রক্তের বন্ধন গড়তে সন্ধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২০০৯ সালের সেপ্টেম্বর। হাঁপাতে হাঁপাতে এক ব্যক্তি আমাদের অফিসের সামনে এসে কাঁদতে লাগলেন। একটু পরে জানতে পারলাম, কিছুক্ষণ আগেই তাঁর এক আত্মীয়ের অস্ত্রোপচার হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রক্তের প্রয়োজন। কিন্তু তাঁদের প্রয়োজনীয় ‘ও পজিটিভ’ রক্ত আমাদের ব্লাড ব্যাংকে তখন ছিল না। রোগীর শারীরিক অবস্থা খুবই খারাপ। আমাদের মধ্যে ‘ও পজিটিভ’ গ্রুপের রক্ত কেবল জাসেম ফারহানেরই ছিল। মাত্র ২০ দিন আগেই জাসেম ফারহান রক্ত দিয়েছেন। কিন্তু পরদিনই ছিল আমাদের বর্ষ সমাপনী পরীক্ষা। চারদিকে খোঁজ করেও যখন এই গ্রুপের রক্ত সংগ্রহ করা যাচ্ছিল না তখন জাসেম ফারহান নিজেই রক্ত দেওয়ার জন্য মনস্থির করেন। অবশেষে রক্ত দেওয়ার মাত্র ২০ দিনের মাথায় আবার আধা ব্যাগ রক্ত দিয়েছিলেন তিনি। সে যাত্রায় তাঁর ওই রক্তই বাঁচিয়ে দিয়েছিল অসুস্থ ওই মানুষটির জীবন’—কথাগুলো বলছিলেন সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সদস্য নাভিদ নূর। জাসেম ফারহান আর নাভিদ নূরের মতো অসংখ্য তরুণ স্বপ্ন দেখেন নিজের রক্ত দিয়ে অসহায় মানুষের জীবন বাঁচানোর।‘একবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ থেকে চিকিৎসার জন্য আমার পরিচিত এক নারী ঢাকায় আসেন। তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। রক্তের গ্রুপ ছিল ‘ও পজিটিভ’। এত রক্ত ওই মুহূর্তে কোথাও না পেয়ে আমার রক্তের গ্রুপে মিল থাকায় কোনো কিছু না ভেবে সেদিন আমিই দিয়েছিলাম সেই রক্ত। পরে ওই নারী আমাকে ডেকে আশীর্বাদ করেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।’—এসব কথা বলতে বলতে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রাফিউজ্জামানের চোখের কোণে জল ছলছল করতে থাকে। মানুষকে বাঁচানোর যে প্রবল আকুতি, তা সন্ধানীর এই তরুণ ছেলেদের দেখলেই বোঝা যায়।ঢাকা মেডিকেল কলেজের রাফিউজ্জামান, নাভিদ নূরের মতো আরও কয়েকজন তরুণ ছাত্র রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে কিছু একটা চাচ্ছেন, এ দৃশ্য প্রতিবছর বইমেলা, নববর্ষের সময় দেখা যায়। চাওয়াটা তাঁদের নিজের জন্য নয়, অসহায় গরিব মানুষকে বাঁচাতেই তাঁদের এই চাওয়া। অনেকেই রক্ত দিয়ে যাচ্ছেন আর কেউ বা পরবর্তী সময়ে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এতেই তাঁরা খুশি। অসহায় গরিব মানুষ এক ব্যাগ রক্ত পেলে বেঁচে যাবে, আবারও পৃথিবীতে হেসে-খেলে বেড়াবে—এসব স্বপ্নই বারবার সিঁদ কাটে রাফিউজ্জামানদের মনের গহিনে। এভাবেই মানুষের কাছে চেয়ে কখনো বা নিজেরাই রক্ত দিয়ে প্রতিষ্ঠার পর থেকে সন্ধানী এ পর্যন্ত ছয় লাখ ২৬ হাজারেরও বেশি ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করেছে। রক্ত দেওয়া-নেওয়ার এই সীমারেখা পেরিয়ে সন্ধানী এখন অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ারও স্বপ্ন দেখছে। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ৩২ জন মানুষ মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আর প্রায় তিন হাজার মানুষকে অন্ধত্ব থেকে মুক্তি দিয়ে দেখিয়েছে এ পৃথিবীর আলো, আপনজনের মুখ।১৯৭৭ সালে ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছয় উদ্যমী তরুণের আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠে এই স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’। ওই ছয় বন্ধুর মধ্যে একজন ছিলেন হতদরিদ্র। কোনো কোনো দিন টাকার অভাবে সকালবেলায় নাশতা না করেই দুপুর দুইটা পর্যন্ত ক্লাস করতেন তিনি। এ ঘটনা বুঝতে পেরে খুব কষ্ট হয় বাকি পাঁচ বন্ধুর। তাঁরা সিদ্ধান্ত নেন, সবাই পাঁচ টাকা করে দিয়ে ওই বন্ধুর নাশতার ব্যবস্থা করবেন। পরে ওই বন্ধুটির নাশতার ব্যবস্থা তাঁরা করেছিলেনও বটে। এভাবে চলল এক বছর। তারপর তাঁরা নিজেদের জন্যই একটি সংগঠন গড়ার চিন্তা করতে থাকেন। এরই মধ্যে ব্লাড ব্যাংকে কাজ করতে গিয়ে তাঁরা জানতে পারেন, কীভাবে দেশের বাইরের ব্লাড ব্যাংকগুলো কাজ করে; আর কেনই বা দেশের হাজার হাজার রোগী রক্তের জন্য পেশাদার রক্তদাতাদের ওপর নির্ভরশীল। এ জন্য তাঁরা একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেন। এরপর ২ নভেম্বর ১৯৭৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সন্ধানী। বর্তমানে সারা দেশে সরকারি-বেসরকারি ইউনিট মিলে সন্ধানীর মোট ১৮টি ইউনিট রয়েছে। মেডিকেল কলেজের ছাত্র হলেই সন্ধানীর সদস্য হওয়া যায়। আর যে কেউ অসহায় রোগীদের সাহায্যের জন্য তিন মাস পর পর রক্ত দিতে পারেন। একবার রক্ত দিলেই তাঁরা সন্ধানীর ডোনার সদস্য হিসেবে বিবেচিত হন। এই ডোনার সদস্য তাঁর নিজের প্রয়োজনে যেকোনো সময় রক্ত নিতেও পারবেন।