এল ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষাশহীদদের স্মরণে মাসের প্রথম দিনেই নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ত্রিতরঙ্গ আবৃত্তি দল আয়োজন করে আবৃত্তি সন্ধ্যা। ‘রক্তমাখা বর্ণমালা’ শিরোনামের এ আয়োজনে ছিল কথামালা, একক ও বৃন্দ আবৃত্তি। আয়োজনটি উৎসর্গ করা হয় প্রয়াত ভাষাসৈনিক আবু তালেব চৌধুরীকে।
আয়োজনের শুরুতে ছিল একক আবৃত্তি পরিবেশনা। দিদারুল আলম আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের ‘কোন এক সংগ্রামীর দৃষ্টিতে’ কবিতাটি। এরপর সামিহা নাওয়ার নির্মলেন্দু গুণের ‘একুশকে ১৯৯৯’, আদিল ইলাহি আবু হেনা মোস্তফা কামালের ‘একুশের কবিতা’ ও তুষ্টি চৌধুরী সৈয়দ শওকত আলীর ‘শহীদ মিনার’ কবিতাটি আবৃত্তি করেন । এবার কথামালার পর্ব। প্রদীপ হাতে অতিথিরা উঠে আসেন মঞ্চে। অতিথি ছিলেন আহমেদ আবু নাছের চৌধুরী, মফিজুর রহমান ও কামরুল হাসান। কথামালার ফাঁকে আবারও চলে একক ও বৃন্দ আবৃত্তি। এতে অংশ নেন দেবাশিস রুদ্র, শিমুল দে, অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান প্রমুখ।