রক্তচাপ কমাতে ধ্রুপদি সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ কিছু ধ্রুপদি সংগীত আমাদের রক্তচাপের জন্য ইতিবাচক। প্রতীকী ছবি।
বিশেষ কিছু ধ্রুপদি সংগীত আমাদের রক্তচাপের জন্য ইতিবাচক। প্রতীকী ছবি।

রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে ধ্রুপদি সংগীতের সুরে মজে থাকা। ধীর গতির তাল ও লয়ের ধ্রুপদি সংগীত শোনার অভ্যাস তাই আপনার হৃৎপিণ্ডের জন্য স্বাস্থ্যকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণার বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।


গবেষকেরা বলছেন, আমাদের শরীরের ওপর ভিন্ন ভিন্ন তাল ও লয়ের সংগীতের প্রভাবও ভিন্ন হয়। দ্রুত কিংবা ধীর লয়ের সংগীতের সঙ্গে সঙ্গে আমাদের রক্তচাপও ওঠানামা করতে পারে। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ধীর তাল ও লয়ের নানা অর্কেস্ট্রা ও অপেরা আমাদের শরীরের স্বাভাবিক ছন্দের সঙ্গে মানানসই হলেও পপ ও র‌্যাপের মতো সংগীতে আমাদের রক্তচাপ বেড়ে যেতে পারে।

অক্সফোর্ডের এই গবেষণায় নেতৃত্ব দেন অধ্যাপক পিটার স্লাইট। বিষয়টির ব্যাখ্যায় তিনি বলেন, মানব শরীরে প্রতি ১০ সেকেন্ডেই রক্তচাপ ওঠানামা করে। বিখ্যাত ইতালীয় কম্পোজার জিওসেপ্পো ভার্দির মতো অনেক বিখ্যাত সংগীত স্রষ্টারাই মানব শরীরের এই স্বাভাবিক ছন্দকে সুরের লয়ে ধরার চেষ্টা করেছেন। ফলে এই ধরনের ধ্রুপদি সংগীত আমাদের রক্তচাপের জন্য ইতিবাচক।

ধ্রুপদি সংগীতের কিছু নির্দিষ্ট ছন্দ-তাল-লয় কীভাবে আমাদের হৃৎপিণ্ড ও রক্তনালিগুলো প্রভাবিত করতে পারে এই গবেষণায় তা তুলে ধরা হয়েছে। তবে, ধ্রুপদি সংগীতের এই গুণকে থেরাপি হিসেবে মানুষের কাজে লাগাতে হলে আরও বিশদ গবেষণার প্রয়োজন।

অক্সফোর্ডের বিজ্ঞানীদের এই গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের সাময়িকীতে।