রবীন্দ্রনাথ এই অন্ধ গহ্বর থেকে বন্দী আত্মার মুক্তির যে মন্ত্রপাঠ নন্দিনীর মুখ দিয়ে শুনিয়ে ছিলেন, তা আজ পর্যন্ত মানবসমাজের জন্য শ্রেষ্ঠতম মঙ্গলবার্তা।’ আতাউর রহমান বলেন, ‘রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের পরিপূর্ণ জীবনদর্শনের আয়না। তাঁর এই সৃষ্টি বাংলার রঙ্গমঞ্চকে সর্বজনীন ও বৈশ্বিক মর্যাদা দিয়েছে। আধুনিক বাংলা রঙ্গমঞ্চে রক্তকরবী মানুষের আত্মিক মুক্তির আকাঙ্ক্ষা প্রতিফলনের প্রথম মাইলফলক। তাই বাংলার রঙ্গমঞ্চের অমরত্বের প্রাণভ্রমরা রক্তকরবী।’ সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. অনুপম সেন বলেন, ‘রবীন্দ্রনাথের রক্তকরবী সব সময় সমকালীন শুদ্ধতম মানবিক অনুভূতি ও উপলব্ধির শিকড়। এই শিকড় আমাদের অস্তিত্বের গভীরে প্রোথিত।’ তির্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে নাট্যজন ও সুধীজনেরা অংশ নেন। আলোচনা সভা শেষে উন্মুক্ত মঞ্চে শততম প্রদর্শনী স্মারক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সাংসদ বেগম মাহজাবীন মোরশেদ, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, নাট্যজন ওসমান গনি মনসুর, অলক ঘোষ ও এ কে এম ইছমাইল। এরপর মঞ্চে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন রাশেদ হাসান ও মিলি চৌধুরী। নৃত্য পরিবেশন করে ওডিসি টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার ও সুরঙ্গমা নৃত্যাঙ্গন এবং সংগীত পরিবেশন করেন চন্দ্র শেখর দত্ত। সন্ধ্যায় মিলনায়তনে মঞ্চস্থ হয় আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের শততম প্রদর্শনী । শনিবার টিআইসি গ্যালারিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ছিল ‘রবীন্দ্র নাট্যচর্চা’ শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় অংশ নেন নাট্যজন মুনীর হেলাল, ড. কুন্তল বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, নাট্যজন সনজীব বড়ুয়া, অলক ঘোষ, সুচরিত দাশ ও বিক্রম চৌধুরী। আলোচনা সভা শেষে উন্মুক্ত মঞ্চে শততম প্রদর্শনী স্মারক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত ও প্রমা আবৃত্তি সংগঠন। নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স এবং সংগীত পরিবেশন করেন প্রবীর দাশ। সন্ধ্যায় মিলনায়তনে মঞ্চস্থ হয় রক্তকরবী নাটকের ১০১তম প্রদর্শনী।