রক্তকরবীর শ্যামল ছায়ায় শরৎ সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে সংগীত আসরে গান পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা
টিআইসিতে সংগীত আসরে গান পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা

ভরা শরতেও বৃষ্টির থামাথামি নেই। তাই বর্ষাবন্দনা দেরিতে হলেও ক্ষতি কী! তার ওপর শরতের আমেজও পাওয়া যাচ্ছে পুরোপুরি। আর সে কারণে কী রক্তকরবী আয়োজিত সংগীত আসরের শিরোনাম ‘শ্যমল ছায়ায় শরৎ সাজে’?
গত ৩০ আগস্ট সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে রক্তকরবীর এই আসরে গানে-কবিতায় শরৎ ও বর্ষা এসেছে ঘুরেফিরে। আসরের শুরুতে ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন বর্ষা বন্দনায় বিলম্বের কারণটাও ব্যাখ্যা করলেন। তিনি বলেন, ভরা বর্ষায় দেশ এবার ছিল রক্তস্নাত। নিষ্ঠুর জঙ্গি হামলার উৎকণ্ঠায় জীবনের ছন্দ কেটে গিয়েছিল। সে ছন্দ ফিরিয়ে আনা ছিল কঠিন কাজ। তাই এ বছরে বর্ষাবন্দনায় বিলম্ব। তবে এখনো আকাশে বর্ষা মেঘের আনাগোনা চলছে, ভারী বর্ষণও হচ্ছে। বর্ষামঙ্গলের সঙ্গে শরতের সুবাস মিলিয়ে রক্তকরবীর এবারের নিবেদন।
সংগীত আয়োজনের শুরুতে ছিল রক্তকরবীর প্রধান শীলা মোমেনের পরিবেশনা। ‘রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা’ শুনিয়ে যেন দর্শকদের মন ভিজিয়ে দিলেন তিনি। এরপর সমবেত কণ্ঠে শিল্পীরা গাইলেন ‘বিশ্ব বীণা রবে বিশ্বজন মোহিছে’।
দুটো গানের পর রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল থেকে রাশেদ হাসান পাঠ করেন ‘ওই আসে ওই অতি ভৈরব হরষে’। পাঠের পর রক্তকরবীর শিল্পীরা সমবেত কণ্ঠে শোনালেন, ‘এসো হে এসো সজল ঘন বাদল বরিষণে’ ও ‘পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি’ গান দুটি। এরপর টিংকু শীল পরিবেশন করেন ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’।
গানের ফাঁকে ফাঁকে পাঠ—এই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’ থেকে পাঠ করে মুগ্ধতা ছড়ালেন জিনাত ইসলাম। তার রেশ কাটতে না–কাটতে জয়িতা চক্রবর্তী, অমি দেব, সোমা বড়ুয়া, করবী দাশ, সত্যজিৎ ঘোষ, উমা ভট্টাচার্য, রুশমিলা ইসলাম ও পূরবী বড়ুয়া গাইলেন ‘আজি তোমায় আবার চাই শুনাবারে’, ‘মন মন উপবনে চলে অভিসারে আঁধার রাতে বিরহিণী’, ‘আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে’, ওই মালতীলতা দোলে’, ‘সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা’, ‘একলা বসে বাদল শেষে শুনি কত কী’, ‘শ্যামল ছায়া, নাইবা গেলে’ ও ‘যেতে দাও যেতে দাও গেল যারা’।
সব গানই মন ছুঁয়ে গেছে। তবে মনে থাকবে কাজী মাহতাব করিমের কণ্ঠে গাওয়া ‘আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে’ গানটি। আসরে সমবেত সংগীতে অংশ নেন সোমা রায়, সৃষ্টি বড়ুয়া, শিল্পী তালুকদার, মৃত্তিকা বড়ুয়া, অনামিকা চৌধুরী, মনীষা দাশ, আলপনা বড়ুয়া, সুবর্ণা চৌধুরী, সুছন্দা চৌধুরী, প্রিয়াঙ্কা চক্রবর্তী, সুমিত্রা বিশ্বাস, রূপশ্রী চৌধুরী ও শুক্লা ভট্টাচার্য।
সবশেষে ‘এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে’ শুনিয়ে আসরের সমাপ্তি টানেন শীলা মোমেন।