রক্তের দাগ মুছে রঙের আখরে
বোমায় উড়ে গেছে দালানের খিলান, পলেস্তারায় গুলির দাগে যেন হিংস্র নখর। দেয়ালে দেয়ালে লেগে আছে রক্তের দাগ। যেন প্রতিটা হামলার ক্ষতচিহ্ন পরবর্তী আঘাতের আতঙ্ক ছড়াতে ছড়িয়ে থাকে চারপাশে। কিন্তু হরদম খুনোখুনি, গোষ্ঠী দাঙ্গা, রাহাজানি আর রাজনৈতিক সন্ত্রাসে সদা-সন্ত্রস্ত করাচির এই ছবিটা পাল্টে দিতে চান একদল শিল্পী। তাই চারুশিল্পের শিক্ষক, তরুণ শিল্পী, সংস্কৃতিকর্মী আর স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মিলে করাচির দেয়ালগুলো রাঙিয়ে দিচ্ছেন দারুণ সব গ্রাফিতিতে।

সিন্ধু অববাহিকায় আরব সাগরের তীরের এক ঐতিহাসিক বন্দরনগর করাচি। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী আর সবচেয়ে বড় নগর করাচিতে প্রায় দুই কোটি মানুষের বাস। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সবকিছু ছাপিয়ে করাচির দুনিয়াজোড়া পরিচিতি যেন সন্ত্রাসের জনপদ হিসেবেই। রাজনৈতিক আর ধর্মীয় উন্মাদনা থেকে এ নগরের যেন কোনো নিস্তার নেই। গত বছরখানেকেই সেখানে ঘটেছে দুটো বড়সড় সন্ত্রাসী হামলা। গত জুনে বিমানবন্দরে তালেবান হামলায় প্রাণ হারান ৩৮ জন। আর এই বছরের মে মাসে শিয়াদের একটি বাসে গুলি করে হত্যা করা হয় ৪৫ জনকে।

এমন রাজনৈতিক পরিস্থিতিতে করাচিতে ছড়িয়ে পড়া ভয়ের সংস্কৃতি মেনে নিতে পারছেন না নগরের সব শিল্পীরা। নগরের বাসিন্দাদের সারাক্ষণ ভয়ে তটস্থ হয়ে থাকা থেকে মুক্তি দিতে চান এই শিল্পীরা। মানুষের চোখে ফুটিয়ে তুলতে চান ইতিবাচক জীবনের আশা। এমন লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন করাচির ইন্ডাস ভ্যালি স্কুল অব আর্ট অ্যান্ড আর্কিটেকচারের শিল্পকলার কিছু শিক্ষক ও ছাত্রছাত্রীরা। করাচির দেয়ালগুলো থেকে রক্তের দাগ মুছে রঙের আখরে জীবনের ছবি ফুটিয়ে তোলার এই প্রয়াসে শামিল হয়েছেন আরও অনেকেই।

‘আই অ্যাম করাচি’ নামের একটি সংগঠনের উদ্যোগে শুরু হয় ‘রিইমেজিং’ নামের এই গ্রাফিতি প্রকল্প। করাচির প্রধান সড়কগুলো থেকে শুরু করে নানা দালানকোঠার দেয়াল, আন্ডারপাস, কল-কারখানা, পদচারী সেতুসহ নগরের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৬০০ স্থানে দেয়ালচিত্র আঁকার পরিকল্পনা নিয়েছেন এই শিল্পীরা। এ জন্য নগর কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতিও নিচ্ছে সংগঠনটি। আর প্রকল্পে অর্থায়নে যুক্ত হয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

ইন্ডাস ভ্যালি স্কুল অব আর্ট অ্যান্ড আর্কিটেকচারের শিক্ষক শিল্পী নুরাইয়া শেখ নবী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একসঙ্গে চোখ মেলে দেখছি আর দেয়ালগুলোতে লেপ্টে থাকা ঘৃণার গ্রাফিতি মুছে ফেলে এ নগরকে পুনরায় নিজেদের করে নিচ্ছি।’ শেখ নবীর সঙ্গে আরও প্রায় ২০০ শিল্পী, শিক্ষার্থী এবং দিনমজুরেরা কাজ করছেন রিইমেজিং নামের এই শিল্প-প্রকল্পে।

পথেঘাটের দেয়ালে দেয়ালে ছবি এঁকে নাগরিকদের মানসপটে করাচির মনোছবিটা পাল্টে দেওয়ার এই কাজে নেতৃত্ব দিচ্ছেন শিল্পী মুনাওয়ার আলি সাইয়িদ। এই শিল্পী মনে করেন, গ্যালারি আর শিল্পকলার দর্শকদের অভিজাত মহল থেকে নিজেদের কাজকে সরাসরি বিপুলসংখ্যক মানুষের কাছে নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা খুবই আশাব্যঞ্জক। এই শিল্পী এএফপিকে বলেন, ‘শিল্পকলা ও সংগীতে মেতে থাকাটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে।’

শিল্পী মুনাওয়ার আলি সাইয়িদ বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে আমি গ্যালারির শিল্পচর্চায় আছি। কিন্তু এখানে ছবির দর্শকদের মধ্যে সরাসরি কাজ করাটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করছি।’ ঐতিহ্যবাহী চিত্ররীতিতে হাতি আর ময়ূর কিংবা সিন্ধুর লোকধারার নানা ছবি তো আছেই। করাচির রাজপথের দেয়ালে দেয়ালে বালক-বালিকাদের ঘুড়ি ওড়ানোর কিংবা গাধায় টানা গাড়িতে সওয়ার হওয়ার মতো গ্রামীণ জীবনের ছবিও ফুটিয়ে তুলছেন মুনাওয়ার আর তাঁর সহশিল্পীরা। এসব দেয়ালচিত্র নগরের বাসিন্দাদের তো বটেই বিদেশি পর্যটকদের মনেও করাচির ছবিটাকে পাল্টে দিতে শুরু করেছে।
স্কুলের শিশু-কিশোরদের এই দেয়ালচিত্র আঁকার সঙ্গে যুক্ত করতে পারাটা করাচির এই রিইমেজিং প্রকল্পের একটা দারুণ আশাব্যঞ্জক দিক। শিক্ষক ও শিল্পী নুরাইয়া শেখ নবী এএফপিকে বলেন, ‘আমরা নবীন প্রজন্মকে যুক্ত করছি যাতে তারা এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।’ নিজের কিশোরী মেয়েকে সঙ্গে নিয়ে পথে দাঁড়িয়ে কাজ করতে করতে তিনি আরও বলেন, ‘ওরা যেন এই নগরকে নিজের বলে ভাবতে শেখে। আর যখন বড় হবে তখন যেন এই নগরের জন্য কাজ করতে ওদের কোনো অসুবিধা না হয়।’ এই কাজে নবীনদের অংশগ্রহণকে মাটিতে বীজ বোনার সঙ্গে তুলনা করে এই শিল্পী বলছিলেন, ‘কেউ যখন চারপাশে ইতিবাচক বিষয় দেখবে তা তার মধ্যেও ইতিবাচকতারই জন্ম দেবে।’
(এএফপি অবলম্বনে)