মিলনায়তনের অন্দরে দেয়াল ও মঞ্চে কালো পর্দা। মধ্যে মধ্যে ছড়িয়ে আছে বর্ণমালা-অ আ ই ঈ। মৃদু স্বরে বেজে চলছে ‘মোদের গরব, মোদের আশা’ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান দুটি। প্রেরণাদায়ী সেই গানে অনুষ্ঠান শুরুর আগেই তৈরি করে ভিন্ন এক পরিবেশ। আর অনুষ্ঠানে কবিতায় কখনো ছড়িয়ে পড়ে বিদ্রোহের বারুদ। কখনো সশ্রদ্ধ সালাম জানানো হয় ভাষাশহীদদের।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিতরঙ্গ আবৃত্তি দল ১ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারিতে আয়োজন করে রক্তমাখা বর্ণমালা শিরোনামের আবৃত্তি সন্ধ্যার।
শুরুতেই ছিল কথামালা। দেবাশিস রুদ্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাসুদ তালুকদার। আলোচক ছিলেন অধ্যাপক রীতা দত্ত ও ভাষা সৈনিক ডা. মাহফুজুল হকের সহোদর এম শামসুল হক। এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায় ত্রিতরঙ্গ পরিবার।
আবৃত্তিপর্ব শুরু হয় খুদে আবৃত্তিশিল্পী অর্ক দেবের কণ্ঠে আসাদ চৌধুরীর ‘ফাগুন এলেই’ কবিতার মাধ্যমে। এরপর দর্শকের মন জয় করে কনিষ্ঠ আবৃত্তিশিল্পী সায়রা শানাফা। সে আবৃত্তি করে আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতাটি। পর পর আবৃত্তি করেন প্রবীর দাশ, রনি দাশগুপ্ত, ঐশী পাল, আদিল ইলাহী, সেঁজুতি শ্রেয়া, সুপ্রিয়া চৌধুরী ও দিদারুল আলম।
আমন্ত্রিত কবি বিশ্বজিৎ চৌধুরীর ‘আপনি থাকুন স্যার পুষ্পশোভিত’, ফারহানা আনন্দময়ীর ‘একুশ তোমায় ভালোবাসি’ও মনিরুল মনিরের ‘বারুদ চেতনা’কবিতাগুলো অনুষ্ঠানের আনে ভিন্ন মাত্রা।
ছিল আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদেরও কবিতা পাঠ। উদয় শংকার দাশের ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, মিলি চৌধুরীর ‘ঠিকানা’মনে দাগ কাটে। এ ছাড়া আবৃত্তি করেন সাইদুল করিম ও বনকুসুম বড়ুয়া।
শেষে ছিল দেবাশিস রুদ্রের গ্রন্থনায় ও নিদের্শনায় ‘সংগ্রামে একুশ মুক্তির একুশ’বৃন্দ পরিবেশনা।