রক্তকাঞ্চনের বেগুনি বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকার একটি বাড়ির নাম ‘মা-কুটির’। এই বাড়ির সীমানা দেয়ালঘেঁষে দাঁড়ানো মাঝারি আকারের একটি গাছে ফুটেছে অপরূপ গাঢ় বেগুনি ফুল। প্রায় পাতাহীন গাছের সারা অঙ্গজুড়ে ফুলের শোভা। গাছ-গাছালির সঙ্গে একটু-আধটু যাঁদের পরিচয় আছে তাঁরা এই ফুল দেখেই পুলকিত হবেন। হঠাৎ আবিষ্কারের আনন্দে উদ্ভাসিত হয়ে দেখবেন—এ যে রক্তকাঞ্চন। মনে পড়ে যেতে পারে এই চরণ দুটিও—‘ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।’কথা হয় বাড়ির মালিক সুদর্শন দত্তের সঙ্গে। তিনি জানান, ২০০৯ সালে স্থানীয় নার্সারি থেকে বীজ এনে লাগিয়েছিলেন। দুই বছর ধরে প্রতি বসন্তে ফুল ফুটিয়ে যাচ্ছে গাছটি। এই ফুলের রূপে মন মজেছে স্থানীয় বাসিন্দাদেরও। ফুলের শোভা দেখতে ও ঝরে পড়া ফুল কুড়াতে অনেকেই প্রতিদিন মা-কুটিরে হাজির হন। ম্যাজেন্টা, গাঢ় বেগুনি, সাদাসহ নানা রঙের কাঞ্চনফুলের দেখা মেলে। আমাদের দেশে সাধারণত দেবকাঞ্চন, রক্তকাঞ্চন ও শ্বেতকাঞ্চন এই তিন জাতের কাঞ্চনফুল ফোটে। তবে দেবকাঞ্চন ফোটে হেমন্তে। বসন্তে ফোটে শ্বেত ও রক্তকাঞ্চন। রক্তকাঞ্চনের নাম থেকেই অনুমান করা যায় এর রং কেমন। শীতের শেষে রক্তকাঞ্চনের পাতা ঝরে যায়। এর পাতাগুলোও চমৎকার। ডগার দিকে দুভাগে বিভক্ত। বসন্তের শুরুতে অল্প কিছু পাতাকে ছাপিয়ে শাখাগুলো ভরে ওঠে গাঢ় বেগুনি রঙের ফুলে। ফোটেও প্রচুর। দেখে মনে হয় প্রকৃতির শিল্পকর্ম। গাছ দ্রুত বর্ধনশীল এবং মাঝারি আকৃতির। প্রায় ১০ থেকে ১২ মিটার লম্বা হয়। ফুলে পাঁচটি পাপড়ি রয়েছে। ১৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা ফল দেখতে অনেকটা শিমের মতো। ফলেরভেতরে একাধিক বীজ থাকে। রাস্তার পাশে ছায়াদানকারী গাছ হিসেবে রক্তকাঞ্চন আজকাল ব্যাপকভাবে লাগানো হচ্ছে। এ গাছ বসতবাড়িতেও লাগানো যায়। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, রক্তকাঞ্চনের বৈজ্ঞানিক নাম Bauhinia variegata। এর আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। সাধারণত পরিপক্ব বীজ থেকে সহজেই চারা তৈরি করা যায়।রক্তকাঞ্চন ফুল দেখতে অনেকটা অর্কিডের মতো। এর ইংরেজি নাম থেকেই সেটা বোঝা যায়। এই গাছকে ইংরেজরা অর্কিড ট্রি, পারপেল অর্কিড বা পুওর ম্যানস অর্কিড বলেও ডাকেন।