রক্তাক্ত দিশেহারা পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখনো রাস্তা পার হতে পারি না। বাসে উঠতে ভয় লাগে। আমরা দুর্ঘটনার শিকার না হলে বুঝতে পারতাম না দেশের সড়ক যোগাযোগব্যবস্থা কতটা ভয়াবহ! ভাবা যায়—কেবল সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ২০ হাজার লোক মারা যায়!’বিষণ্নভাবে কথাগুলো বলছিলেন শিল্পী দিলারা বেগম জলি।গত বছর ১৩ আগস্ট মানিকগঞ্জের অদূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন। সেই দুর্ঘটনার এক বছর পূর্তিতে তরুণ শিল্পীদের সংগঠন ‘ইয়াপ্রি’ আয়োজন করেছিল ‘পথ’ নামের একটি প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নেন দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত শিল্পী-দম্পতি ঢালী আল-মামুন ও দিলারা বেগম জলি।শিল্পকলা একাডেমীর গ্যালারিতে তিন দিনের এই প্রদর্শনী শেষ হয় ২ সেপ্টেম্বর। এতে ৩৭ জন শিল্পী তাঁদের শিল্পকর্ম তুলে ধরেন দর্শকদের সামনে।হাতে তৈরি কাগজে আঁকা তিনটি ড্রয়িং, মাঝেরটি ট্রেসিং কাগজ দিয়ে ঢাকা। পাশের মেঝেতে সাদা চকের গুঁড়োতে ঢাকা শুকনো ডালপালা, সেসবের মধ্যে একটি মাথার খুলি। প্রদর্শনীর শেষ দিন দিলারা বেগম জলির ‘অমরা’ শিরোনামের এই কাজটির সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল। সেদিকে ইঙ্গিত করে শিল্পী বলেন, ‘অমরার অর্থ হলো গর্ভাশয়। প্রতিটি মৃত্যু নারীর জন্য গভীর যন্ত্রণার। আমি তাই নারীর এই যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে গর্ভাশয়কে ঢেকে দিয়েছি।’ গ্যালারির নিচতলায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল শিল্পী ঢালী আল মামুনের দৃশ্যশিল্প (ভিডিও স্থাপনাশিল্প) ‘ট্রিবিউট টু তারেক মাসুদ অ্যান্ড মিশুক মুনির।’ বিভিন্ন সময়ে চলচ্চিত্রের জন্য তারেক ও মিশুক মুনিরের তোলা অব্যবহূত ফুটেজ নিয়ে ১৮ মিনিটের এই দৃশ্যশিল্প তৈরি হয়েছে। বুড়িগঙ্গা নদী, রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরের কয়েকটি টুকরো ছবি দিয়ে সাজানো হয় কাজটি। এ দেশের প্রকৃতি ও প্রবহমান জীবন এবং সাধারণ মানুষ নিয়ে কাজ করেছেন তারেক ও মিশুক। দৃশ্যশিল্পেও তাই সাধারণ মানুষের জীবনটা যেন মহাকাব্যিক ঢঙে উপস্থাপন করা হলো।গ্যালারির প্রথম প্রদর্শনীকক্ষের বারান্দায় আসতেই থমকে যেতে হয়। মেঝেতে ছড়িয়ে আছে—‘আপনার অভিযোগ থাকলে চালককে বলুন’, ‘রাজনৈতিক আলাপ নিষেধ’, ‘হরন দিন’ লেখাসংবলিত অসংখ্য টুকরো কাগজ। বোঝা গেল গণপরিবহনের পরিবেশকে দর্শকের সামনে তুলে ধরতেই এমন ব্যবস্থা।দরজার মুখে ছাদ থেকে লম্বা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি টায়ার। রক্তে রঞ্জিত গাড়ির চাকার দাগ নিয়ে টায়ারের ভেতরে ঢুকে গেছে একটা সাদা মার্কিন কাপড় আর টায়ারের অপর পাশ দিয়ে বের হয়েছে গাঢ় লাল হয়ে। কাপড়ের লাল অংশে অসংখ্য কাগজের ফুল। তরুণ শিল্পী রিপন সাহার এই স্থাপনাশিল্পের নামও রাখা হয়েছে ‘কাগজের ফুল’।তারেক মাসুদের স্বপ্নের চলচ্চিত্র কাগজের ফুলের কথা আরও বেশ কয়েকজন শিল্পীর কাজে ঘুরেফিরে এসেছে। ক্যানভাসে সাদা-কালো রঙে আঁকা একটি শিশু হাত বাড়িয়ে আছে। ছবির ফ্রেম ঘেঁষে লাগানো হয়েছে রংচঙে সব স্টিকার। শিল্পী শায়লা শারমিনের এই ছবির নাম ‘তার গল্প’। নিজের কাজ সম্পর্কে শায়লা শারমিন বলেন, ‘আমি কাজ করেছি একটি পথশিশুকে নিয়ে। যাকে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা দেখতে হয়। এসব দেখতে দেখতে শৈশবের রংও হারিয়েছে সে।’ জাহেদ আলী চৌধুরীর—‘ডিজায়ার হোয়েন আই লুস ইট’ ও কাজল দেবনাথের ‘যান্ত্রিক-অযান্ত্রিক’ শিরোনামের কাজগুলো দেখে সড়ক দুর্ঘটনার ট্র্যাজেডি আরও একবার উপলব্ধি করেন দর্শক।‘মা আমাকে মনি বলে ডাকতেন’ এই শিরোনামে স্থাপনাশিল্প উপস্থাপন করেন চারুকলার মাস্টার্সের ছাত্র মঞ্জুরুল আলম। অনেকগুলো ঝুলন্ত রেহেলে তাঁর মায়ের ছবি ও ব্যবহূত জিনিসপত্র দিয়ে সাজানো হয় স্থাপনাটি। মঞ্জুরুল বলেন, ‘মা আমাকে মনি বলে ডাকতেন। কিন্তু এখন সেই নামে কেউ ডাকে না। ২০০৯ সালের কথা। আমি তখন তৃতীয় বর্ষের ছাত্র। সিলেট থেকে চট্টগ্রাম আসার পথে দুর্ঘটনায় আমার মা মারা যান। মায়ের সঙ্গে নিজের একটা অংশকেও হারিয়েছি আমি।’মঞ্জুরুল, দিলারা বেগম জলি বা ঢালী আল মামুনের ব্যক্তিগত বেদনার সঙ্গে একাত্ম হন প্রদর্শনী দেখতে আসা দর্শকেরা। হয়তো প্রিয়জন হারানোর শোক কিংবা ব্যক্তিগত ক্ষতি এভাবেই হয়ে ওঠে সমগ্রের অভিজ্ঞতার অংশ।