‘গত বর্ষায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায় গর্জনিয়া ইউনিয়ন। সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকি কয়েক মাস। তবে বাঁকখালী নদী খনন হওয়ায় ঢলের পানিতে এবার বন্যা হবে না। আমরা বন্যার হাত থেকে রক্ষা পাব।’ কথাগুলো বলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা হাবিব উল্লাহ (৫০)।বাঁকখালী নদীর গর্জনিয়া-কচ্ছপিয়া অংশের এক হাজার ৭০০ ফুট তলদেশ খননকাজ শেষের পথে। বর্ষায় উজান থেকে নেমে আসা ঢলের পানি উপচে জলাবদ্ধতা রোধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করছে। স্থানীয় লোকজন জানান, গত বর্ষায় ঢলের পানি বাঁকখালী নদী দিয়ে রামুর দিকে নেমে যেতে না পারায় তলিয়ে যায়। ফুঁসে ওঠে পুরো গর্জনিয়া ইউনিয়ন। এ সময় নদীর দক্ষিণ অংশের কচ্ছপিয়া ইউনিয়নে ভাঙন দেখা দেয়। বন্যার পানিতে ডুবে নষ্ট হয় দুই তীরের কয়েক হাজার একর জমির ফসল। এলজিইডি সূত্র জানায়, ২০০১ সালে বাঁকখালী নদীর ওপর প্রায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে (বেলতলী-গর্জনিয়া সড়কে) ১৬০ মিটারের গর্জনিয়া সেতুটি তৈরি করা হয়। এর আগে এলাকার মানুষ নৌকা দিয়ে বাঁকখালী নদী পারাপার করতেন। কিন্তু দিন দিন নদী ভরাট হয়ে বর্ষায় আশপাশের গ্রামগুলোতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। গত বর্ষায় পানির তোড়ে হুমকির মুখে পড়ে গর্জনিয়া সেতু। নদী খনন হওয়ায় এখন সেতু ও আশপাশের ১০ গ্রাম বন্যা থেকে রক্ষা পাবে।গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, অতীতের সব রেকর্ড ভঙ্গ করে গত বছরের বন্যায় গর্জনিয়া ইউনিয়ন বন্যার পানিতে ডুবে গিয়েছিল। দুতলা ইউনিয়ন পরিষদ ভবনের অর্ধেক পানিতে ডুবে যায়। এর একমাত্র কারণ বাঁকখালী নদীর তলদেশ ভরাট। এখন নদী খনন করায় ঝুঁকির কবল থেকে সাময়িকভাবে সেতুটি রক্ষা পাবে। কিন্তু উত্তর দিকের জুমছড়ি অংশে নদীর আরও ১০০ ফুট তলদেশ খনন করলে সেতুটি স্থায়ীভাবে রক্ষা পেত। তা ছাড়া খনন অংশ যেন আবার ভরাট না হয় সে জন্য পাথরের ব্লক স্থাপন জরুরি।এলজিইডি রামু উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, সেতু রক্ষায় ও নদী খননের জন্য ৮৩ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়। ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৩০ জুনের মধ্যে পুরো কাজ শেষ হবে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাহ আলমগীর বলেন, বাঁকখালী নদীর অন্তত ৪৫ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এ কারণে ঢলের পানি সহজে কক্সবাজার হয়ে বঙ্গোপসাগরে নেমে যেতে পারছে না। ফলে বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দিচ্ছে। গর্জনিয়ার গুরুত্বপূর্ণ সেতুটি রক্ষার জন্য পরীক্ষামূলকভাবে নদীর তলদেশ খনন করে স্রোতের গতিপথ ভিন্নদিকে প্রবাহিত করা হয়েছে।